অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিদ্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ‘কাহানি’ ছবির শুটিং করতে গিয়ে প্রায় মরতে বসেছিলেন বিদ্যা বালান। কলকাতা মেট্রো স্টেশনে শুটিং চলাকালে ওজন মাপক যন্ত্রের সঙ্গে ধাক্কা খেয়ে প্ল্যাটফর্ম থেকে রেললাইনের ওপর পড়ে যাচ্ছিলেন বিদ্যা। ছবির পরিচালক সুজয় ঘোষ দ্রুত তাঁকে উদ্ধার করায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ‘দ্য ডার্টি পিকচার’ খ্যাত বলিউডের এই অভিনেত্রী। এ প্রসঙ্গে পরিচালক সুজয় ঘোষের উদ্ধৃতি দিয়ে মিডডে জানিয়েছে, ‘শুটিংয়ের সময় যাতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে না পারে, সে জন্য পুরো প্ল্যাটফর্মেই আমাদের নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছিলেন। ছবির একটি দৃশ্যের জন্য প্ল্যাটফর্মে পেছন ফিরে দৌড়ানো শুরু করার কিছুক্ষণ পরে একটি ওজন মাপক যন্ত্রের সঙ্গে ধাক্কা খেয়ে রেললাইনের ওপর পড়ে যাচ্ছিলেন তিনি। এ সময় আমরা দ্রুত তাঁর কাছে ছুটে যাই।’ সুজয় আরও বলেন, ‘সে সময় পড়ে যাওয়ার হাত থেকে তাঁকে রক্ষা না করলে বিদ্যার জীবন হুমকির মুখে পড়ার সম্ভাবনা ছিল। আসলে অভিনয়ের সময় বিদ্যা এতটাই নিমগ্ন ছিলেন যে, তখন আশপাশের সবকিছুকেই ভুলে গিয়েছিলেন। মূলত এ কারণেই এমন ভয়াবহ একটি অবস্থার মুখে পড়তে হয়েছে তাঁকে।’ সুজয় আরও বলেছেন, ‘এ রকম ভয়াবহ একটি ঘটনার পরও পুরোপুরি নির্বিকার ছিলেন বিদ্যা। যেন কিছুই হয়নি এমনভাবে বিদ্যা বলেছেন, “এ যাত্রায় রক্ষা পেয়ে গেলাম। চলুন আবার কাজ শুরু করা যাক।”’ ‘দ্য ডার্টি পিকচার’ ছবির ব্যাপক সাফল্যের পর এখন ‘কাহানি’ ছবিতে অভিনয় করছেন বিদ্যা। ছবিটিতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা যাবে তাঁকে।