অল্পের জন্য বেঁচে গেছেন পাকিস্তানের শীর্ষস্থানীয় সাংবাদিক ও জিয়ো টেলিভিশনের নির্বাহী সম্পাদক হামিদ মির। গতকাল সোমবার তাঁর গাড়ির নিচে উচ্চক্ষমতাসম্পন্ন বোমা পেতে রাখা হয়েছিল। তবে বিস্ফোরিত হওয়ার আগেই সেটি নিষ্ক্রিয় করা হয়। এদিকে হামিদ মিরের গাড়িতে যে বোমা পেতেছে তার ব্যাপারে যিনি তথ্য দিতে পারবেন তাঁকে পাঁচ কোটি পাকিস্তানি রুপি পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। গাড়িতে বোমা রাখার সংবাদ পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হামিদ মিরের বাড়িতে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, বোমাটি বিস্ফোরিত হলে গাড়িটি টুকরো টুকরো হয়ে যেত। পুলিশ জানিয়েছে, প্রায় আধা কেজি ওজনের বোমাটি গাড়ির সামনের দিকে যাত্রীর আসনের (হামিদ মির সাধারণত এই আসনে বসেন) নিচে রাখা হয়েছিল। নগর পুলিশের প্রধান বনি আদম বলেন, হামলাচেষ্টার দায় স্বীকার করে কেউ কোনো বিবৃতি দেয়নি। তবে ধারণা করা হচ্ছে, তালেবান সদস্যরা এটি করে থাকতে পারে।সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হামিদ মির তাঁর কর্মস্থলে যাওয়ার পথে একটি বাজারে গাড়ি থামিয়েছিলেন। তিনি ধারণা করছেন, সম্ভবত তখনই বোমাটি তাঁর গাড়িতে রাখা হয়। পরে আসনের নিচে ধাতব একটি বাক্স দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে বাক্সে ভরা বিস্ফোরক নিষ্ক্রিয় করে। পাকিস্তানে নারীশিক্ষার পক্ষে প্রচারণা চালানো মালালা ইউসুফজাইয়ের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর তালেবান জঙ্গিরা সাংবাদিকদের ওপর আত্মঘাতী বোমা হামলার চেষ্টা চালাচ্ছে বলে গোয়েন্দারা গত মাসে তথ্য পেয়েছিলেন। মালালার ওপর হামলার বিরুদ্ধে জিয়ো নিউজ টেলিভিশন চ্যানেলসহ বিভিন্ন সংবাদপত্রের কলামে জোরালো প্রতিবাদ জানিয়ে আসছেন হামিদ মির। এতে তালেবান জঙ্গিরা তাঁর প্রতি অসন্তুষ্ট হয়। হামিদ মির গতকাল বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েক দিন আগে তালেবানের পাঠানো একটি চিঠিতে তাদের লক্ষ্যবস্তু হিসেবে তাঁর নাম উল্লেখ ছিল। এতে তাঁর প্রাণনাশের হুমকির কথা বলা হয়। হামিদ মির বলেন, ‘সত্য বলা থেকে ওরা আমাদের বিরত রাখতে চায়। তবে আমি তাদের বলতে চাই, আমরা বিচ্যুত হব না।’মানবাধিকার সংগঠন ও বিদেশি পর্যবেক্ষকেরা সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক কর্মস্থলের যে তালিকা করেছেন, তাতে পাকিস্তান শীর্ষে রয়েছে। ২০০০ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে কমপক্ষে ৯০ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। রয়টার্স, বিবিসি ও ডন।