অল্পের জন্য রক্ষা
একই উচ্চতায় একই সময়ে যাত্রীবাহী দুটি উড়োজাহাজকে উড্ডয়নের অনুমতি (ক্লিয়ারেন্স) দেওয়ায় বাংলাদেশের আকাশে বড় ধরনের বিমান দুর্ঘটনার উপক্রম হয়। অল্পের জন্য এয়ার ইন্ডিয়া ও চায়না ইস্টার্নের দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ এড়ানো গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুমিল্লার আকাশে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।এয়ার ইন্ডিয়ার একটি সূত্রের দাবি, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে ক্লিয়ারেন্স দেওয়ার ক্ষেত্রে ভুল ছিল। তবে ঢাকার এটিসির একটি সূত্রের দাবি, এয়ার ইন্ডিয়ার পাইলটেরও ভুল ছিল। এ ব্যাপারে তদন্ত করা হবে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানটি কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারতের মিজোরাম রাজ্যের ল্যাংপুই বিমানবন্দরে যাচ্ছিল। নিয়মানুযায়ী বিমানটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে ঢাকার এটিসি থেকে ক্লিয়ারেন্স নেয়। তখন পাইলট জানিয়েছিলেন, তাঁর বিমানটি আকাশপথের ৩৩ হাজার ফুট উচ্চতায় উড়ছে। তাই ঢাকা এটিসি থেকে ওই উচ্চতায় যাওয়ার অনুমতি দেয়। কিন্তু বাস্তবে এয়ার ইন্ডিয়ার বিমানটি উড়ছিল ৩১ হাজার ফুট উচ্চতায়। আবার কাছাকাছি সময়েই চায়না ইস্টার্নের একটি বিমানও বাংলাদেশের আকাশসীমা প্রবেশের অনুমতি পায়। সেটি চীনের বেইজিং থেকে জাপানের টোকিও যাচ্ছিল। সেটাকে ঢাকার এটিসি থেকে ৩১ হাজার ফুট উচ্চতায় চলাচলের অনুমতি দেয়।এ অবস্থায় দুপুর ১২টার দিকে ত্রিপুরার কাছাকাছি কুমিল্লার আকাশে এয়ার ইন্ডিয়ার পাইলট দেখতে পান, একই উচ্চতায় আরেকটি বিমান আসছে। তিনি সঙ্গে সঙ্গে আগরতলার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। সেখান থেকে তাঁকে ঢাকায় এটিসির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এরপর ওই পাইলট ঢাকায় যোগাযোগ করে জানতে পারেন, চায়না ইস্টার্নের বিমানকে ৩১ হাজার ফুটে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে এয়ার ইন্ডিয়ার বিমানটি ৩৩ হাজার ফুটে চলে যায়। এয়ার ইন্ডিয়ার সূত্রটি জানায়, এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে বিমান দুটির মুখোমুখি সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে।জানতে চাইলে ঢাকার স্টেশন এয়ার ট্রাফিক কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, এ রকম একটা পরিস্থিতির কথা তিনিও শুনেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে। পাইলট এবং ওই সময়ে দায়িত্ব পালনকারী ট্রাফিক নিয়ন্ত্রকের কথোপকথন ধারণ করা আছে। কার ভুলে এমনটা হয়েছে, বের করা সম্ভব। তিনি বলেন, ‘পাইলটের ভুল হলে তা এয়ার ইন্ডিয়াকে লিখিতভাবে জানিয়ে দেব। আর আমাদের ট্রাফিক কন্ট্রোলারের ভুল হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’