অল্পের জন্য রক্ষা পেলেন হামিদ মির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক, জিয়ো টিভির উপস্থাপক ও নির্বাহী সম্পাদক হামিদ মির আজ সোমবার এক প্রাণঘাতী হামলার চেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। পুলিশ ও তাঁর টিভি চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরক নিষ্ক্রিয়কারীদের একটি দল আজ ইসলামাবাদে মিরের গাড়িতে পেতে রাখা বোমাটি শনাক্ত করে নিষ্ক্রিয় করে দিয়েছে।জিয়ো নিউজের বরাত দিয়ে ‘দ্য ডন’-এর খবরে বলা হয়েছে, হামিদ মির কাজ শেষে ইসলামাবাদে তাঁর বাসায় ফেরার পথে একটি বাজারে থেমেছিলেন। ধারণা করা হচ্ছে, সেখানেই তাঁর গাড়িতে বোমাটি পাতা হয়।শহর পুলিশের প্রধান বনি আমিন জানান, মিরের গাড়ির সামনের সারির আরোহীর আসনের পেছনে একটি ধাতব বাক্সে ভরে বোমাটি পেতে রাখা হয়েছিল। বাক্সটি দেখার পর পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়। জিয়ো নিউজের খবরে বলা হয়েছে, বোমা নিষ্ক্রিয়কারী দলটি আধা কিলোগ্রাম ওজনের বিস্ফোরকটি সাফল্যের সঙ্গে অপসারণ করেছে। বেনি আমিন জিয়ো নিউজকে বলেন, ‘ওটা ছিল একটি টিনের বাক্স। একটি ডেটোনেটরের সঙ্গে আধ কেজি বিস্ফোরক পুরে রাখা হয়েছিল।’পাকিস্তানের স্কুলছাত্রী মালালা ইউসুফজাইয়ের ওপর তালেবানের হামলার পর হামিদ মির এ নিয়ে বিস্তর লেখালেখি করেন। এরপর গত মাসে তালেবানরা তাঁর জীবননাশের হুমকি দিয়েছিল।গোয়েন্দা কর্মকর্তারা জানান, গত মাসে তাঁরা তালেবানদের একটি বার্তা উদ্ধার করেন। তা থেকে জানা গেছে, জিয়ো নিউজের কয়েকজন শীর্ষস্থানীয় সাংবাদিককে হত্যায় আত্মঘাতী বোমা হামলাকারীদের নিয়োগ করা হয়েছে।