অল্পের জন্য সশস্ত্র হামলা থেকে বাঁচলেন সালমান!
মারকুটে স্বভাবের জন্য বলিউডের খানদের পরিচয়ে সিল ছাপ্পর ভালোই পড়েছে। বলিউডের অভিনেতা সালমান খান এ দিক দিয়ে এক কাঠি সরেস। অথচ সেই সালমান খানের উপরই কিনা হামলা চালাতে যাচ্ছিল একদল সশস্ত্র হামলাকারী! সম্প্রতি দিল্লির একটি হোটেল বারে এমন চাঞ্চল্যকর ঘটনাই ঘটতে যাচ্ছিল। হোটেল কর্তৃপক্ষের দূরদর্শিতার জন্য অল্পের জন্য এ হামলা থেকে বেঁচে গেছেন সালমান খান। দিন কয়েক আগে বন্ধু স্থানীয় একজন চিত্রপরিচালকের ছবির প্রচারণার কাজে এসে দিল্লির একটি হোটেলে উঠেছিলেন সালমান খান। সন্ধ্যায় হোটেলটির বারে এক নারী ভক্তের প্রেমিকের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন সালমান। সালমানের উপরে রেগে প্রেমিকপ্রবর বার ছেড়ে চলে গেলেও, ঘণ্টা খানেক পরে আবারও সালমানের খোঁজে বেশ কয়েকজন সশস্ত্র সঙ্গী-সাথিসহ ফিরে আসেন সেখানে। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। পরিস্থিতি বেগতিক বুঝে হোটেল কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে সালমান ও তাঁর ভাইকে তাঁদের কামরায় ঢুকে যেতে বলেন। এদিকে কর্তৃপক্ষের পরামর্শে সঙ্গে সঙ্গেই নিজেদের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন সালমান। এক পর্যায়ে তাঁকে খুঁজে বের করতে মরিয়া সশস্ত্র হামলাকারীরা হোটেলের সবগুলো কামরার দরজাতেই ধাক্কা দিয়ে সালমানের খোঁজ করতে থাকে। এ সময় ভীত সন্ত্রস্ত সালমান তাঁর বন্ধু স্থানীয় নির্মাতাকে ফোন করে তাঁকে এই বিপদের হাত থেকে উদ্ধার করতে বলেছিলেন কিন্তু তখন মুম্বাইয়ে অবস্থান করায় অপারগতা প্রকাশ করেন ঐ নির্মাতা। পরিস্থিতি সামলাতে এক পর্যায়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেবেন বলে ভয় দেখান হামলাকারীদের। এদিকে সালমানকে শেষ পর্যন্ত খুঁজে না পেয়ে হোটেল থেকে চলে যায় তারা। তবে যাবার আগে সশস্ত্র হামলাকারীরা হোটেলে ভাঙচুর চালায়।