অশরীরী-বাস্তব ফারাহ রুমা!
‘কয়েকটি অমীমাংসিত গল্প’ ধারাবাহিক নাটকে অশরীরী ও বাস্তব—এ দুই চরিত্রে অভিনয় করলেন ফারাহ রুমা। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘এর আগে বেশ কয়েকটি নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। কিন্তু এবার যে ধারাবাহিকটিতে একই সঙ্গে অশরীরী ও বাস্তবের দুটি চরিত্রে অভিনয় করেছি, সে রকম আগে কখনো করা হয়নি।’এ মাসের মাঝামাঝি সময়ে টানা ২০ দিন ধরে শুটিং করে চারটি পৃথক গল্প নিয়ে নির্মিত নাটকটির কাজ শেষ করেছেন রুমা। নতুন এই ধারাবাহিকটির নাম কয়েকটি ‘অমীমাংসিত গল্প’। চারটি গল্প নিয়ে নির্মিত ধারাবাহিকটির তিনটিতেই দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে চারটি গল্পের একটিতে শুধু অশরীরী চরিত্রে দেখা যাবে তাঁকে।ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন অহিদুজ্জামান ডায়মন্ড। কয়েকটি অমীমাংসিত গল্প নাটকের চারটি পৃথক গল্প হচ্ছে ‘পরি রানীর ঘাট’, ‘এক জেলেবধূর কাহিনি’, ‘আমনুরা জংশন’ ও ‘এক রাজপ্রাসাদের গল্প’।ফারাহ রুমা বলেন, ‘আমাদের সবার জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটে থাকে। ধারাবাহিক চারটির গল্পগুলোর মধ্য দিয়ে সেগুলোই তুলে ধরা হয়েছে।’কাহিনি প্রসঙ্গে ফারাহ রুমা বলেন, ‘কয়েকটি অমীমাংসিত গল্প নাটকের চারটি গল্পই আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আমি এ পর্যন্ত যতগুলো নাটকে অভিনয় করেছি, তার মধ্যে এই ধারাবাহিকের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চ অভিনয়ের। জানি না কতটা করতে পেরেছি।’এদিকে আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ‘রক্তজবা ও একটি অমীমাংসিত প্রশ্ন’ নামের একটি খণ্ড নাটকের শুটিং করছেন ফারাহ রুমা। এ নাটকে অভিনয় করছেন আজিজুল হাকিম, শাহরিয়ার শুভ প্রমুখ। রুমা জানিয়েছেন, পয়লা বৈশাখের একটি নাটকের কাজও করেছেন তিনি। অভিনয়শিল্পী শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় নাটকটির নাম ‘কন্ট্রাক্ট’।