অশান্তি কাটিয়ে উঠছে ওয়াসার ‘শান্তি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওয়াসার উৎপাদিত ও বাজারজাত করা বোতলজাত পানির ব্র্যান্ড নাম ‘শান্তি’। কিন্তু এই পানি নিয়ে খোদ ওয়াসা কর্তৃপক্ষ আর ক্রেতাসাধারণের যে অস্বস্তি ও ভোগান্তি পোহানোর অভিজ্ঞতা, তাকে ‘অশান্তি’ বললে বাড়িয়ে বলা হবে না। সুলভে বিশুদ্ধ পানীয় জল কিনতে আগ্রহী ভোক্তার এবং নিশ্চয়ই ওয়াসারও জন্য আনন্দের খবর হচ্ছে, নানা সমস্যা ও বাধা কাটিয়ে উঠে বাজারে নিয়মিত মিলছে ‘শান্তি’। কর্তৃপক্ষের কিছু ইতিবাচক পদক্ষেপের কারণে ছয় মাস ধরে ‘শান্তি’ বিক্রি করে লাভের মুখও দেখছে ওয়াসা।যেসব সমস্যা ‘শান্তি’কে ক্রেতাদের নাগালের বাইরে রাখত, সেগুলোর মধ্যে রয়েছে সরবরাহের অভাব, ক্ষমতার চেয়ে কম উৎপাদন, যান্ত্রিক সীমাবদ্ধতা ও প্রচারের অভাব। এসব সমস্যার সমাধান এখনই না হলেও পরিস্থিতির উন্নতি হয়েছে।ওয়াসার এ বোতলজাত পানি সম্পর্কে রাজধানীর অনেক এলাকার মতো শান্তিনগর মোড়ের দোকানি রশিদুল হকও বললেন, ‘আগে ইচ্ছা থাকলেও আমরা “শান্তি” পেতাম না। কারণ সরবরাহ ছিল না। ক্রেতারা না পেয়ে বিরক্ত হতো—এ নিয়ে অশান্তি হতো। এখন “শান্তি” পাওয়া যায় এবং আগে আগে শেষও হয়ে যায়। কারণ, দাম অন্যগুলোর চেয়ে কম, মানও বোধহয় ভালো।’দেড় বছর আগেও ‘শান্তি’ প্রকল্পে প্রতি মাসে গড়ে ৩০ লাখ টাকা লোকসান গুনতে হতো। গত ছয় মাসে লোকসান কাটিয়ে লাভ হচ্ছে।ওয়াসার সংশ্লিষ্ট বিভাগের দেওয়া হিসাবে দেখা যায়, ছয় মাসে শান্তি উৎপাদনে খরচ হয়েছে এক কোটি ৮৮ লাখ টাকা। আর বিক্রি করে পাওয়া গেছে এক কোটি ৯১ লাখ টাকা।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে মিরপুরে ওয়াসার এ বোতলজাত পানির কারখানা নির্মিত হয়। ২০০৬ সালের ৩০ জুলাই উদ্বোধনের পর সেপ্টেম্বরে এটি বাজারে আসে। কিন্তু ঢাকা এবং এর আশপাশে মাত্র নয়জন পরিবেশক নিয়োগ করে এই পানি বাজারজাত করা হতো। চাহিদা থাকলেও বাইরের মানুষ দূরে থাক, ঢাকার বাসিন্দাদেরও অনেকে ‘শান্তি’র নাগাল পেতেন না। এখনো এটি বেসরকারি প্রতিষ্ঠানের উৎপাদিত ব্র্যান্ডের মতো সহজলভ্য নয়। শান্তির এত দিনের এই ব্যর্থতার জন্য কর্তৃপক্ষের আন্তরিকতার অভাব এবং ওয়াসারই কিছু লোকের দুর্নীতিকে দায়ী করা হয়।অবহেলা ও উদাসীনতার ইতিহাস: খোলাবাজারে সরবরাহে শৈথিল্যের পাশাপাশি সুযোগ থাকলেও সরকারি প্রতিষ্ঠানের অনুষ্ঠানেও ‘শান্তি’র ব্যবহার নিশ্চিত করা হয়নি। এমনকি ওয়াসার অভিভাবক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অনুষ্ঠানেও অনেক সময় বেসরকারি প্রতিষ্ঠানের বোতলজাত পানি ব্যবহূত হতো। ওয়াসার সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি অনুষ্ঠানে ‘শান্তি’কে বাধ্যতামূলক করার জোর চেষ্টা কখনোই করা হয়নি। বিভিন্ন সংস্থায় গৎবাঁধা চিঠি পাঠিয়েই দায় সারা হতো।২০০৮ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত শান্তির কারখানার কোনো বিমাই ছিল না। সরকারি কোম্পানির বিমার মেয়াদ শেষে আর তা নবায়ন করা হয়নি। ওয়াসার সংশ্লিষ্ট সূত্র বলেছে, মন্ত্রণালয় ও ওয়াসার একটি চক্রের উদ্দেশ্য ছিল বেসরকারি একটি বিমা কোম্পানিকে স্থায়ীভাবে সুযোগ দেওয়া। তবে, শেষ পর্যন্ত সরকারি প্রতিষ্ঠান সাধারণ বীমায় বিমা করানো হয়।ষড়যন্ত্রের অভিযোগ: ২০০৮ সালের শুরুতে ‘শান্তি’র পাঁচ লিটারের বোতল বের হয়। কিন্তু এর ঠিক আগে আগে হঠাৎ যান্ত্রিক সমস্যা দেখা দিলে ওয়াসার কারখানা বন্ধ রাখা হয়। এ সময় একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকেও পাঁচ লিটারের বোতল বের করা হয়। ‘শান্তি’র কারখানা বন্ধ থাকার সময় বেসরকারি প্রতিষ্ঠানটি পাঁচ লিটারের বোতল বাজারজাত করে ফেলে। এরপর ‘শান্তি’র ওই যন্ত্র ঠিক হয় বলে ওয়াসার দায়িত্বশীল সূত্র জানায়। এ কাজে ওয়াসার কিছু লোকের জড়িত থাকার অভিযোগ থাকলেও ঘটনার কোনো তদন্ত হয়নি।চাহিদা সত্ত্বেও কম উৎপাদন: ‘শান্তি’র কারখানায় প্রতিদিন বিভিন্ন আকারের ৪২ হাজার বোতল পানি উৎপাদন করা সম্ভব হলেও আগে গড়ে মাত্র ছয় হাজার বোতল পানি উৎপাদন করা হয়েছে। ওয়াসার সূত্রমতে, দায়িত্বশীল ব্যক্তিদের নির্লিপ্ততাই এ জন্য দায়ী। অথচ পানির ভয়াবহ সংকটের মধ্যে বাজারে বেসরকারি প্রতিষ্ঠানের বোতলজাত পানি রমরমা ব্যবসা করে আসছে। বোতলজাত পানি প্রকল্পের ব্যবস্থাপক ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে এম রবিউল কাইজার প্রথম আলোকে বলেন, ‘উৎপাদন আগের চেয়ে পাঁচ গুণ বাড়ানো হয়েছে। এখন প্রতিদিন ২০ হাজার লিটার পানি উৎপাদিত হয়। এক থেকে দেড় মাসের মধ্যে উৎপাদন ৩০ হাজার লিটার করার প্রচেষ্টা চলছে। পর্যায়ক্রমে পুরো ক্ষমতা কাজে লাগানো হবে। কারণ, প্রতিদিন চাহিদা বাড়ছে।’বেড়েছে দামও: উৎপাদনের সঙ্গে সঙ্গে ‘শান্তি’র দামও বাড়ানো হয়েছে। বলা হচ্ছে, বোতলের মান বাড়ানোসহ উৎপাদন খরচ বাড়াই মূল্যবৃদ্ধির কারণ। বর্তমানে আধা লিটারের বোতল ১০ টাকা, এক লিটারের ১৪ টাকা, দেড় লিটারের ১৮ টাকা, দুই লিটারের ২১ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৫০ টাকা করা হয়েছে। আগে ছিল যথাক্রমে ৯, ১২, ১৬, ২০ ও ৩৬ টাকা। প্রকল্পের ব্যবস্থাপক জানান, এর পরও বাজারের অন্য বোতলজাত পানির তুলনায় দাম কম। তার ওপর এটি ‘১০০ ভাগ বিশুদ্ধ’।এখন সমস্যা বিদ্যুৎ: বোতলজাত পানির কারখানায় একবার বিদ্যুৎ গেলে পানি বিশুদ্ধকরণ যন্ত্র শীতল হয়ে যায়। বিদ্যুৎ আসার পর আবার তা গরম করতে দু-তিন ঘণ্টা লাগে। লোডশেডিং বা বিদ্যুৎ-বিভ্রাটের কারণে প্রায়ই উৎপাদন বিঘ্নিত হয়। উৎপাদন অব্যাহত রাখতে ‘শান্তি’র কারখানায় একটি গ্যাস জেনারেটর বসানো হয়েছে। তবে, এটি চালুর জন্য তিতাসের কাছ থেকে এখনো গ্যাস পাওয়া যায়নি। গ্যাস পেলে কারখানা ছাড়াও লোডশেডিংয়ের সময় সেখানকার পানির পাম্পও চালানো যাবে।এগিয়ে নিতে উদ্যোগ: ওয়াসার সূত্রমতে, আগে যেখানে মাত্র নয়জন পরিবেশক ছিলেন, এখন হয়েছেন ৩২ জন। সামনে রাজধানীর ৪১টি থানায় এবং পর্যায়ক্রমে রাজধানীর বাইরেও পরিবেশক নিয়োগ করা হবে। কিছু বিক্রয় প্রতিনিধিও থাকবে। এ ছাড়া আরও প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। দায়িত্বশীল সূত্র ও একাধিক পরিবেশক অভিযোগ করেন, ‘শান্তি’র প্রচারের জন্য ওয়াসার জোরালো কোনো উদ্যোগ ছিল না। পরিবেশকদের নিজস্ব উদ্যোগে পানি সংগ্রহ করতে হতো। ঢাকার বাইরে কখনোই ওয়াসার গাড়ি যেত না। অথচ বেসরকারি কোম্পানিগুলো নিজেদের উদ্যোগেই সব সময় পানি পৌঁছে দেয়। ‘শান্তি’ নিয়ে বেতার-টেলিভিশনেও তেমন প্রচার নেই। এটা বাড়ানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।