সংসদ অধিবেশন
অশালীন বক্তব্য বন্ধে আইন নয়, সাংসদদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন: স্পিকার
স্পিকার আবদুল হামিদ বলেছেন, সংসদ অধিবেশনে সাংসদেরা যে অশালীন ভাষায় বক্তব্য রাখেন তা আইন করে বন্ধ করা যাবে না। এর জন্য সাংসদদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। তিনি এ বিষয়ে উদাহরণ দিয়ে বলেন, ‘আইন তো আছে খুন করলে ৩০২ ধারায় অপরাধ, এর শাস্তি হলো মৃত্যুদণ্ড। এর পরও মানুষ এটা করে। ডাকাতি করলে, চুরি করলে বিধান আছে। এর পরও তো সেটা হচ্ছে। এখানে বিধান যেমন দরকার আছে পাশাপাশি মন-মানসিকতার পরিবর্তনেরও দরকার আছে।’ আজ শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় কমনওয়েলথ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, ‘আমার যা ক্ষমতা আছে তার থেকে এরাই (সাংসদ) ইচ্ছা করলে তো আমাকে (সংসদ থেকে) আউট করে দিতে পারে। সে ভয় যদি আমার থাকত তাহলে কি আমি এ ব্যবস্থা নিতাম। এর ভয় আমি করি না। আই অ্যাম রেডি টু গো। দ্যাট, ডেপুটি স্পিকার উইল কাম। বাট দ্যা হাউস উইল রান।’ তবে কি সংসদ এভাবে চলবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করি গতকাল (বৃহস্পতিবার) যেভাবে চলছে সেভাবে চলবে।