অশিক্ষিত চালকদেরও লাইসেন্স দেওয়া দরকার: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বাস্তবতা হলো দেশে চালকের সংকট আছে। আর এই বাস্তবতার ভিত্তিতে অশিক্ষিত চালকদেরও লাইসেন্স দেওয়া দরকার। কারণ, তারা সিগনাল চেনে, গরু-ছাগল চেনে, মানুষ চিনে। সুতরাং তাদের লাইসেন্স দেওয়া যায়।’ আজ বৃহস্পতিবার নৌ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।পেশাদার লাইসেন্স পেতে হলে পুলিশি সত্যাসত্য যাচাই লাগে, নানান আনুষ্ঠানিকতা করতে হয়। চোর না ডাকাতকে লাইসেন্স দেওয়া হচ্ছে, সেটা কে ঠিক করবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, ‘আমরা চালকদের চিনি। তারা ভালো না খারাপ আমরা তা জানি। যেমন আমি মাদারীপুর ইউনিয়নের সব চালককেই তো চিনি।’ মন্ত্রী বলেন, ন্যূনতম পরীক্ষা নেওয়ার কথা তারাও বলেন, তবে বিআরটিএ সেটা নেয় না। একই সঙ্গে মন্ত্রী বলেন, সব দুর্ঘটনার জন্য চালকদের ঢালাওভাবে দায়ী করবেন না। টক শোতে নৌমন্ত্রীর বিরুদ্ধে যাঁরা কথা বলেন তিনি তাঁদের তাঁর সামনে এসে কথা বলার পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন? আমার নৈতিকতা খুবই উন্নত।’সংবাদ সম্মেলনের একপর্যায়ে এক সাংবাদিক শাজাহান খানকে ২০০১ সালে নির্বাচনের আগে আওয়ামী লীগ থেকে না পেয়ে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছেন কি না, এমন প্রশ্ন করলে তিনি ক্ষিপ্ত হয়ে বেরিয়ে যান।