অশীতিপর আয়মান বেগমের সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার একটি সহকারী জজ আদালতে বসে আছি মামলার শুনানির জন্য। পেছনের সারিতে বসে আছেন এক বৃদ্ধা। ভালোভাবে নড়তে-চড়তে পারেন না। বয়সের ভারে কুঁজো হয়ে গেছেন। চোখের মধ্যে ছানি। মুখে, হাতে, পায়ের চামড়াগুলোতে যেন কেঁচো গড়িয়ে যাচ্ছে। বয়সের ভারে যৌবন হারানো চামড়াগুলোতে অজস্র ভাঁজ। কথা বলতে পারেন না ঠিকমতো। মুখের কথা জড়িয়ে আসে। খুব আগ্রহী হয়ে তাঁর সম্পর্কে জানতে চাইলাম এক আইনজীবীর কাছে। জানলাম, আজ তাঁর সাক্ষ্যের দিন ধার্য আছে। কিছুক্ষণের মধ্যেই আয়মান বেগমের আইনজীবী শুনানির জন্য দাঁড়ালেন। আইনজীবী বলতে লাগলেন, ‘দেখুন মাননীয় আদালত, এই বৃদ্ধার দিকে তাকান। ৯০ বছরের তিনি। এসেছেন সাভার থেকে। এ নিয়ে চারবার এসেছেন সাক্ষ্য দিতে। কিন্তু প্রতিপক্ষের বিজ্ঞ আইনজীবী বারবার সময় নিচ্ছেন। এই বৃদ্ধের দিকে তাকিয়ে উনার সাক্ষ্য আজ ক্লোজ (সমাপ্ত) করে দিন। সাভার থেকে প্রতি তারিখে আসা এই বয়োবৃদ্ধের জন্য কষ্টকর।’ আদালত যেন কয়েক মিনিট ভাবলেন। বললেন, ঠিক আছে, সাক্ষ্য সমাপ্ত করে দেওয়া যেতে পারে। তখনই একজন নবীন আইনজীবী বলে উঠলেন, ‘মাননীয় আদালত, আমার সিনিয়র আসছেন, এখনই উনার সাক্ষ্য হবে।’আদালত বললেন, আপনার সিনিয়রকে বলুন ১০ মিনিটের মধ্যে আসতে। এর মধ্যে আমি পেছনের সারিতে গিয়ে বৃদ্ধার সঙ্গে কথা বলতে চাইলাম। ভালোভাবে কথা বোঝা যাচ্ছিল না। এই বৃদ্ধাকে নিয়ে এসেছেন তাঁর এক ভাগনে। এই ভাগনেই পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামা সম্পন্ন করেছেন বৃদ্ধার পক্ষে এবং মামলাটি করেছেন। বৃদ্ধার ভাগনের সঙ্গে কয়েক মিনিট কথা হলো। জানতে পারলাম মামলাটি হয়েছে দলিল বাতিলের প্রতিকার চেয়ে।১৯৭২ সালে আয়মান বেগমের স্বামী মারা যান। তখন তাঁর স্বামীর সম্পত্তিতে তিনি ওয়ারিশ হন। তাঁর এক ছেলে প্রতিবন্ধী। তাই দেখভাল করতে পারেন না ঠিকমতো। এই বিশাল সম্পত্তিতে চোখ পড়ে তাঁর ভাইয়ের ছেলের। ভাইয়ের ছেলে ১৯৭৫ সালের দিকে তাঁর সম্পত্তির কিছু অংশ নিজের নামে লিখিয়ে নেয়। আয়মান বেগম তখন কিছুই জানতেন না। দিন কাটতে থাকে। ১০-১২ বছর পরে কথায় কথায় এ জায়গাজমি তাঁর ভাইয়ের ছেলে দাবি করতে থাকে। কিন্তু আয়মান বেগম এসব দুষ্টুমি ভেবে উড়িয়ে দিতেন। কিন্তু অবশেষে সব খোলসা হতে থাকে। ১৯৯৪ সালে এসে আয়মান বেগম তাঁর সম্পত্তির কিছু অংশ বিক্রি করতে চান। তখন তাঁর বোনের ছেলেকে আমমোক্তার করে দেন। যখন দলিল রেজিস্ট্রি করতে যাবেন, তখন দেখেন যে এ জমি তাঁর বোনের ভাইয়ের ছেলের নামে। তখন বোনের ছেলের শলাপরামর্শে দলিল বাতিলের মামলা করেন ১৯৯৫ সালে। ১৯৯৫ সালের মামলাটি এখন এসে সাক্ষ্য হচ্ছে। ঘটনা জানতে জানতে প্রতিপক্ষের আইনজীবী এসে হাজির হলেন। সাক্ষীর কাঠগড়ায় ওঠানো হলো আয়মান বেগমকে। শুরু হলো সাক্ষ্য। দীর্ঘ ৪০ মিনিট চলল প্রতিপক্ষের জেরা। এই ৪০ মিনিট ধরে ৯০ বছরের বয়স্কা দাঁড়িয়ে রইলেন কাঠগড়ায়। দাঁড়ানো অবস্থায় অনবরত কাঁপছিলেন তিনি। দুজন আইনজীবী দুই পাশ থেকে ধরে রাখলেন তাঁকে। জেরাতে শুরু হলো তুমুল প্রশ্ন। প্রশ্নের পর প্রশ্নে জর্জরিত করা হলো। মাঝেমধ্যে চুপচাপ, মাঝেমধ্যে কিছুই যেন শুনছেন না। মাঝেমধ্যে দুই চোখ বেয়ে অশ্রু ঝরছিল। বৃদ্ধার পক্ষের আইনজীবী বারবার বলছিলেন সাক্ষ্য সংক্ষিপ্ত করা হোক। প্রতিপক্ষের আইনজীবী বলেন, মামলার সুষ্ঠু বিচারের জন্য আরও প্রশ্ন করা দরকার। একজন বৃদ্ধা সাক্ষ্য দিচ্ছেন, কষ্ট করে অসুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছেন, এর চেয়ে বড় হয়ে দাঁড়াল মামলার প্রমাণাদি। অস্পষ্ট উচ্চারণের কথামালা থেকে কিছু বিষয় উদ্ধার করতে পারলাম। আয়মান বেগমের বাবা-মা মারা গেছেন ছোটবেলায়। এর পর থেকে খালাম্মার কথায় কিছু ক্লাস পর্যন্ত পড়েছেন তিনি। ছোটবেলায় বিয়ে দিয়ে দেন খালাম্মা। পাঁচ বছর পর এক সন্তানের জননী হন তিনি। নানার সম্পত্তিরও কিছু অংশ মা-বাবাহারা নাতনিকে লিখে দেওয়া হয়। স্বামী মারা যান। এর পর থেকে শুরু হয় যুদ্ধজীবন। ছেলেটি প্রতিবন্ধী। ছেলেটিও এখন বৃদ্ধের কোটায়। আমমোক্তার করে দেওয়া তাঁর বোনের ছেলেই তাঁর দেখাশোনা করে। পরে জানতে পারি, এ বোন তাঁর সৎবোন। প্রতিপক্ষের আইনজীবী জিজ্ঞেস করছেন—‘আপনার ভাগনে তো মিথ্যা মিথ্যা মামলা করিয়েছে আপনাকে দিয়ে। আপনার সব জমিজমা আপনার ভাগনে দখল করতে চায়। আপনি কি জানেন?’বৃদ্ধা আয়মান বেগম চুপ করে থাকেন। কিছু বলেন না। আইনজীবী জিজ্ঞেস করেন—‘আপনি নিজে আপনার ভাইয়ের ছেলেকে জমি লিখে দিয়েছেন। এই দেখেন আপনার স্বাক্ষর।’—আয়মান বেগম বলেন, ‘আমি কারও কাছে বেছি নাই।’এভাবে প্রশ্নের পর প্রশ্ন চলছিল। জেরায় প্রশ্নের জবাবের মধ্য থেকে একটি বিষয় স্পষ্ট হওয়া গেল। এখানে বৃদ্ধা আয়মান বেগমকে নিয়ে নিছক খেলা হচ্ছে। এই বৃদ্ধাকে জমিজমা বাগানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাঁর জায়গাজমিতে লোভ পড়েছে দুই পক্ষেরই। বৃদ্ধাকে ভুলিয়ে-ভালিয়ে মামলা করা হয়েছে। এমনও হতে পারে, প্রতিপক্ষ কোনো জাল দলিল করে মালিকানা দাবি করছে। আর এদিকে আমমোক্তারনামা করে তাঁর নিকটাত্মীয়রা এ জমি দখলে নিতে চাইছে। তাঁর ছেলে যেহেতু প্রতিবন্ধী, তাই বৃদ্ধা মারা গেলে স্বার্থান্বেষী চক্রেরই সব। বিষয়টা স্পষ্ট হলেও মামলাটি আদালতে বিচারাধীন। অনেক কষ্ট করে সাক্ষ্য দিলেন এই বৃদ্ধা। তিনি হয়তো বুঝতেই পারছেন না আসলে ঘটনা কী হচ্ছে—তাঁকে বুঝিয়ে-শুনিয়ে নিয়ে আসা হচ্ছে প্রতি তারিখে। কিন্তু জীবনের শেষ লগ্নে এসে আয়মান বেগম শান্তি পাচ্ছেন না এতটুকু। তাঁকে টাকা আর জমিজমা হাতিয়ে নেওয়ার জন্য বলি বানানো হচ্ছে। এমন আয়মান বেগম একজন নয়, শত শত আছেন, যাঁদের সুখ-শান্তির দিকে না তাকিয়ে তাঁদের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়ার জন্য কিছু ধূর্ত মানুষ মরিয়া হয়ে আছে। এমন আয়মান বেগমেরা আদালতে এসে ৪০ মিনিট ধরে কাঁপা কাঁপা পায়ে ভর দিয়ে সাক্ষ্য দিয়ে যাচ্ছেন। অথচ তাঁরা জানেন না তাঁদের এখানে কী স্বার্থ? তাঁদের এখানে বিচারের কী প্রাপ্তিযোগ? কারও কারও কাছে এক টুকরো জমি যে এমন অশীতিপর মৃত্যুপথযাত্রী আয়মান বেগমদের চেয়ে অনেক দামি...!পাদটীকা: সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৯ ধারা অনুযায়ী দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করা যায়। এ ধারা অনুযায়ী, প্রতিকার পেতে হলে যেগুলো বিবেচনা করতে হয়, তা হলো: ১. দলিলটি বাতিল বা বাতিলযোগ্য। ২. দলিলটি বাতিল ছাড়া বাদীর ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। ৩. আদালত ন্যায়বিচারের স্বার্থে তা বাতিল করতে পারেন। তামাদি আইন অনুসারে যেদিন ঘটনা জানা হয়, সেদিন থেকে তিন বছরের মধ্যে মামলা দায়ের করতে হয়।[email protected]