ঢাকা শহরের অলিগলি কিংবা রাস্তায় দেখা যায় বাংলা অশুদ্ধ বানানে লেখা বিভিন্ন পোস্টার, সাইনবোর্ড, বিলবোর্ড। যেমন—সৌন্দর্য্য, কার্য্যালয়, ষ্টাফ বাস, ষ্টেশন, ফাষ্ট ফুড, রেষ্টুরেণ্ট, হোষ্টেল, ষ্টার কাবাব, ফটোষ্ট্যাট, প্লাই কর্ণার ইত্যাদি। বিমানবন্দরের কাছে বলাকা কার্যালয়ের নাম লেখা হয়েছে ‘বলাকা কার্য্যালয়’। অথচ রেফ-এর পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হয় না। শুদ্ধ বানান হলো সৌন্দর্য ও কার্যালয়। এত বড় একটি প্রতিষ্ঠানের নামের ফলক যদি অশুদ্ধ বানানে লেখা হয় তাহলে রাস্তার মোড়ের দোকানের সাইনবোর্ডের অবস্থা কী হবে তা সহজেই অনুমেয়। আবার বিদেশি ভাষা বিশেষ করে ইংরেজি ভাষা থেকে আগত শব্দে কখনো ণ, ষ হয় না। কিন্তু ঢাকা শহরের প্রায় সবখানে দেখা যায় কর্নারের জায়গায় ‘কর্ণার’, স্টাফ বাসের জায়গায় ‘ষ্টাফ বাস’, স্টেশনের জায়গায় ‘ষ্টেশন’, ফাস্ট ফুডের জায়গায় ‘ফাষ্ট ফুড’, রেস্টুরেন্টের জায়গায় ‘রেষ্টুরেণ্ট’, ফটোস্ট্যাটের জায়গায় ‘ফটোষ্ট্যাট’, স্টারের জায়গায় ‘ষ্টার’ লেখা।রাস্তার দুই পাশে এসব অশুদ্ধ বানানে লেখা দেখে বাচ্চারা ভুল বানান শিখছে, আবার অনেক সময় আমরা বড়রাও বিভ্রান্ত হই। যেমন, ঢাকার কারওয়ান বাজার এলাকায় দেখা যায়, একই ভবনের ঠিকানা সাইনবোর্ডে দ্বিতীয় তলায় ‘কারওয়ান বাজার’ লেখা আবার হয়তো তৃতীয় তলায় সাইনবোর্ডে ‘কাওরান বাজার’ লেখা। তাই বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের কাছে অনুরোধ, আপনাদের প্রতিষ্ঠানের সাইনবোর্ড কিংবা বিলবোর্ডে ঠিকানা লেখার ক্ষেত্রে একটু সচেতন হয়ে শুদ্ধ বানানে লিখুন। কারণ সেটা যদি ভুল বানানে লেখা হয়, তাহলে দিনের পর দিন মানুষ বিভ্রান্ত হবে, ভুলই শিখবে। পোস্টার ও সাইনবোর্ডে শুদ্ধ করে লেখাটাও একটা সৌন্দর্য।নাজমা জেসমিন[email protected]