আর যাতে কোনো অশুভ শক্তি অন্যায়ভাবে ক্ষমতা নিতে না পারে, সে ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার রাতে জাতীয় সংসদে ঐতিহাসিক সাতই মার্চের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, আর যেন কেউ অসাংবিধানিকভাবে ক্ষমতায় এসে মানুষের অধিকার কেড়ে নিতে না পারে, দেশের গণতান্ত্রিক ধারা যাতে অব্যাহত থাকে, এ ব্যাপারে সাতই মার্চের চেতনায় দীক্ষিত হয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘মূলত সাতই মার্চের এ ভাষণটিই ছিল মুক্তিযুদ্ধের প্রেরণা। মুক্তিযুদ্ধের নয় মাস বাঙালি জাতিকে প্রেরণা জুগিয়েছে এ ভাষণ। এ ভাষণ ছিল আমাদের বন্দিদশায় বেঁচে থাকার অবলম্বন।’ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ওই ভাষণে মায়ের অবদানের কথা উল্লেখ করে বলেন, ‘বাবা জনসভায় যাওয়ার আগে সব সময় মা তাঁকে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে বলতেন। ১৯৭১ সালের ৭ মার্চও মা তা-ই করেছিলেন। বড় মেয়ে হিসেবে আমি তখন বাবার মাথায় হাত বুলাচ্ছি। এ সময় মা মোড়া নিয়ে এসে বাবার কাছে বসলেন। মা বললেন, “আজ তোমাকে অনেকে অনেক পরামর্শ দেবে। কিন্তু তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। আজ তোমার মনের ভেতর থেকে যে কথা আসবে, সেটাই বলবে। সেটাই সঠিক হবে”।’স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদে সাতই মার্চের ওপর আলোচনার প্রস্তাব আনেন সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ। স্পিকার আবদুল হামিদ প্রস্তাবটি গ্রহণ করে বলেন, সাতই মার্চের্রঐতিহাসিক ভাষণ ছিল স্বাধীনতার ঘোষণা।আলোচনায় অংশ নিয়ে আমির হোসেন আমু বলেন, সাতই মার্চের ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতি নতুন দেশের মানচিত্র আবিষ্কার করেছিল। স্বাধীনতাযুদ্ধের পুরো নির্দেশনা ছিল ওই ভাষণে। এরপর দেশ স্বাধীনে আর কোনো ঘোষণার প্রয়োজন ছিল না।সুরঞ্জিত্রসেনগুপ্ত বলেন, সাতই মার্চ বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার তারিখ।চিফ হুইপ আব্দুস শহীদ বলেন, সাতই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। রাশেদ খান মেনন বলেন, সাতই মার্চের ওই ভাষণের পর থেকেই বাংলাদেশে আর পাকিস্তানি নেতৃত্ব-কর্তৃত্ব কাজ করেনি। কিন্তু পাকিস্তানিরা তা বুঝতে পারেনি। তিনি বঙ্গবন্ধুর এ ভাষণটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।জাসদের হাসানুল হক ইনু বলেন, ঐতিহাসিক সাতই মার্চ্রছিল জাতির জন্য্র দিকনির্দেশনা। ওই ভাষণে গণতন্ত্র ছিল।শেখ ফজলুল করিম সেলিম বলেন, এ ভাষণ ইতিহাস ও মানচিত্রকে পাল্টে দিয়েছিল।আলোচনায় আরও অংশ নেন সুবিদ আলী ভূঁইয়া, উবায়দুল মুক্তাদির চৌধুরী, আখতারুজ্জামান চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, আবদুল মান্নান, তারানা হালিম, জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার, জাসদের মঈন উদ্দীন খান বাদল।