অশোকা এবং ইউডিআরএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য দেশের কথা বলতে পারব না, তবে বাংলাদেশের ক্রিকেট অনুসারীদের ধারণায়, বহুদিন থেকেই অশোকা ডি সিলভা একজন অসতর্ক আম্পায়ার। তাঁর ভুল সিদ্ধান্তগুলো প্রায়শ তুলনামূলকভাবে দুর্বল দলটির বিপক্ষেই যায়।বাংলাদেশের অশোকা-অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। অশোকাকে আমাদের মনে থাকবে যতটা না তিনি আমাদের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন বলে, তার চাইতে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট জয় থেকে বঞ্চিত করাসহ অনেক ভুল সিদ্ধান্তের জন্য। অবশ্য মানুষ মাত্রই ভুল হয় বিবেচনায় আমরা তাঁর বিরুদ্ধে সোচ্চার হইনি তেমন। তবে সবাই তো আর আমরা না। আইরিশ অধিনায়ক পোর্টারফিল্ড গলা উঁচিয়ে বলেছেন, অশোকা তাঁদের বিশ্বকাপ ম্যাচ হারিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। গ্যারি উইলসনকে ভুল এলবিডব্লু দিয়ে থামিয়ে দিয়েছেন আয়ারল্যান্ডের বিজয়াভিযান। সিদ্ধান্ত শোধরানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাননি বিচারক। আইরিশদের প্রতিবাদে কিছুটা কাজ হয়েছে। আইসিসি খতিয়ে দেখেছে, ব্যাটসম্যানরা অশোকার সিদ্ধান্তে যতবার রিভিউ চেয়েছেন, এর অধিকাংশই বিচারকের বিপক্ষে গেছে। ফলে আপাতত অশোকা ডি সিলভা গুরুত্বপূর্ণ ম্যাচ পাচ্ছেন না। আইসিসির এই অশোকাজনিত সিদ্ধান্ত অশোকার প্রতি আমাদের বদ্ধমূল ধারণারই স্বীকৃতি। আশা করি, দীর্ঘ অবকাশে নিজেকে শুধরিয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ফিরবেন অশোকা।এবারের ‘আম্পায়ার্স ডিসিশন রিভিউ সিস্টেম’ বিশ্বকাপে নির্ভুল সিদ্ধান্ত নিতে যেমন সহায়ক ভূমিকা নিচ্ছে, তেমনি ক্রিকেটারদের মধ্যে খেলার আইনসম্পর্কিত সচেতনতা বহুল মাত্রায় বৃদ্ধি করছে। প্রতিটি রিভিউ একজন আম্পায়ারের ওপর যেমন নিজেকে প্রমাণ করার দায় এনে দেয়, তেমনি প্রতিটি রিভিউ চাওয়ার পেছনে ক্রিকেটারদের বিচক্ষণতা প্রমাণেরও দায় থাকে সীমিত সুযোগ কাজে লাগানোর প্রেক্ষিতে। আর এই ‘ইউডিআরএস’ প্রয়োগ করতে গিয়ে আম্পায়ার-খেলোয়াড়দের মধ্যে সহযোগিতা ও সহমর্মিতা বাড়ছে। উভয়ে চাইছেন আইনের নির্ভুল প্রয়োগে এবং সম্পূর্ণ সুযোগ গ্রহণে যত্নবান হতে। ফলে ক্রিকেটের আইনি ধারা-উপধারার চর্চা বাড়ছে। মাঠের সীমানা ছাড়িয়ে দর্শকের মধ্যেও উৎসাহী বিস্তার ঘটছে বিষয়টির। কমছে সিদ্ধান্তজনিত বিতর্ক। অশোকা ডি সিলভার মতো শুধরানোর সুযোগ না নেওয়ার গোয়ার্তুমি ক্রিকেটের চেতনার সঙ্গে যায় না। ও রকম করা চলবে না। রিভিউ সিস্টেম আম্পায়ারিং সাফল্যে একটি কার্যকর নতুন পরিসংখ্যানের মাত্রা যোগ করেছে। হট স্পটের মতো প্রযুক্তি এর সঙ্গে যুক্ত হলে বিষয়টা আরও নিখুঁত হবে। কী সুন্দরই না শোনাবে, যখন ব্র্যাডম্যান-টেন্ডুলকারের রেকর্ডের মতো আম্পায়ারদের রেকর্ডও আলোচিত হবে। কামনা করি, আমাদের নাদির শাহ অবসরে গেলে কোনো প্রতিবেদন যেন লিখতে পারেন যে তাঁর সিদ্ধান্তের বিরুদ্ধে চাওয়া রিভিউ আবেদনের ৯৯.৯৪ শতাংশ ফলাফল বিচারকের পক্ষে গেছে।