অশ্রদ্ধার অনলে ইতিহাসের অমূল্য উপাদান
কক্সবাজারের রামুসহ দেশের কয়েকটি স্থানে হামলায় কেবল সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায়ের সম্পদহানি বা বেদনার্ত হওয়ার ঘটনাই ঘটেনি, হারিয়ে গেছে ইতিহাসের অনেক অমূল্য উপকরণ। পুড়িয়ে দেওয়া প্রাচীন মন্দিরগুলোতে রক্ষিত অনেক পুঁথি ও মূর্তি বিনষ্ট হয়েছে। নির্মাণশৈলী ও উপকরণের কারণে মন্দিরগুলোও অনন্য শিল্পনিদর্শন। গত ২৯ সেপ্টেম্বর গভীর রাতে শুরু হওয়া হামলায় রামুর বৌদ্ধমন্দির-গুলোর প্রায় দুই হাজার তালপাতার প্রাচীন পুঁথি পুড়ে গেছে। সম্পূর্ণ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০০ থেকে ১১০০ শতকে নির্মিত প্রায় ৪০০ কাঠের ও পাথরের তৈরি বুদ্ধমূর্তি। পুঁথিগুলোর এখনো পাঠোদ্ধার করা হয়নি। এ কারণে বিশেষজ্ঞরা মনে করছেন, পুঁথিগুলো পুড়ে যাওয়ায় হারিয়ে গেল বৌদ্ধধর্ম ও দেশের ওই জনপদটির ইতিহাসের অনেক দালিলিক প্রমাণ। ধর্মরাজিক বৌদ্ধবিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথেরো জানান, তিনটি ভাষায় রচিত প্রায় দুই হাজার পুঁথি ওই বিহারগুলোতে ছিল।বৌদ্ধধর্মের অনুসারীদের বিশ্বাস, মহামতি গৌতম বুদ্ধ রামুতে এসেছিলেন। আরাকান রাজার আমন্ত্রণে এই অঞ্চল দিয়ে যাওয়ার সময় তিনি রামুর রামকুট মন্দিরে অবস্থান করেছিলেন। পুড়িয়ে ফেলা পুঁথিতে পালি ও অন্য দুটি ভাষায় সেই কথাও লেখা ছিল বলে বৌদ্ধ মহাথেরো ও ভিক্ষুরা বিশ্বাস করেন। প্রত্নতত্ত্ববিদ ও ঐতিহাসিকদের মতে, কক্সবাজারের রামু এলাকায় প্রাচীন মগধ রাজ্য (ভারতের বিহার প্রদেশ যার অংশ) থেকে আসা বাংলা অঞ্চলের বৌদ্ধ সংস্কৃতি ও রাখাইনদের বৌদ্ধ সংস্কৃতির এক অপূর্ব সম্মিলন ঘটেছিল। খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকে মৌর্য সম্রাট অশোক রামু এলাকায় স্তূপ (স্মারক) নির্মাণ করিয়েছিলেন। পরে একাদশ শতকে অতীশ দীপংকরসহ বৌদ্ধধর্মের অনেক প্রচারক চট্টগ্রামের পটিয়া হয়ে রামু পর্যন্ত এসেছিলেন। বৌদ্ধধর্ম নিয়ে গবেষণা ও চর্চা করেন এমন অনেকে বলেছেন, ইতিহাসের এ রকম অনেক জানা-অজানা তথ্য বৌদ্ধ ভিক্ষুদের পুঁথিতে লেখা ছিল। এ ছাড়া গৌতম বুদ্ধের অনেক বাণী এবং তাঁর অনুসারীদের বিশ্লেষণ লিপিবদ্ধ ছিল পালি ভাষায় লেখা পুঁথিগুলোর পরতে পরতে। বৌদ্ধধর্মের গবেষক ইতিহাসবিদ প্রণব কুমার বড়ুয়া জানান, এগুলো ভস্মীভূত হওয়ায় এ অঞ্চলের ইতিহাস ও বৌদ্ধধর্মের বিষয়ে অনেক মূল্যবান তথ্যই হয়তো অজানা থেকে গেল।কক্সবাজারের রামু এলাকার বৌদ্ধমন্দির ও বিহারগুলো স্বতন্ত্র বৈশিষ্ট্যের, কাঠের তৈরি। ৩০০ থেকে ৪০০ বছরের পুরোনো কাঠের বুদ্ধমূর্তিও রয়েছে এখানে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক স্বাধীন সেন বলেন, রামুর বৌদ্ধরা প্রধানত বড়ুয়া ও রাখাইন সম্প্রদায়ের। রাখাইনদের লাল চিং ও সাদা চিং (মন্দির) কমপক্ষে ৩০০ বছরের পুরোনো। এর মধ্যে লাল চিং সম্পূর্ণ কাঠ দিয়ে নির্মিত। এর কাঠের অলংকরণ অনন্য। রামুতে রাখাইনদের ছয়টি খিয়াং (বিহার) আক্রান্ত ও ধ্বংস হয়েছে। দেড় শ বছরের বেশি পুরোনো এ বিহারগুলোর স্থাপনাও কাঠ দিয়ে তৈরি। বিশেষজ্ঞরা বলেছেন, পুরোনো কাঠের বৌদ্ধমন্দির ও বিহারগুলো দেশের অ্যান্টিকুইটি আইনেই প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে পড়ে। দেশের অন্য কোথাও কাঠের তৈরি এমন শৈলীময় মন্দির ও বিহার দেখা যায় না। সাম্প্রদায়িক দুষ্কৃতকারীদের হামলায় অপূরণীয় ক্ষতি হয়েছে মন্তব্য করে বিশেষজ্ঞরা বলেছেন, যা টিকে আছে তা রক্ষার উদ্যোগ নেওয়া জরুরি।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক শাহ সুফি মোস্তাফিজুর রহমানের মতে, রামুর বৌদ্ধমন্দিরগুলো বাংলাদেশের প্রত্নসম্পদ ও সংস্কৃতির বহুমাত্রিকতার একটি বড় উদাহরণ। তিনি বলেন, হামলার কারণে এর কী ক্ষতি হলো তা অনুসন্ধানে সরকারের উচিত প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদদের দিয়ে দ্রুত অনুসন্ধানের ব্যবস্থা করা। যতটুকু সম্পদ এখনো ক্ষতির হাত থেকে বেঁচে গেছে, তা যাতে রক্ষা পায় সেই উদ্যোগ নেওয়া।বাংলাদেশে বেশ কিছুদিন ধরে গবেষণা ও অনুসন্ধানরত ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ টিম স্টিল গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, মন্দির ও মূর্তি পোড়ানোর মধ্য দিয়ে বিশ্বের অন্যতম স্বতন্ত্র একটি বৌদ্ধ সভ্যতার নিদর্শনকে হত্যা করা হলো। কাঠের তৈরি বৌদ্ধমন্দির ও মূর্তি দক্ষিণ এশিয়ায় বিরল—এ কথা উল্লেখ করে তিনি বলেন, যতটুকু গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন অক্ষত আছে, বিশ্বসভ্যতার স্বার্থে তা সংরক্ষণে উদ্যোগ নেওয়া উচিত।