অশ্রুকণা দাশ: লোকমানসে আজও সমুজ্জ্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ জুলাই ২০০৬—আমার অশ্রু মাসিমা, অনেকের অশ্রুদি আর সবার কাছে বাংলাদেশ ইয়াং উইমেন’স ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনের (ওয়াইডব্লিউসিএ) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদিকা অশ্রুকণা দাশের প্রয়াণ দিবস। শুধু বেদনাবিধুর এই দিনটিতে নয়, পরিবার-পরিজনের বাইরেও অনেকেই আছেন, যাঁদের জীবনে এমন কোনো দিন আসে না, যে দিন তাঁরা মাসিমাকে স্মরণ না করেন। সত্যিই বেঁচে থেকে যেমন তিনি মানুষকে প্রভাবিত করেছেন, তেমনি লোকান্তরিত হয়েও লোকমানসে সমুজ্জ্বল।ছোট-বড় কত ঘটনাতেই না মাসিমা সামনে এসে দাঁড়ান; কর্তব্যকর্ম বুঝিয়ে দেন। ছাত্রজীবনে তাঁর প্রত্যক্ষ সান্নিধ্যে এসেছি। পরে দীর্ঘ সাতটি বছর মাসিমার তত্ত্বাবধানে কাজ করার সৌভাগ্যও হয়েছে। মানুষ, মানবজীবন ও কাজ-সম্পর্কিত অভিজ্ঞতা অর্জনের বিষয় বিবেচনা করে সে সময়টিকে জীবনের সুবর্ণ সময় বলতে দ্বিধা করি না। কত কিছু যে শিখেছি তাঁর কাছে! তিনি ছিলেন ভীষণ পরিপাটি স্বভাবের মানুষ। আমার মতো অগোছালো কর্মীকে কখনো বকা দিতেন না, কিন্তু তাঁর কাজ উদ্ধারের কৌশলটি ছিল অভূতপূর্ব। শুধু সবাইকে বলতেন, ‘তোমাদের কাগজপত্র বড্ড এলোমেলো। পরশু সকালে আমি তোমাদের সবার টেবিল গুছিয়ে দেব।’ আর কার সাধ্য ফাইলপত্র এলোমেলো ফেলে রাখে? তাঁর কাছ থেকেই শিখেছি, ‘যখন কারও ওপর খুব বেশি রেগে যাবে, তখন মুখে তালা এঁটে দেবে। সময় নেবে। পরের দিন শান্ত মাথায় তাকে যা বলার বলবে।’আত্মপ্রত্যয়ী মাসিমা ডান হাত দেখিয়ে বলতেন, ‘আমার বুড়ো আঙুলটা দেখো। আমি আমার সংকল্পে এমনই, কখনো পেছনে সরে যাই না।’ সত্যিই মাসিমার বুড়ো আঙুলটা অদ্ভুত ছিল, একদম সোজা এবং কোনোক্রমেই তাকে পেছনে বাঁকানো যেত না। কর্ম-অন্তঃপ্রাণ মাসিমাও ঠিক অমনই ছিলেন।তিনি বিশ্বাস করতেন, সমাজ তথা দেশকে সুন্দর ও সঠিক পথে পরিচালিত করতে মানুষের মূল্যবোধ জাগ্রত রাখা অতি জরুরি। এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের দায়িত্ব অপরিসীম। শুধু নিজে ভালো থাকলেই সব দায়িত্ব শেষ হয় না, বরং সচেতন ভালোবাসার মাধ্যমে একে অপরকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সহযোগিতা করাও আবশ্যক। তাঁর কথা আজও কানে বাজে, ‘আমি জানি, তুমি চোর নও, সৎ, কিন্তু তোমার এই সততা ধরে রাখার ক্ষেত্রে আমারও ভূমিকা থাকতে হবে। তুমি সৎ, এটা জানা সত্ত্বেও তোমার সামনে আমার টাকার আলমারি খুলে রাখা উচিত হবে না। আলমারিতে তালা দিয়ে চাবি সযত্নে রাখা আমার দায়িত্ব—সেটা আমাকে করতে হবে। কি জানি, আমার দায়িত্বে অবহেলা তোমাকে প্রলোভিত করে! তুমি সততা হারাও!’অশ্রুকণা দাশ ১৯৪৫ সালের ২৫ মার্চ বরিশাল জেলার আগৈলঝাড়ায় জন্মগ্রহণ করেন। বাবা নগেন্দ্রনাথ বাড়ৈ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে শাহীন স্কুলে শিক্ষকতা শুরু করেছিলেন তিনি। স্বেচ্ছাসেবী সদস্য হিসেবে ওয়াইডব্লিউসিএর সঙ্গেও জড়িত ছিলেন। মিসেস রীনা দাসসহ আরও কয়েকজনের সঙ্গে পাকিস্তান ওয়াইডব্লিউসিএর ঢাকা শাখার নেতৃত্ব দিতেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে এ দেশের নিপীড়িত-নিগৃহীত নারীসমাজকে সামনে এগিয়ে নিতে মাসিমা শিক্ষকতা পেশাকে বিদায় জানিয়ে সাধারণ সম্পাদিকা হিসেবে ঢাকা ওয়াইডব্লিউসিএর হাল ধরেন। পরে আরও কতগুলো স্থানীয় ওয়াইডব্লিউসিএকে সংঘবদ্ধ করার মাধ্যমে বাংলাদেশ ওয়াইডব্লিউসিএ গঠন করেন। আমৃত্যু তিনি এ সংগঠনের জন্যই কাজ করে গেছেন।অশ্রু মাসিমা একটি উদাহরণ প্রায়ই দিতেন, ‘জীবনটা একটা রিলে রেস, আমার নির্ধারিত দৌড় আমাকেই শেষ করতে হবে সামনে আসা সব কাজ সমাধা করার মাধ্যমে। তারপর পরবর্তী জনের কাছে সেই ব্যাটন বা কাঠিটি ধরিয়ে দিয়ে আমার ছুটি।’ তাহলে মৃত্যু কি তাঁকে জীবন থেকে ছুটি দিয়েছিল? মনে হয় না। কারণ, মৃত্যু হলো জীবনের পরিসমাপ্তি। বিজ্ঞান বলে, মৃত্যু সম্পন্ন হয় ধাপে ধাপে। যেমন, প্রাথমিক মৃত্যুর পাঁচ মিনিট পরে মস্তিষ্ক-কোষের মৃত্যু ঘটে এবং হূৎপিণ্ডের মৃত্যু হয় ১৫ মিনিট পর। এ কারণে কোনো সদ্য মৃতের অঙ্গ-প্রত্যঙ্গ অন্য জীবিত ব্যক্তির দেহে প্রতিস্থাপন সম্ভব। আর এভাবেই সেই মানুষটি অন্যের দেহে বেঁচে থাকতে পারেন আরও অনেক দিন, অনেক বছর। যে অশ্রু মাসিমা তাঁর দৌড় শেষ করে রিলে রেসের কাঠিটি আমাদের হাতে তুলে দিয়েছেন, তাঁর চিন্তাভাবনা আমাদের মস্তিষ্কে প্রতিস্থাপিত করে গেছেন, তাঁকে আমরা মৃত বলি কোন স্পর্ধায়? তিনি তো তাঁর কর্মে বেঁচে আছেন আমাদের মধ্যে; আরও যুগ যুগ বেঁচে থাকবেন পরবর্তী প্রজন্মের কর্ম, চিন্তা ও মননে।লেখক: উন্নয়নকর্মী ও ভারপ্রাপ্ত সভানেত্রী, ঢাকা ওয়াইডব্লিউসিএ।