অশ্রুভেজা চোখে বিজয় ঘোষণা করলেন পুতিন (ভিডিও)
২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা দুটি নির্বাচনে জয়ী হয়ে দৃঢ়তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন ভ্লাদিমির পুতিন। এরপর চার বছর তিনি ক্ষমতায় ছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে। আর গতকাল তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে আরও ছয় বছরের জন্য ক্ষমতা পাকাপোক্ত করলেন ৫৯ বছর বয়সী এই রাশিয়ান রাজনীতিবিদ। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগে নিজের বিজয় ঘোষণা করতে গিয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি পুতিন। ক্রেমলিনে হাজার হাজার সমর্থকদের সামনে বক্তব্য দেওয়ার সময় চোখের জল সংবরণ করতে পারেননি রাশিয়ার অন্যতম সফল এই রাজনীতিবিদ।দীর্ঘদিন ধরেই রাশিয়ায় বড় ধরনের কোনো বিরোধিতা ছাড়াই ক্ষমতায় আসীন আছেন ভ্লাদিমির পুতিন। তবে সম্প্রতি আরব বসন্তের জোয়ার, পশ্চিমা বিশ্বে ওয়ালস্ট্রিট-বিরোধী বিক্ষোভের সঙ্গে সঙ্গে পুতিনবিরোধী আন্দোলনে কিছুটা আন্দোলিত হয়েছিল রাশিয়া। এবারের নির্বাচনটাকে অনেক পর্যবেক্ষক পুতিন-যুগের অবসানের উপলক্ষ হিসেবেও বিবেচনা করেছিলেন। তবে শেষ পর্যন্ত পুতিনের বিজয়টা এটাই প্রমাণ করে যে রাশিয়ার অনেক মানুষ এখনো দেশটির স্থিতিশীলতা রক্ষা ও শত্রুতাপূর্ণ বহির্বিশ্ব থেকে নিজেদের সুরক্ষার জন্য পুতিনের ওপরই নির্ভর করেন। আর এই ভাবমূর্তিটা দীর্ঘ ১২ বছর ক্ষমতায় থাকার সময় খুব সযত্নে তিনি গড়ে তুলেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে নিজের বিজয় ঘোষণা করে সমর্থকদের উদ্দেশে পুতিন বলেছেন, ‘আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা জিতব। আমরা জিতেছি। আমরা একটু স্বাধীন ও সত্ সংগ্রামের মধ্য দিয়েই জয়ী হয়েছি। রাশিয়ার মানুষ খুব সহজেই সেসব রাজনৈতিক পটপরিবর্তনের আকাঙ্ক্ষা সম্পর্কে ধারণা করতে পারে, যেসব রাজনৈতিক প্রণোদনা তৈরি হয় রাশিয়ার জাতিসত্তা ধ্বংস করার লক্ষ্যে ও জোরজুলুম করে ক্ষমতা দখলের জন্য।’ সবশেষে রাশিয়ার বিজয় গৌরব ঘোষণা দিয়ে তিনি বক্তব্য শেষ করেন।রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের পক্ষ থেকে অনুমান করা হয়েছিল যে পুতিন হয়তো ৫৯ শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হবেন। কিন্তু গোটা রাশিয়াজুড়ে ৯০ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, পুতিন এগিয়ে ছিলেন প্রায় ৬৫ শতাংশ ভোট নিয়ে। নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল আজ সোমবারই প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।
পুতিন যে এখন আরও দীর্ঘ সময় ধরে পশ্চিমা পুঁজিবাদী দেশগুলোর বিভিন্ন নীতির বিরোধিতা করতে থাকবেন, এমনটা সহজেই অনুমান করা যায়। এর মধ্যে ইউরোপে মিসাইল প্রতিরক্ষা গড়ার মার্কিন পরিকল্পনা ও সিরিয়ায় আন্তর্জাতিক সামরিক হস্তক্ষেপের বিরোধিতাও নিশ্চিতভাবেই থাকবে। ওয়েবসাইট।