অশ্লীল ভিডিও ছড়ানোর দায়ে বাগমারায় শিক্ষকসহ দুজনের অর্থদণ্ড
মুঠোফোনের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগে আজ শুক্রবার রাজশাহীর বাগমারায় এক স্কুলশিক্ষকসহ দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্গাপুর উপজেলার পুরান তাহেরপুর গ্রামের বাসিন্দা ও পুরান তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন আলী দীর্ঘদিন ধরে বাগমারার মোহনগঞ্জ বাজারের একটি কম্পিউটারের দোকানে অশ্লীল ছবি ও ভিডিওচিত্র রেখে তা মুঠোফোনের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছিলেন। এ অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ বাগমারার মোহনগঞ্জ বাজারে অভিযান চালিয়ে কম্পিউটারে অশ্লীল ছবি ও ভিডিওচিত্রসহ শিক্ষক লিটন ও তাঁর সহযোগী জাকের আলীকে কম্পিউটারসহ আটক করে। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আবু হোরায়রা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের দুজনকে আট হাজার টাকা করে অর্থদণ্ড দেন।