অষ্টম ওয়েজ বোর্ডের ঘোষণা শিগগিরই
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শিগগিরই অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতাসহ অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব সরকার। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক-কর্মচারীদের কল্যাণে সম্ভব সবকিছুই করতে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদপত্র চতুর্থ স্তম্ভের কাজ করে, তাই গণমাধ্যমের বিকাশ ও স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে সাংবাদিক নেতারা তাঁদের দীর্ঘদিনের দাবি ‘নিউজ পেপার’স এমপ্লয়িজ সার্ভিসেস অ্যান্ড কমিশন অ্যাক্ট ১৯৭৪ প্রত্যর্পণে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী এ ব্যাপারে কমিটি গঠনের ঘোষণা দেন। এ ছাড়া হত্যা ও নির্যাতনের শিকার সাংবাদিকদের মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি তদারক (মনিটরিং) কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।সাংবাদিক নেতাদের মধ্যে ইকবাল সোবহান চৌধুরী, রুহুল আমীন গাজী, আবদুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, শাবান মাহমুদ, আবদুস শহীদ, বাকের হোসেন, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার, মহাসচিব খায়রুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপারস প্রেস ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেন খান ও মহাসচিব কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।বৈঠকে তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। খবর বাসসের।