অষ্টম ওয়েজবোর্ডের দাবি না মানলে ৩ এপ্রিল কর্মবিরতি
অবিলম্বে অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি জানিয়েছেন সাংবাদিকেরা। আর এ দাবি না মানলে আগামী ৩ এপ্রিল সারা দেশে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা। একই সঙ্গে তথ্যমন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রেসক্লাবের সদস্যপদ কেড়ে নেওয়ারও হুমকি দিয়েছেন সাংবাদিক নেতারা।আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এসব ঘোষণা দেওয়া হয়। অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবিতে সাংবাদিক শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে (বিএফইউজে) সভাপতি রুহুল আমীন গাজী বলেন, আগামী ২ এপ্রিলের মধ্যে অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়িত না হলে ৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত সারা দেশে সাংবাদিকেরা কর্মবিরতি পালন করবেন। এ ছাড়া ওই দিন বেলা ১১টা থেকে চারটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিও পালন করা হবে।রুহুল আমিন গাজী আরও বলেন, ‘অষ্টম ওয়েজবোর্ডের জন্য আমরা রাজপথে থাকব, আর তথ্যমন্ত্রী প্রেসক্লাবে এসে ডালপুরি খাবেন, সেটা হতে পারে না।’ তিনি বলেন, ‘তথ্যমন্ত্রীকে জাতীয় প্রেসক্লাব এলকায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’গত ৮ ফেব্রুয়ারির মধ্যে মজুরি বোর্ড ঘোষণা না করে তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে প্রতারণা করেছেন—এমন অভিযোগ করে বিএফইউজের আরেক অংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘তথ্যমন্ত্রী অষ্টম ওয়েজবোর্ড গঠনের ঘোষণা দিয়ে তা না করে সাংবাদিকদের সঙ্গে প্রতারণা ও অপমান করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘তথ্যমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে তিনি তাঁর কথা রাখেননি। তাই আমরা তাঁর কাছে ওয়েজবোর্ড চাই না। আমরা প্রধানমন্ত্রীর কাছে অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি জানাই।’ এ সময় তথ্যমন্ত্রীর জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্যপদ বাতিলেরও আহ্বান তিনি।ইকবাল সোবহান চৌধুরী তাঁর বক্তব্যে আরও বলেন, অষ্টম ওয়েজবোর্ড নিয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তথ্যমন্ত্রী বিষয়টি নিয়ে তাল-বাহানা করছেন। তিনি বলেন, ‘গতকাল (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি অষ্টম ওয়েজ বোর্ড কার্যকর করার আশ্বাস দিয়েছেন। কিন্তু এই তথ্যমন্ত্রী এর বিরোধিতা করছেন। আমরা রুটি-রুজির জন্য রাজপথে থাকব আর তিনি গদিতে বসে থাকবেন, এটা হতে পারে না। অবিলম্বে আমরা তথ্যমন্ত্রীর পদত্যাগ চাই।’এতে আরও বক্তব্য দেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সাবান মাহমুদ প্রমুখ।সংবাদপত্রশিল্পের শ্রমিক-কর্মচারীদের জন্য সরকার বেতন বোর্ড গঠনের যে ঘোষণা দিয়েছে, তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ মার্চ বিবৃতি দেয়। নোয়াবের প্রেসিডেন্ট মাহবুবুল আলম এক বিবৃতিতে এ আহ্বান জানান। তিনি বলেন, সপ্তম বেতন বোর্ড রোয়েদাদের সাড়ে তিন বছরের মাথায় আরেকটি বেতন বোর্ড গঠন সংবাদপত্রশিল্পকে বড় ধরনের সংকটে ফেলবে।এরপর ২১ মার্চ নোয়াবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানায় সংবাদপত্রসেবীদের বিভিন্ন সংগঠনের নেতারা। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ সংবাদপত্র প্রেস শ্রমিক ফেডারেশন ও সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের নেতারা।