অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আগামী ১ মে থেকে ৩১ মে পর্যন্ত আবেদন করা যাবে। মাধ্যমিক স্তরের পরীক্ষা ৩১ আগস্ট এবং উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয় http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এরপর প্রিণ্টকৃত অনলাইন আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদ ও নাগরিকত্ব সনদের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করে বিদ্যালয় পর্যায়ের প্রার্থীরা হলুদ খামে এবং কলেজ পর্যায়ের প্রার্থীরা খাকি খামে ভরে সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন), এনটিআরসিএ, নায়েম একাডেমিক ভবন (ষষ্ঠ তলা), ধানমন্ডি, ঢাকা ১২০৫-এর বরাবর সরাসরি বা ডাকযোগে আগামী ১৪ জুনের মধ্যে পৌঁছাতে হবে।শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পরীক্ষায় অবতীর্ণ (Appeared) কোনো প্রার্থীর আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তবে সদ্য উত্তীর্ণরা সংশ্লি¬ষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রশংসাপত্র, নম্বরপত্রসহ আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের পর প্রত্যেক আবেদনকারীকে প্রদত্ত ইনভয়েস নম্বর দিয়ে অনধিক ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রি-পেইড মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ৩৫০ টাকা প্রদান করতে হবে। ফি প্রদানের পর প্রার্থীকে ইনভয়েস নম্বর, পাসওয়ার্ড এবং সিরিয়াল নম্বর ফিরতি খুদে বার্তার মাধ্যমে দেওয়া হবে। পরবর্তীতে প্রার্থীকে (http://ntrca.teletalk.com.bd) এই ওয়েবসাইটে প্রবেশ করে ইনভয়েস নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নামসহ প্রবেশপত্র প্রিন্ট করে নিতে হবে। প্রবেশপত্র পাওয়ার বিষয়টি (www.ntrca.gov.bd) অথবা (http://ntrca.teletalk.com.bd) ওয়েবসাইটে এবং প্রার্থীর নির্ধারিত মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে যথাসময়ে জানানো হবে।