অষ্টম শ্রেণীতেও চালু হতে পারে সমাপনী পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের নভেম্বরে অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলে অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা আর থাকবে না। এ-সংক্রান্ত একটি সারসংক্ষেপ অনুমোদনের জন্য শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হবে।শিক্ষা মন্ত্রণালয়ে গতকাল বুধবার আন্তমন্ত্রণালয় বৈঠকে এই পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে প্রধান করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অষ্টম শ্রেণীতে সমাপনী পরীক্ষা আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করবে। কমিটির সদস্যরা হলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ শিক্ষার নীতিনির্ধারণী পর্যায়ের কয়েকজন কর্মকর্তা। সময় বেঁধে দেওয়া না হলেও যত দ্রুত সম্ভব কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।এ প্রসঙ্গে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান বলেন, অনুমোদনের জন্য সভার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। তিনি অনুমোদন করলে বিষয়টি চূড়ান্ত হবে।বৈঠক সূত্র জানায়, অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা চালু হলে চলতি বছরের শেষভাগে অনুষ্ঠেয় জুনিয়র বৃত্তি পরীক্ষা হবে না। সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই বৃত্তি দেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ১৫ লাখ শিক্ষার্থী অংশ নিতে পারে। বৈঠকে পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা একই দিনে বা কাছাকাছি সময়ে নেওয়া যায় কি না, তা নিয়েও আলোচনা হয়।জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, অষ্টম শ্রেণীতে কীভাবে সমাপনী পরীক্ষা নেওয়া যায়, এর বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, অষ্টম শ্রেণীতে এই পরীক্ষা নেওয়া যেতে পারে এবং বিষয়টি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে।২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হয়। এর ভিত্তিতেই প্রাথমিক বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ইতিবাচক সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় সরকার অষ্টম শ্রেণীতেও সমাপনী পরীক্ষার কথা ভাবছে।