অসংক্রামক ব্যাধি অর্থনীতি ও উন্নয়নের জন্য ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসংক্রামক রোগের কারণে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর অর্থনীতি ও উন্নয়ন ঝুঁকির মধ্যে পড়েছে। ক্যানসার, ডায়াবেটিস, হূদেরাগ ও দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগের মতো অসংক্রামক ব্যাধির প্রাদুর্ভাব কমাতে জনস্বাস্থ্য পরীক্ষাগার তৈরি করা দরকার। এসব পরীক্ষাগার নির্ভরযোগ্যভাবে রোগ শনাক্ত করবে, রোগের ধারা (ট্রেন্ড) সম্পর্কে তথ্য দেবে এবং এর ওপর ভিত্তি করে বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা দেবেন এবং নীতিনির্ধারকেরা সিদ্ধান্ত গ্রহণ করবেন। গতকাল ১৫ মে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় অনুষ্ঠিত কমনওয়েলথভুক্ত ৫৪টি দেশের স্বাস্থ্যমন্ত্রীদের সভায় এ কথা বলা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক। আজ ১৬ মে শুরু হওয়া বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের আগে কমনওয়েলথ মন্ত্রীদের এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বলা হয়, অসংক্রামক ব্যাধির চিকিৎসার খরচ অনেক বেশি এবং দীর্ঘদিন ধরে এই খরচ চালিয়ে যেতে হয়। এসব রোগে আক্রান্ত হলে মানুষের উৎপাদন ক্ষমতা কমে যায়। এর প্রভাব পড়ে অর্থনীতি ও উন্নয়নে। সভায় বলা হয়, কমনওয়েলথভুক্ত নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে জনস্বাস্থ্য পরীক্ষাগারের সেবা মানসম্পন্ন নয়। দারিদ্র্যসহ আরও কিছু কারণে এসব দেশে অসংক্রামক রোগের বোঝা অনেক বড় এবং এটা দিন দিন বাড়ছে।মন্ত্রীরা বলেন, অপর্যাপ্ত কায়িক পরিশ্রম, ধূমপান, উচ্চরক্তচাপ, শরীরের অপ্রয়োজনীয় ওজন বৃদ্ধি, মুটিয়ে যাওয়া, রক্তে শর্করা বৃদ্ধি অসংক্রামক ব্যাধির প্রকোপ বাড়ার কারণ। এর মধ্যে দক্ষিণ এশিয়ায় বিশেষ করে, ভারতীয় উপমহাদেশে হূদেরাগ ও ডায়াবেটিসে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে।সম্মেলনে যোগ দেওয়া বাংলাদেশের স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবীর বাংলাদেশি সাংবাদিকদের বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য নির্ধারণের সময় মাতৃ ও শিশুস্বাস্থ্য, বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশন, এইডস-যক্ষ্মা-ম্যালেরিয়া—এসব বিষয় গুরুত্ব পেয়েছিল। কিন্তু অসংক্রামক ব্যাধি বাদ পড়ে যায়। এখন অসংক্রামক ব্যাধিকে স্বাস্থ্য আলোচনার মূল ধারায় আনার জন্য কমনওয়েলথ এই উদ্যোগ গ্রহণ করেছে। আগামী সেপ্টেম্বরে এ বিষয়ে জাতিসংঘ বিশেষ সভা ডেকেছে।সভাস্থলে সদস্যদেশগুলো অসংক্রামক ব্যাধি প্রতিরোধে কে, কী পদক্ষেপ নিয়েছে, তার একটি হিসাব দেওয়া হয়েছে। এতে দেখা যায়, নীতিনির্ধারণ, কৌশল তৈরি ও পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশের অবস্থান ভালো। তবে অসংক্রামক রোগের চিকিৎসাসেবার ক্ষেত্রে স্বাস্থ্যবিমা ব্যবস্থা চালু এবং বিড়ি-সিগারেটের ওপর ট্যাক্স বৃদ্ধিতে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে।স্বাস্থ্যমন্ত্রীরা বলেছেন, শুরুতেই দরকার নেতৃত্ব ও রাজনৈতিক অঙ্গীকার। অসংক্রামক রোগ প্রতিরোধে ধূমপান বন্ধে ও ঝুঁকিপূর্ণ আচরণ পরিবর্তনে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবায় প্রয়োজনীয় ওষুধ সহজপ্রাপ্য করতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি অর্থায়ন নিশ্চিত করতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট সব পক্ষের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি পর্যবেক্ষণ ও নজরদারি জোরদার করতে হবে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে আজ জেনেভায় ৬৪তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রিত অতিথি হিসেবে কাল ১৭ মে বক্তব্য দেবেন। একই অধিবেশনে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলন শেষ হবে ২৪ মে।