অসংক্রামক ব্যাধিতে মৃত্যু কমিয়ে আনতে জাতিসংঘের উদ্যোগ
অসংক্রামক ব্যাধিতে মৃত্যু কমিয়ে আনতে জাতিসংঘের উদ্যোগে বিশ্বজুড়ে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। গত সোমবার জাতিসংঘ সদর দপ্তরে অসংক্রামক ব্যাধি নিয়ে রাষ্ট্রনেতাদের সভায় বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, আগামী দশকে বিশ্বজুড়ে জনমৃত্যুর হার ১৭ শতাংশ বাড়বে। স্বল্পোন্নত দেশগুলোয় বিশেষ করে, আফ্রিকার বিভিন্ন দেশে এই হার বাড়বে ২৪ শতাংশ। শুধু অসংক্রামক ব্যাধির কারণেই বিশ্বের ৬৩ শতাংশ মানুষের মৃত্যু হয়। ডায়াবেটিক, ক্যানসারসহ অসংক্রামক রোগ প্রতিরোধের মাধ্যমে এ মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব।জাতিসংঘের ৬৬তম অধিবেশনে যোগ দিতে আসা ৩০ জনের বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান জনস্বাস্থ্য সমস্যাসংক্রান্ত উচ্চপর্যায়ের এ বৈঠকে যোগ দেন। সভায় জাতিসংঘের মহাসচিব বান কি মুন অসংক্রামক ব্যাধি প্রতিরোধে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর গৃহীত পদক্ষেপ ও অঙ্গীকার তুলে ধরেন।‘অসংক্রামক ব্যাধি’ শীর্ষক দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের বৈঠকের প্রথম দিনে বক্তা ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা অসংক্রামক ব্যাধিকে বাংলাদেশসহ বিশ্বের জন্য চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘অ্যান্টিবায়োটিকের অধিক ব্যবহার বন্ধ, খাদ্যে ভেজাল ও রাসায়নিকের ব্যবহার সম্পর্কে আমাদের অধিকতর সচেতন হতে হবে।’ সংক্রামক ব্যাধির চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি অংশীদারির কাঙ্ক্ষিত অর্থ জোগানের জন্য তিনি আহ্বান জানান। শেখ হাসিনা তাঁর বক্তব্যে অসংক্রামক ব্যাধির ব্যাপারে বিশ্ব সম্প্রদায়ের অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান।শেখ হাসিনা তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে তামাকজাতীয় পণ্যের ওপর অধিক করারোপ করা হয়েছে। প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করাসহ অসংক্রামক ব্যাধি প্রতিরোধে বাংলাদেশের গৃহীত পদক্ষেপের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে তুলে ধরেন। প্রথম দিনের বৈঠকে জিম্বাবুয়ে হাঙ্গেরি, নামিবিয়া, ত্রিনিদাদ ও নেপালের প্রেসিডেন্ট বক্তব্য দেন। বৈঠকে শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।নিউইয়র্কে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে বক্তব্য দেবেন। পরদিন তাঁকে প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।