সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে সরকার সংবিধান সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, তা নিয়ে বিতর্ক চলছে। এ ব্যাপারে প্রথম আলো মুখোমুখি হয়েছে বিশেষজ্ঞদের। শেষ পর্বে আজ ছাপা হলো সাবেক আইনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেনের অভিমত। সাক্ষাত্কার নিয়েছেন সোহরাব হাসান ও মিজানুর রহমান খানপ্রথম আলো: সুপ্রিম কোর্টের রায়ে পঞ্চম সংশোধনী বাতিল হয়ে যাওয়ার পর নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে। জাতীয় সংসদ ইতিমধ্যে একটি কমিটি গঠন করে দিয়েছে। আবার বিরোধী দল এর বিরোধিতা করছে। বিষয়টি কীভাবে দেখছেন?ড. কামাল হোসেন: সরকার কেন কমিটি গঠন করেছে, তা কার্যপরিধি ঠিক হলে বোঝা যাবে। সরকারি দলের পক্ষ থেকে হয়তো বলা হবে, আদালতের দিকনির্দেশনা অনুযায়ী তারা কাজ করবে। তবে উচ্চ আদালতের রায়ের পর তাদের খুব বেশি করণীয় আছে বলে আমি মনে করি না। কেননা, অবৈধ সংশোধনীর মধ্য দিয়ে সংবিধানের যেসব বিষয় আমরা হারিয়েছিলাম, মাননীয় আদালত তা ফিরিয়ে দিয়েছেন। আপিল বিভাগ দু-একটি ব্যাপারে হাইকোর্টের সঙ্গে ভিন্নমত প্রকাশ করেছেন। যেমন, সংবিধানের ৬ অনুচ্ছেদ ও ৯৫ অনুচ্ছেদ। বাকিগুলোতে হাইকোর্টের রায়ই বহাল রেখেছেন।গত ৩৯ বছরে সংবিধান নিয়ে অনেক টানাহেঁচড়া হয়েছে। বিশেষ করে, পঁচাত্তর পরবর্তী একটার পর একটা আইন জারি করা হয়েছে, যা সংবিধানের মৌলনীতির সঙ্গে সংগতিপূর্ণ নয়। উচ্চ আদালতের রায়ের ফলে সেই অসংগতি দূর হবে বলে আশা করি।প্রথম আলো: আপনি কি মনে করেন, এ রায় সংবিধান সংশোধনের মাধ্যমে অবৈধ প্রক্রিয়া বন্ধ করার ক্ষেত্রে সহায়ক হবে?ড. কামাল হোসেন: অবশ্যই সহায়ক হবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সমগ্র জাতি যেসব বিষয়ে মতৈক্যে পৌঁছেছিল, তাকে ভিত্তি করেই বাহাত্তরের সংবিধান প্রণীত হয়েছিল। এর পেছনে বহু আন্দোলন-সংগ্রাম ছিল। পঞ্চাশের দশক থেকেই এ দেশের মানুষ জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়। ভাষা আন্দোলন ও শিক্ষা আন্দোলনের পেছনেও সেই জাতীয়তাবাদী চেতনা সক্রিয় ছিল। ৬ দফা আন্দোলনের মধ্য দিয়ে তা পূর্ণতা লাভ করে। শাসকগোষ্ঠী এর বিরুদ্ধে অস্ত্রের ভাষা ব্যবহার করেছে, চালিয়েছে দমনপীড়ন। তাতে আন্দোলন থেমে থাকেনি, বরং বেগবান হয়েছে। শাসকগোষ্ঠী বারবার সাম্প্রদায়িকতাকে উসকে দিয়েও সফল হয়নি। দলমত-নির্বিশেষে দেশের সব মানুষ এক মোহনায় এসে মিলিত হয়েছিল, বাঙালি জাতীয়তাবাদই ছিল মূলমন্ত্র।প্রথম আলো: সেই আন্দোলন-সংগ্রামের যে চেতনা ও আদর্শ, তারই প্রতিফলন বাহাত্তরের সংবিধানে প্রতিফলিত হয়েছিল বলে মনে করেন?ড. কামাল হোসেন: যথাযথভাবেই হয়েছিল, তবে সেটি হঠাৎ করে আসেনি। ষাটের দশকের আন্দোলনের কথাই ধরুন। তখন শাসকগোষ্ঠী তো আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার করেছে। বলেছে, এটি অন্য জায়গা থেকে এসেছে। কিন্তু সাধারণ মানুষ তাদের কথায় বিশ্বাস করেনি, ছয় দফার পক্ষে ব্যাপক জনমত তৈরি হয়েছে। আন্দোলনের একপর্যায়ে মানুষ বলেছে, হয় ছয় দফা, না হয় এক দফা।এই যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে আন্দোলন-সংগ্রাম হয়েছে, একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতার পর কিন্তু এসব নিয়ে কেউ বিতর্ক করেনি, প্রশ্ন তোলেনি। জাতীয়তাবাদকে বিতর্কিত করা হয়েছে পঁচাত্তরের পর।সংবিধানের চারটি মৌলনীতি কী? জাতীয়তাবাদের কথা আগেই বলেছি। এরপর আসে গণতন্ত্র। আমরা চেয়েছিলাম নির্ভেজাল গণতন্ত্র। পাকিস্তানে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়েও বঞ্চিত ছিলাম। এ কারণে আমাদের উপলব্ধি ছিল, নির্ভেজাল গণতন্ত্রই পারে দেশ পরিচালনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে। সংবিধানে লেখা আছে, ‘জনগণই প্রজাতন্ত্রের মালিক।’ এটি ছিল জাতীয় অর্জন, সাড়ে সাত কোটি মানুষের অর্জন। সংবিধানে আমরা একটি বিজয়ী জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চেষ্টা করেছি।প্রথম আলো: পঞ্চম সংশোধনী বাতিল ঘোষণার পরই সাংবিধানিক বিতর্কটি সামনে এসেছে। কিন্তু এর আগে রাজনৈতিক দলগুলো এ বিষয়ে কেন জোরালো অবস্থান নেয়নি?ড. কামাল হোসেন: হাইকোর্টে পঞ্চম সংশোধনীর বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো কিছু বলেনি, এটি ঠিক নয়। স্বাধীনতার পক্ষের শক্তি বরাবরই চার মূলনীতি প্রতিষ্ঠার কথা বলে আসছে। অর্থাৎ, তারা বাঙালি জাতীয়তাবাদের পক্ষে, অসাম্প্রদায়িকতার পক্ষে কথা বলেছে, জনমত তৈরি করেছে।মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আদর্শকে আমরা পরাজিত করেছিলাম, পঁচাত্তরের পর প্রতিক্রিয়াশীল শক্তি চেয়েছিল তা পুনঃপ্রতিষ্ঠা করতে। কিন্তু তারা সেটি পারেনি। আশির দশকজুড়ে আমরা সামরিক শাসনের বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি।প্রথম আলো: বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল তো সংবিধানের চার মৌলনীতির বিপক্ষে অবস্থান নিয়েছে। সে ক্ষেত্রে সংবিধান নিয়ে আপনি যে জাতীয় মতৈক্যের কথা বলেছেন, তা হবে কীভাবে?ড. কামাল হোসেন: বিএনপি কোন রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে, সেটি সেই দলের নেতারাই ভালো বলতে পারবেন। কিন্তু আমি মনে করি, সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ রাজনীতি করতে পারেন না। বাহাত্তরের সংবিধানের মূল যে কথা—গণতন্ত্র, শোষণমুক্ত সমাজ, অসাম্প্রদায়িকতা—তারা কি তার বিরোধিতা করেন? তারা কি ধর্মের ভিত্তিতে রাজনীতি করেন? এক ধর্মকে অগ্রাধিকার দিয়ে অন্য ধর্মের মানুষকে বঞ্চিত রাখতে চান? আমার ধারণা, তারা সেটি চান না।প্রথম আলো: তাহলে কি ধরে নেওয়া যায়, আদালতের রায় জাতীয় মতৈক্যের পথ প্রশস্ত করেছে?ড. কামাল হোসেন: আমাদের জাতীয় ঐক্য তো ছিলই। রায় জাতীয় ঐক্য এনে দেয়নি, তার স্বীকৃতি দিয়েছে মাত্র। আমাদের জাতীয় ঐক্যের যে চেতনা, সামরিক আইন তা ধ্বংস করে দিয়েছিল, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেছিল। আমরা বলেছি, সামরিক আইন এসব করতে পারে না। আপনি যদি সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, তারা কি ধর্মের ভিত্তিতে বিভাজন চায়? তারাও বলবে, চায় না।প্রথম আলো: সংবিধান সংশোধনের উদ্দেশ্যে যে সংসদীয় কমিটি গঠিত হয়েছে, তাতে বিএনপির যাওয়া উচিত বলে মনে করেন?ড. কামাল হোসেন: অবশ্যই যাওয়া উচিত। বাহাত্তরের সংবিধান তো দলীয় নয়, এটি ছিল জাতীয় আন্দোলন-সংগ্রামের ফসল। সেই সংবিধান পুনরুদ্ধার-প্রক্রিয়ায় বিএনপি শরিক হবে না কেন? সংবিধানের মূলনীতির ব্যাপারে কারও আপত্তি আছে বলে মনে হয় না। কেউ তো বলেনি যে আমরা গণতন্ত্র চাই না।প্রথম আলো: সংসদীয় কমিটি কীভাবে এগোতে পারে? তারা আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার কথা বলেছেন। একজন আইনবিদ হিসেবে আপনার মন্তব্য জানতে চাইছি।ড. কামাল হোসেন: আমিও তাদের কাছ থেকে জানতে চাই, তারা কী করবেন, সংবিধানের কোন কোন ধারা আমলে আনবেন। সংসদীয় কমিটি সেটি জনগণকে অবহিত করলে বিষয়টি পরিষ্কার হবে। এ ব্যাপারে শুধু আইনবিদ কেন, যেকোনো নাগরিকই মত দিতে পারেন।প্রথম আলো: আপনি বলেছেন, রায় ঘোষণার সঙ্গে সঙ্গে তা সংবিধানের অংশ হয়ে গেছে। ব্যাখ্যা করবেন কি?ড. কামাল হোসেন: সংবিধান হলো মৌলিক আইন। কেউ গায়ের জোরে সেটি পরিবর্তন করতে পারেন না। হাইকোর্ট ও আপিল বিভাগের রায়ে সেই কথাটিই বলা হয়েছে। এক দিন কেউ এসে বললেন, সংবিধানের এই অংশ বা অনুচ্ছেদটি আমার পছন্দ নয়; অতএব বাতিল করে দিলাম, তা হতে পারে না। যদি আমরা সংবিধানকে একটি দেয়ালের সঙ্গে তুলনা করি। দেয়ালটিকে আড়াল করার জন্য সামনে একটি পর্দা টানিয়ে দেওয়া হয়েছিল। আদালত সেই পর্দাটি সরিয়ে দিয়েছেন মাত্র। এর ফলে আমরা দেয়ালটি আগের অবস্থায় দেখতে পারব। এ নিয়ে অহেতুক বিতর্ক কাম্য নয়।প্রথম আলো: বাংলাদেশের বাইরে অন্য দেশের সংবিধান প্রণয়নেও আপনার ভূমিকা আছে। সেই অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন।ড. কামাল হোসেন: নব্বইয়ে নেপালের সংবিধান প্রণয়নের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল। যদিও নেপাল ও বাংলাদেশের অভিজ্ঞতা এক নয়। সেখানে রাজতন্ত্র ছিল। রাজা ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী। সেই অবস্থা থেকে সংসদীয় গণতন্ত্র চালু করা হলো। অনেকটা ব্রিটেনের মতো। রাষ্ট্রের প্রধান থাকবেন রাজা, কিন্তু সাংবিধানিক ক্ষমতা থাকবে সংসদের হাতে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী হবেন। রাজতন্ত্রে রাজার মনোনীত ব্যক্তিই প্রধানমন্ত্রী হতেন।প্রথম আলো: নেপাল ছাড়া অন্য কোনো দেশ?ড. কামাল হোসেন: ১৯৮৯ সালে সোভিয়েত সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে জাতিসংঘের উদ্যোগে যে কমিশন গঠন করা হয়েছিল, সেখানে আমার দায়িত্ব ছিল মানবাধিকার পরিস্থিতির ওপর প্রতিবেদন তৈরি করা। বলা হলো, সোভিয়েত বাহিনী চলে যাওয়ার পর সেখানে জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। যেকোনো দেশের সংবিধান প্রণয়নের সঙ্গে মানবাধিকারের বিষয়টি গুরুত্বপূর্ণ।বহু জাতি ও গোত্র নিয়ে আফগানিস্তান গঠিত। সেখানে পাখতুন আছে, হাজারা আছে, ফারসি ভাষাভাষী মানুষ আছে। সবার অধিকার স্বীকার করে নিতে হবে। রাষ্ট্র পরিচালনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এক জনগোষ্ঠী যাতে অন্য জনগোষ্ঠীর ওপর খবরদারি না করতে পারে। আমরা বলেছি, সব জনগোষ্ঠীকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ, সেখানেও জাতীয় ঐক্যের ওপর জোর দেওয়া হয়েছিল। যুদ্ধের সময় ৬০ লাখ লোক আফগানিস্তানের বাইরে চলে গিয়েছিল। তাদের ফিরিয়ে আনতে হবে।প্রথম আলো: দক্ষিণ আফ্রিকায় আপনার অভিজ্ঞতা জানতে চাই।কামাল হোসেন: বর্ণবাদী শাসনের অবসানের পর ১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় এক মাস আমি সেখানে ছিলাম। তাদের নির্বাচন-প্রক্রিয়া প্রত্যক্ষ করার সুযোগ হয়েছে। সেখানেও কিন্তু সমস্যা ছিল। দীর্ঘ দিন বর্ণবৈষম্যবাদ চেপে বসেছিল দেশটির ওপর। তা ছাড়া বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর মধ্যে প্রাণঘাতী সংঘাত সংঘর্ষ চলছিল। কিন্তু শান্তি ও জাতীয় ঐক্যের পক্ষে নেলসন ম্যান্ডেলার শক্ত অবস্থান ছিল। সেখানে তরুণদের সংগঠিত করে শান্তি স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করা হয়েছিল। তারা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় শান্তির পক্ষে প্রচার চালিয়েছে, জনগণকে বুঝিয়েছে। সংঘাত থেকে শান্তিপূর্ণ অবস্থায় ফিরিয়ে আনতে তারা অগ্রণী ভূমিকা রাখে।পৃথিবীর যেসব দেশে জাতিগত সংঘাত রয়েছে, তার কারণ অনুসন্ধান এবং কীভাবে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা যায়, সেই উদ্দেশ্যে জাতিসংঘের উদ্যোগে একটি কমিশন গঠন করা হয়েছিল ২০০৭ সালে। সেখানে কাজ করতে গিয়েও আমরা দেখেছি, কোনো দেশেই সাধারণ মানুষ সংঘাত চায় না। ধর্ম ও জাতিগত ভিন্নতা নিয়েই তারা যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করে আসছে। হঠাৎ কেন দাঙ্গা বাধে? এর পেছনে বাইরের শক্তি থাকে।আমি বসনিয়ায় গিয়েছি, বসনীয়দের জিজ্ঞেস করেছি, কেন সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হলো? তারা বলেছেন, সেখানে মুসলমান, খ্রিষ্টান ও ইহুদি একসঙ্গে শান্তিতে বসবাস করে আসছিল। কোনো সমস্যা ছিল না। সংঘর্ষ বাইরের ইন্ধনে হয়েছে। বাইরের সার্বীয়রা স্থানীয় বসনীয়দের ওপর আক্রমণ করেছে। ফলে সার্বীয়রা পাল্টা আক্রমণ চালিয়েছে। আমাদের দলে একজন মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন। তাঁকে এর কারণ জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছিলেন, এটি মানসিক রোগ ছাড়া কিছু নয়।আসলে সব দেশেই স্বার্থান্বেষী মহল সুযোগ নিয়ে থাকে। আফগানিস্তানেও দেখেছি, সব ধর্ম ও গোত্রের মানুষ একসঙ্গে বসবাস করে আসছিল। হঠাৎ করে জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়ে। তার অস্ত্র ও রসদ আসে বাইরে থেকে। দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা কঠোর হাতে জাতিগত দাঙ্গা দমন করেছিলেন। তিনি বলেছিলেন, যারা গণতন্ত্র চায় না, শান্তি চায় না, তারাই হিংসা ছড়াচ্ছে। যেকোনো মূল্যে এ অগুন নেভাতে হবে। দক্ষিণ আফ্রিকার নতুন সংবিধান প্রণয়ন থেকে আমাদেরও অনেক কিছু শেখার আছে।প্রথম আলো: বিচারপতি নিয়োগ-পদ্ধতি নিয়ে বিতর্ক লক্ষ করা যাচ্ছে। প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি বিচারপতিদের নিয়োগ দিয়ে থাকেন। কিন্তু আমাদের সংবিধানে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। তিনি সবকিছু করেন প্রধানমন্ত্রীর ইচ্ছেয়। এবং সেখানে মেধা ও যোগ্যতার চেয়ে দলীয় পছন্দ প্রাধান্য পায়। এর সমাধান কী?কামাল হোসেন: এ নিয়ে নানা মহলে বিতর্ক হচ্ছে। আমি সে বিতর্কে না গিয়েও যে কথাটি বলতে চাই তা হলো, এমন একটি পদ্ধতি বের করা প্রয়োজন, যাতে বিচারক পদে সৎ, যোগ্য ও মেধাবীদের নিয়োগ নিশ্চিত হয়।প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।কামাল হোসেন: ধন্যবাদ।