অসংগতির বিরুদ্ধে গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র থাকাকালে আমি প্রথম গম্ভীরা গান পরিবেশন করি। হঠাৎ করেই আমাকে সুধীজনের সামনে গম্ভীরা পরিবেশন করতে হয়। ১৯৬২ সালের কথা, দিন-তারিখ ঠিক মনে পড়ছে না। আমি তখন হরিপুর জুনিয়র মাদ্রাসার (বর্তমানে হরিপুর ১ নম্বর উচ্চবিদ্যালয়) চতুর্থ শ্রেণীর ছাত্র। মাদ্রাসায় খবর এল স্কুল পরিদর্শনে ইন্সপেক্টর সাহেব আসবেন। চারদিকে সাজ সাজ রব পড়ে গেল। তখন প্রধান শিক্ষক ছিলেন মোফাক্কার হোসেন। তিনি ঘোষণা দিলেন, ছোট আকারে হলেও একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আর অনুষ্ঠানে অবশ্যই ঐতিহ্যবাহী গম্ভীরা গান থাকবে। কিন্তু সমস্যা দেখা দিল গম্ভীরা করবে কে, এই নিয়ে। প্রধান শিক্ষক সম্পর্কে আমার দাদা (আমার পিতামহের ছোট ভাই)। তিনি আমার সংস্কৃতির প্রতি অনুরাগের কথা জানতেন। তাই তিনি সহকর্মীদের বললেন, ‘আমাদের মাহবুব তো একটু-আধটু গান করে আর মুখুটি (মুখরা) ভালো, পারলে ও-ই পারবে গম্ভীরা করতে।’ যেই কথা সেই কাজ। গম্ভীরা লেখা হলো, শুরু হলো অনুশীলন। নির্দিষ্ট দিনে ইন্সপেক্টর সাহেবের সামনে গম্ভীরা পরিবেশন করা হলো। আমি ছিলাম নানার চরিত্রে। এই প্রথম মঞ্চে গম্ভীরা গেয়ে আমি যথেষ্ট প্রশংসা পেলাম। শিক্ষক, সুধীজন মন্তব্য করলেন, গম্ভীরা গান করলে মাহবুব একদিন নামকরা শিল্পী হবে। ইন্সপেক্টর সাহেব গম্ভীরার নানা চরিত্রে মুগ্ধ হয়ে আমাকে পাঁচ টাকা বকশিশ দিলেন। সেদিন থেকেই লেখাপড়ার পাশাপাশি শুরু করলাম গম্ভীরা গান করা।সে সময় এখনকার মতো প্রতিষ্ঠিত তেমন কোনো গম্ভীরা দল ছিল না। তাই স্থানীয় স্কুল, ক্লাব বা যেকোনো উপলক্ষে অনুষ্ঠান হলেই আমাকে নানার চরিত্রে অভিনয় করতে হতো। বয়সে ছোট হলেও গম্ভীরা গান গাওয়ার কারণে সবাই আমাকে একটু বেশি স্নেহের দৃষ্টিতে দেখতেন, যা আমাকে পুলকিত করত। পরে ঐতিহ্যবাহী হরিমোহন ইনস্টিটিউশনে (বর্তমানে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়) ভর্তি হওয়ার পর আমি স্কাউটিংয়ে যোগ দিই। স্কাউটিংয়ের সুবাদে জাম্বুরিসহ বিভিন্ন সমাবেশে গম্ভীরা গান পরিবেশনের সুযোগ পাই। এভাবে লেখাপড়ার পাশাপাশি সীমিতভাবে আমি গম্ভীরাচর্চা অব্যাহত রাখি। আম-কাঁসা-পিতল-লাক্ষা ও রেশনের জন্য বিখ্যাত অনন্য লোকসংগীত গম্ভীরা ও আলকাপ গানের তীর্থভূমি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার দুর্গাপুর গ্রামে আমার জন্ম। মহান ভাষা আন্দোলনের বছর ১৯৫২ সালের ৮ জুলাই আমার জন্ম, এ জন্য আমি নিজেকে গর্বিত মনে করি। বাবার নাম সাদাতুল ইসলাম, মা বিলকিস বানু। আমি পেশায় ও নেশায় একজন গম্ভীরা শিল্পী। ১৯৮৪ সালের ১ মার্চ চাঁপাইনবাবগঞ্জ মহকুমা থেকে জেলায় উন্নীত হয়। নবগঠিত জেলার দ্বিতীয় জেলা প্রশাসক মো. নূরুজ্জামান মিয়া একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন—‘গম্ভীরার জন্য বিখ্যাত এই জেলায় রকীবুদ্দীন-কুতুবুল আলমের দল ছাড়া আর কি কোনো গম্ভীরা দল নেই?’ তখন জেলার বিশিষ্ট সাংবাদিক ডি এম তালেবুন নবী তাঁকে বলেন যে মাহবুব নামে একজন শিল্পী রয়েছেন, যিনি দীর্ঘদিন ধরে গম্ভীরা অনুশীলন করে আসছেন। তাঁর কথার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে আমাকে দিয়ে গম্ভীরা পরিবেশনের সিদ্ধান্ত নেন। তালেবুন নবী বিষয়টি আমাকে অবহিত করলে আমি দল গঠনে প্রয়াসী হই। আলকাপ গানের এ সময়ের তুখোড় ছোকরা (আলকাপ গানে ছেলেরা মেয়ে সেজে অংশ নেয়) বরেন্দ্রনাথ ঘোষকে নাতি ও উৎসাহী কয়েকজনকে দোহারি ও যন্ত্রী হিসেবে নিয়ে অত্যন্ত অল্প সময়ের মধ্যে দল গঠন করি। তখন থেকেই শুরু হয় সংগঠিত দল নিয়ে আমার গম্ভীরা গান।১৯৮৬ সালে আমি দল নিয়ে বাংলাদেশ বেতারে কণ্ঠস্বর পরীক্ষায় অংশ নিই এবং শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হই। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত দল হিসেবে অদ্যাবধি আমার দল গম্ভীরা পরিবেশন করে আসছে। ১৯৮৮ সালে আমি প্রথম বাংলাদেশ টেলিভিশনে গম্ভীরা পরিবেশনের সুযোগ পাই। টেলিভিশনে প্রথম অনুষ্ঠান আমার জন্য একটি দুর্লভ স্মৃতি হয়ে আছে।বাংলাদেশের একটি গম্ভীরা দল তখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি লাভ করেছিল, দলটি হচ্ছে রকীবুদ্দীন-কুতুবুল আলমের গম্ভীরা দল। হঠাৎ একটি দুঃখজনক ঘটনা ঘটে, ১৯৯৫ সালে কুতুবুল আলম ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তখন রকীবুদ্দীন আমাকে অনুরোধ করেন নানা হিসেবে তাঁর দলে যোগদান করার জন্য। তাঁর কথায় সম্মত হয়ে আমি তাঁর দলে নানা হিসেবে যোগ দিই এবং জাতীয় প্রচারমাধ্যমসহ দেশের বিভিন্ন স্থানে গম্ভীরা পরিবেশন করতে থাকি।২০০২ সালে বাংলাদেশের গম্ভীরা গানের কিংবদন্তি শিল্পী রকীবুদ্দীন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তিনি আমাকে লোকসংগীতের এ সমৃদ্ধ ধারাকে বাঁচিয়ে রাখার জন্য অনুরোধ জানান। আমি তখন ফাইজুর রহমান মানিকে নাতি হিসেবে নিয়ে দল গঠন করি এবং দলের নাম রাখি, ‘চাঁপাই গম্ভীরা’। প্রতিষ্ঠালগ্ন থেকে আমার গম্ভীরা দলের গান রচনা করেছেন অধ্যাপক সিরাজুল ইসলাম। বর্তমানে আমি গম্ভীরা গান রচনাসহ দলনেতার দায়িত্ব পালন করছি। আমার দল ইতিমধ্যে বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী, এশিয়াটিক সোসাইটিসহ সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে গম্ভীরা পরিবেশন করেছে। দেশের ছয়টি বিভাগের ৪০টিরও বেশি জেলায় গম্ভীরা পরিবেশনের সুযোগ আমার হয়েছে। সূচনালগ্ন থেকেই আমি গম্ভীরার নানা চরিত্রে রূপদান করি, সেহেতু আমি এখন সবার কাছে ‘নানা’ হিসেবে পরিচিত। আনন্দের বিষয় যে ছেলেও ডাকে আমাকে নানা, আবার তার বাবাও ডাকে নানা বলে। গম্ভীরা যে আমাকে জনমানুষের কত কাছাকাছি নিয়ে গেছে, দর্শক-শ্রোতাদের অভিব্যক্তি দেখেই আমি তা অনুভব করতে পারি। এর চেয়ে বেশি আর কিছু পাওয়ার নেই।গম্ভীরা গান করতে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ ছাড়াও সরকারের কর্মসূচি, দেশের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ হয়েছে। ইতিমধ্যে আমি প্রাথমিক শিক্ষা, পরিবার পরিকল্পনা, গণযোগাযোগ, স্বাস্থ্য ইত্যাদি বিষয় নিয়ে গম্ভীরা করেছি। এ ছাড়া বিভিন্ন এনজিওর গণসচেতনতামূলক অনুষ্ঠান, টিআইবির দুর্নীতিবিরোধী অনুষ্ঠান, ডেমিয়েন ফাউন্ডেশনের যক্ষ্মা নিয়ন্ত্রণ, গণযোগাযোগ অধিদপ্তরের নিরাপদ মাতৃত্ব, শিশুমৃত্যু হার রোধ, নির্বাচনী আচরণবিধি, ইউনিসেফের মানসম্মত শিক্ষা ও নারী শিক্ষার গুরুত্ব ইত্যাদি বিষয় নিয়ে গম্ভীরা করেছি। ১৯৮৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত আমার দল প্রায় পাঁচ হাজার গম্ভীরা পরিবেশন করেছে।এবার ব্যক্তিগত প্রসঙ্গে আসা যাক। কথায় বলে, ‘শিল্পীর গানে গগন ফাটে, শিল্পীর হাঁড়ি কুত্তায় চাটে।’ গম্ভীরা পরিবেশন করে আর্থিকভাবে লাভবান না হলেও যথেষ্ট সুনাম অর্জন করতে সক্ষম হয়েছি। আমি বর্তমানে একটি বেসরকারি কলেজে গ্রন্থাগারিক হিসেবে কর্মরত। ১৯৮৩ সালে আমি বিএ পাস করি। পরে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা করেছি। ব্যক্তিগত জীবনে আমি বিবাহিত।গম্ভীরা গান করে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করলেও অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এখন পর্যন্ত গম্ভীরা অনুশীলনের বা চর্চার জন্য নিজস্ব কোনো জায়গা বা ঠাঁই করতে পারিনি। রাজনৈতিক নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধি—সবার কাছে ধরনা দিয়েছি, সবাই শুধু আশ্বাসই দিয়েছেন আর আমাদের ব্যবহার করেছেন। কোনো ফল হয়নি।প্রতিবাদী লোকসংগীত হিসেবে পরিচিত হলেও গম্ভীরা এখন আর আগের মতো নেই। একসময় গম্ভীরা গানে সমাজের অসংগতিগুলো আলোচনার মাধ্যমে উঠে আসত। ফলে ভুল-ত্রুটিগুলো শোধরানো যেত। কিন্তু বর্তমানে যাঁরা গম্ভীরা পরিবেশনের জন্য ডাকেন, গানে তাঁরা তাঁদের সাফল্যের কথাই বেশি করে তুলে ধরতে বলেন। তাঁদের অসংগতির কথা তুলে ধরলে পরে তাঁরা আর ডাকতে চান না। বর্তমানে কিছু এনজিও নিজেরা নিজেদের মতো করে গম্ভীরা দল গঠন করেছে। তারা শুধু নিজেদেরই গুণগান করে। এসব কারণে গম্ভীরার প্রকৃত উদ্দেশ্য খর্ব হচ্ছে।গম্ভীরা মূলত চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গান। সাধারণত এ অঞ্চলের ভাষায় এ গান পরিবেশিত হয়ে থাকে। কিন্তু দুঃখ লাগে, বর্তমানে অন্যান্য অঞ্চলের মানুষও গম্ভীরা গান করছে। অন্য এলাকার মানুষ গম্ভীরা করলে কোনো অসুবিধা নেই। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের ভাষাকে বিকৃত করে তাদের গাওয়া গান গম্ভীরার যথার্থ মান ক্ষুণ্ন করছে। এতে গম্ভীরা স্বকীয়তা হারাচ্ছে। তাঁদের প্রতি আমার আহ্বান, গম্ভীরা গান যদি করতেই হয়, তাহলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাকে আয়ত্ত করুন এবং শুদ্ধ ভাষায় গান পরিবেশন করুন। এ প্রসঙ্গে আমি বলতে চাই রংপুর অঞ্চলের ভাওয়াইয়া যেমন চাঁপাইনবাবগঞ্জ বা অন্যান্য জেলার ভাষায় শ্রুতিমধুর হয় না, তেমনি চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা গানও অন্য জেলার ভাষায় শ্রুতিমধুর হয় না। জাতীয় প্রচারমাধ্যমগুলোকে এদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। গম্ভীরা গানের বিকাশে এ পর্যন্ত সরকারিভাবে কোনো উদ্যোগ গৃহীত হয়নি। বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গান বা ক্ষুদ্র জাতিসত্তা নিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন একাডেমি বা পরিষদ গঠিত হয়েছে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জে আমরা আজও কোনো গম্ভীরা একাডেমি বা সে ধরনের কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারিনি। গম্ভীরা গানকে বাঁচাতে, গম্ভীরা শিল্পীদের বাঁচাতে তথা গম্ভীরা চর্চার জন্য একটি প্রতিষ্ঠান অবশ্যই প্রয়োজন। এ জন্য আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমার রচিত একটি গম্ভীরা গানের কিছু অংশ উদ্ধৃত করে আমার কথার ইতি টানছি। দুঃখের কথা কহি কাকে কে শুনবে হাঁর কথা গম্ভীরা গান গাহি হামরা মনে লিয়্যা ব্যথা-নানা হে। গম্ভীরায় সুদৃষ্টি দিলে শিল্পীদেরও সম্মান মিলে গম্ভীরা গান উঠবে জ্বলে কর চিন্তা-ভাবনা।অনুলিখন: মাযহারুল ইসলাম