‘সংযমের মাসে অসংযমী হয়ে পড়েছে নাগরিক সংকটগুলো। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই। রান্নার চুলায় গ্যাস নেই। জলের কলে পানি নেই। উফ্, অসহ্য মনে হচ্ছে জীবনটা!’ এভাবেই নাগরিক জীবনের বিষাদগাথা বর্ণনা করছিলেন মালিবাগ চৌধুরীপাড়ার বাসিন্দা রিজুয়ানা রিন্তি।মিরপুরের হারুন অর রশিদের ভাষ্যে, রমজান মাসে পুরো শহরটাই একটা প্রহসনের শহরে পরিণত হয়েছে। তিনি যুক্তি দিয়ে বলেন, ‘রোজা আসতে না-আসতেই বন্ধ করা হলো স্কুল-কলেজগুলো। লোডশেডিং থেকে বাঁচার অজুহাতে বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ করা হলো। এসব সিদ্ধান্ত নিশ্চয়ই বুদ্ধিদীপ্ত নয়।’ তাঁর এই কথার জের পাওয়া গেল নগরের আসাদগেটের উল্টোদিকের সিএনজি পাম্পের সামনের লাইন দেখে। দুপুর দুইটা থেকে অনেকেই গ্যাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। যাত্রীবাহী অটোরিকশাগুলোও এসে শামিল হয়েছিল সে সারিতে। অটোরিকশার লোহার শিকের ভেতরে বসে নাদিম মাহমুদ বলছিলেন, ‘আমাকে যেতে হবে মিরপুরে। শাহবাগ থেকে সিএনজিতে উঠেছি। গাড়িতে কখন গ্যাস ভরা হবে আর কখন মিরপুরে যাব, তা-ই ভাবছি।’এ তো গেল যাত্রীদের কথা। চালক বেচারারা পড়েছেন আরও ফাঁপরে। রশিদ নামের এক অটোরিকশাচালক বলছিলেন, ‘আমাগো গ্যাসের ট্যাংকিতে একবারে তো বেশি গ্যাস ভরা যায় না। তিন-চারটা খেপ মারতে না-মারতেই আবার গ্যাস ভরতে হয়। দেশে এত লোক থাকতে সরকার আমাগো উপরে ঠাঠা ফেলল কেন?’ রশিদের এই কথায় সায় দিয়ে পাশের আরেক চালক রেগেমেগে বললেন, ‘আরে, আমাগো গাড়িতে তো পাবলিক চড়ে—যদি মাজায় জোর থাকে, তাহলে প্রাইভেট কার বন্ধ করুক। সিএনজিওয়ালাদের পেটে লাথি মেরে কী হবে?’সরকারের এই সিদ্ধান্তে সিএনজিচালকদের মতো পাম্পের লোকজনও পড়েছেন বেকায়দায়। হাজীপাড়া সিএনজি স্টেশনের এক কর্মকর্তা বলছিলেন, ‘ছয় ঘণ্টা গ্যাস দেওয়া বন্ধ করছে। বাকি সময়ের মধ্যে আবার লোডশেডিং থাকে আরও সাত-আট ঘণ্টা। টেকনিক্যাল কারণে গ্যাসের চাপও কমবেশি থাকে। তাই এভাবে চলতে থাকলে আমাদের পথে বসতে হবে।’তবে সরকার অবশ্য বলছে, বিদ্যুৎ উত্পাদনের জন্য কাজে লাগানো হচ্ছে এই অতিরিক্ত গ্যাস। কিন্তু তাদের বিদ্যুৎ উত্পাদনের নমুনা আশাব্যঞ্জক নয় জানিয়ে উত্তরা হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা আলী আজগর সোনা বলেন, ‘আগেও ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং হতো, এখনো ঠিক একই অবস্থা।’ ২২ পূর্ব রামপুরার অধিবাসী দ্বীপমণি অবশ্য জানালেন অন্য রকম ভোগান্তির কথা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সন্ধ্যা থেকে রাতের মধ্যে মাত্রাতিরিক্ত লোডশেডিং হচ্ছে। বাড়ির টানা মোটর ছেড়ে যে পানি তুলব, সেই সময়টুকুও পাওয়া যাচ্ছে না।’ প্রায় এক সপ্তাহ যাবৎ অল্প পানি দিয়েই রান্না, গোসল সারতে হচ্ছে তাঁদের।তবে পানির অভাব নগরে তীব্র আকার ধারণ না করলেও যানজটের চিত্রটা কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে। ঈদুল ফিতরকে পুঁজি করে বিপণিবিতানগুলোতে চলছে হরদম ক্রেতা-বিক্রেতা আর দর্শকদের আগমন। এই দর্শনার্থীরাও কিন্তু শান্তিতে চোখ জুড়াতে পারছে না। ধানমন্ডির মেট্রো শপিং মল থেকে গাউছিয়া—এই অল্প একটু পথ আসতেই ইসরাত জাহানের লেগেছে প্রায় পৌনে এক ঘণ্টা। রিকশায় ঝিমুতে ঝিমুতে তিনি যখন গাউছিয়ায় পৌঁছালেন, ততক্ষণে তাঁর কেনাকাটার শখ উবে গেছে। দিন যত যাচ্ছে তত বাড়ছে সমস্যার জট। এর মধ্যে আবার নতুন সমস্যার অবতারণা করছে রাস্তার পাশে পসরা সাজানো নোংরা আর ধুলোমাখা ইফতারি। ভেজালের এই ভরা মৌসুমে কোন বেগুনিটা যে পোড়া মবিল দিয়ে ভাজা আর কোনটা যে তেল দিয়ে ভাজা, সেই রহস্যের জট খোলাও মুশকিল।