অসচ্ছল ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিত করতে হবে: আইনমন্ত্রী
প্রকৃত অসচ্ছল ব্যক্তিরা যাতে আইনগত সহায়তা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে বিচারক ও আইনজীবীদের প্রতি তাগিদ দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেছেন, সরকার অসচ্ছলদের আইনি সহায়তা কার্যক্রম প্রদান চালিয়ে যাচ্ছে। সত্যিকারভাবে অসচ্ছল ব্যক্তিরা আইনি সহায়তা পেলেই বিষয়টি সফল হবে। এ জন্য বিচারক ও আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি। আজ শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম ও দেওয়ানি কার্যবিধি সংশোধন বিল-২০১১ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, আইনগত সহায়তা কার্যক্রমের সঙ্গে বিচারের দীর্ঘসূত্রতার বিষয়টি রয়েছে। সচ্ছল ব্যক্তিরাও আদালতের দ্বারস্থ হলে একটি মামলার জন্য বছরের পর বছর ঘুরতে হয়। এমন ঘটনা ঘটলে তা বিচারের নামে অবিচার হয়। বিচারের দীর্ঘসূত্রতা যাতে না হয়, সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান তিনি।দীর্ঘসূত্রতার কারণ হিসেবে কার্যবিধি অন্তরায় উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রক্রিয়া চলছে। সমন নোটিশ ও জবাব দেওয়ার ক্ষেত্রে সময় বেঁধে দেওয়ার চিন্তা-ভাবনাও রয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, বিচার বিভাগে ২০ লাখ মামলা বিচারাধীন আছে। এটা দুঃখজনক। আইনগত সহায়তা প্রদানের পাশাপাশি বিচার বিভাগের এ অবস্থার উন্নতি করা গেলে সুফল পাওয়া যাবে। আদালতের ওপর চাপ কমানো, আইনের শাসনের ওপর আস্থা বাড়ানোর দিক বিবেচনা করে দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধিতে পরিবর্তন আনা হবে বলেও মন্তব্য করেন তিনি। আইন ও বিচার বিভাগের দায়িত্ব প্রাপ্ত সচিব সহিদুল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, প্রমোটিং অ্যাকসেস টু জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটস ইন বাংলাদেশ প্রকল্পের পরিচালক সালমা বিনতে কাদির, আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম প্রমুখ।