অসত্য-অন্যায়ের কাছে মাথা নত করবেন না: রাষ্ট্রপতি
বিশ্ববিদ্যালয় হচ্ছে উচ্চশিক্ষা ও গবেষণার সূতিকাগার। শিক্ষার্থীদের উচিত তাদের মেধা, মনন ও কর্ম দিয়ে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত হওয়া। আজ শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সমাবর্তনে রাষ্ট্রপতি জিল্লুর রহমান এ কথা বলেছেন। তিনি কখনো অন্যায় বা অসত্যের কাছে মাথা নত না করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সমাবর্তন উপলক্ষে সকাল থেকে বিশ্ববিদ্যালয় বর্ণিল সাজে সেজে ওঠে। সমাবর্তনের মূল স্থান কেন্দ্রীয় খেলার মাঠে বিশাল এলাকাজুড়ে প্যান্ডেল বসানো হয়। শহীদ মিনারের পাদদেশ থেকে সমাবর্তনস্থল পর্যন্ত শোভাযাত্রা উদ্বোধন করে রাষ্ট্রপতি অনুষ্ঠান শুরুর ঘোষণা দেন। সমাবর্তনের মূল অনুষ্ঠানে প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম বক্তব্য দেন। তিনি বলেন, দেশে জ্ঞান-বিজ্ঞানের আলোকশিখার বিচ্ছুরণ যত বেশি হবে, দেশ ততই উন্নত শিরে বিশ্বে দাঁড়াতে পারবে। আর রাষ্ট্রব্যবস্থায় গণতন্ত্র তত সুদৃঢ় হবে। তিনি আরও বলেন, আজকের ডিগ্রিধারীরাই ভবিষ্যতে একটি সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নিবেদিত প্রাণ হতে পারে।সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, চারটি অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত রেজিস্টার উপস্থিত ছিলেন।