অসন্তুষ্ট ও বিচলিত কূটনীতিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহাম্মদ ইউনূসকে যে প্রক্রিয়ায় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাতে অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রসহ দাতাগোষ্ঠীর প্রতিনিধিরা। এতে তাঁরা বিচলিত বলেও জানিয়েছেন।আবার এই ঘটনায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বাড়েনি বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এ ছাড়া কোনো উপায় ছিল না।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে আন্তর্জাতিক দাতা সংস্থা এবং বাংলাদেশে অবস্থানরত কূটনীতিকদের সঙ্গে ড. ইউনূসের অপসারণের বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলা হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী এবং মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ‘অনেক দিন থেকেই গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিবর্তনে একটি সম্মানজনক উপায় খুঁজছিলাম। বিষয়টি ড. ইউনূসকে অবহিত করার পর জানালেন, তিনি ছাড়া প্রতিষ্ঠানটি বিপর্যস্ত হয়ে পড়বে। আমি তাঁকে বলেছি, তাহলে তো দুঃখ পাওয়া ছাড়া কিছু করার থাকবে না। এরই মধ্যে গত বুধবার বাংলাদেশ ব্যাংক তাঁকে অব্যাহতি দিয়েছে। কোনো উপায় ছিল না। এতে কোনো আক্রোশ বা রাজনৈতিক উদ্দেশ্য নেই।’ গতকালের বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশাররফ হোসেন ভুঁইঞা উপস্থিত ছিলেন। অন্যদিকে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ছাড়াও ফ্রান্সের রাষ্ট্রদূত চার্লস কাসুরেট, জার্মান রাষ্ট্রদূত হোলগার মাইকেল, চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ানয়ি, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উরস হ্যারেন, স্পেনের রাষ্ট্রদূত আর্তুরো মানুয়েল পেরেসসহ বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইউএনএফপিএ এবং ঢাকায় নিযুক্ত জাপান, নরওয়ে, ডেনমার্ক, ফ্রান্স, সুইডেন, ব্রাজিল, কানাডা, যুক্তরাজ্য, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে জেমস এফ মরিয়ার্টি সাংবাদিকদের বলেন, ‘যে প্রক্রিয়ায় তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে, তাতে আমার সরকার গভীরভাবে বিচলিত। আমরা চেয়েছিলাম, সৌহার্দ্যপূর্ণভাবে বিষয়টির সুরাহা হোক। এখনো আমরা সেটাই চাই। আমরা আশা করব, দুই পক্ষই তাদের মতভেদ দূর করতে কাজ করবে।’মরিয়ার্টি বলেন, মুহাম্মদ ইউনূস বাংলাদেশের মহান ব্যক্তিদের একজন। তিনি নোবেল পুরস্কার বিজয়ী একজন সম্মানিত ব্যক্তি। সম্মানজনক উপায়ে এ বিষয়টির সুরাহা করা যেত। মুহাম্মদ ইউনূসকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ায় দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে কি না জানতে চাইলে মরিয়ার্টি বলেন, ‘আমি এটা জানি না।’মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘১২ বছর আগের প্রক্রিয়াগত একটি বিষয়ের কারণে হঠাৎ করে তাঁকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, সেটি আমাদের কাছে খুবই অস্বাভাবিক মনে হয়েছে। কাজেই তাঁর বিষয়টিতে আমরা খুব বিচলিত।’ মুহাম্মদ ইউনূসের পরিণতি কী হবে জানতে চাইলে তিনি বলেন, এটা বাংলাদেশের জনগণ আর সরকার ঠিক করবে। এ ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা নেই।’এদিকে, গতকালের বৈঠকের শুরুতেই গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূস বিষয়ে ছয় পৃষ্ঠার লিখিত বক্তব্য দেন অর্থমন্ত্রী। এ ধরনের বৈঠক আয়োজনের কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, ‘গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসের প্রতি আপনাদের অনেকেরই বিশেষ টান রয়েছে। আমার ও আমার সহকর্মীদের কাছে এ বিষয়ে সর্বশেষ ঘটনাবলি জানতে চেয়েছেন। চিন্তা করলাম, বিষয়টি জানানো দরকার। তবে এভাবে কিছু জানাতে হবে বলে আমরা প্রস্তুত ছিলাম না। মোটের ওপর ঘটনাটিতে আমরা খুশিও নই।’ লিখিত বক্তব্যে অর্থমন্ত্রী জানান, ১৯৮৩ সালে একটি অধ্যাদেশের বলে অনন্য কিছু বৈশিষ্ট্য নিয়ে গঠিত হয় গ্রামীণ ব্যাংক। এটি কোনো বেসরকারি সংস্থা (এনজিও) নয়, বরং সরকারি প্রতিষ্ঠান। ব্যবস্থাপনাসহ প্রতিষ্ঠানটিতে মুহাম্মদ ইউনূসের অবস্থান নিয়ে সম্প্রতি নানা কথা ওঠে। ব্যাংকটির সার্বিক বিষয় নিয়ে এরই মধ্যে সরকার একটি পর্যালোচনা কমিটি গঠন করে। গ্রামীণ ব্যাংক বা এর এমডির কোনোরূপ অসম্মান যেন না হয়, সে জন্যই তদন্ত কমিটির পরিবর্তে গঠন করা হয় পর্যালোচনা কমিটি। অর্থমন্ত্রী কূটনীতিকদের জানান, মুহাম্মদ ইউনূসের সঙ্গে চার দশকের বন্ধুত্বের সূত্র ধরে অনানুষ্ঠানিকভাবে তাঁকে জানানো হয়েছিল, পর্যালোচনা চলাকালীন তিনি যাতে উপব্যবস্থাপনা পরিচালকের (ডিএমডি) কাছে সাময়িকভাবে হলেও দায়িত্ব হস্তান্তর করেন। মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের জন্য তখন তাঁর পছন্দের একজন চেয়ারম্যান চান। অর্থমন্ত্রী বলেন, ‘গত বুধবারও ব্যাংকটির ব্যবস্থাপনায় পরিবর্তন ও নেতৃত্ব নিয়ে তাঁর (মুহাম্মদ ইউনূস) সঙ্গে চূড়ান্ত আলোচনা হলে তিনি জানান, তাঁর অনুপস্থিতিতে প্রতিষ্ঠানটিতে বিপর্যয় নেমে আসতে পারে। আমার কাছে অবশ্য সে রকম কিছু মনে হয় না, যেখানে ইতিমধ্যেই এত গৌরবজনক অধ্যায় তৈরি করে ফেলেছে প্রতিষ্ঠানটি।’অর্থমন্ত্রী বলেন, আইন নিজের গতিতে চলে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিয়েছে। গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিয়ে গ্রামীণ ব্যাংকের পর্ষদ এমডি নিয়োগ দিতে পারে। এ ক্ষেত্রে তা-ও মানা হয়নি। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনেও বিষয়টি বহুবার উল্লেখ করা হয়েছে।দাতা সংস্থা ও কূটনীতিকদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ২৭ বছর ধরেই গ্রামীণ ব্যাংকের কার্যক্রম খুব ভালোভাবে মূল্যায়ন করা হয়নি। এটি কোনো এনজিও নয়, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) আওতাধীন কোনো প্রতিষ্ঠানও নয়। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকও প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে তেমন বেশি গুরুত্ব দেয়নি। অর্থমন্ত্রী বলেন, সম্প্রতি নরওয়ের এক টেলিভিশন একটি প্রতিবেদন প্রচার করেছে। এতে বিশ্ব গণমাধ্যম, বিশেষ করে বাংলাদেশি গণমাধ্যমগুলো বিশেষ নজর কাড়ে। এ বিষয়ে নরওয়ে কর্তৃপক্ষ থেকে একটি বিবৃতি আসে। সরকারের দিক থেকে তখনই পর্যালোচনা কমিটি গঠন করা হয়। পর্যালোচনা কমিটির কার্যপরিধি (টিওআর) খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে যে এতে গ্রামীণ ব্যাংক এবং এর প্রতিষ্ঠাতা এমডির কোনোরূপ সম্মানহানির কোনো মতলব সরকারের নেই। বৈঠকের পরই সাংবাদিকদের অর্থমন্ত্রী জানান, ‘১৯৯৯ সালের পরই অধ্যাপক ইউনূসের ৬০ বছর বয়স হয়ে যায়। তখনই তাঁর অবসর নেওয়ার কথা। বাংলাদেশ ব্যাংক অনেকবারই এটা বলেছে। কিন্তু এই বিষয়টির কোনো জবাবই দেয়নি গ্রামীণ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক তার আইনানুযায়ী পদক্ষেপ নিয়েছে।’তাহলে এত দিন কীভাবে চলল—কূটনীতিকেরা এমন প্রশ্নও করেন বলে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান। এর উত্তরে তিনি বলেন, ‘গ্রামীণ ব্যাংক একটি আদরের প্রতিষ্ঠান। তাই খুব একটা খতিয়ে দেখা হয়নি। আর ইউনূস আমার বন্ধু, যখন রাজনীতিতে ছিলাম না তখনো, মন্ত্রী হওয়ার পর এখনো।’অর্থমন্ত্রী বলেন, ‘চেয়েছিলাম সম্মানজনকভাবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে। কিন্তু দুর্ভাগ্যজনক যে তা হলো না।’ ইউনূসের বিষয়ে পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কি না প্রশ্নের জবাবে মুহিত বলেন, তা কেন হবে? এর সঙ্গে পররাষ্ট্রনীতির কোনো সম্পর্ক থাকা উচিত নয়। সরকার অতি উৎসাহী হয়ে ইউনূসকে অপসারণ করেছে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটা আমি গ্রহণ করি না। বরং আপনারাই (মিডিয়া) এত ফেনিয়ে তুললেন যে বিশ্ব মিডিয়া এটা গ্রহণ করল। তাঁর সম্মান যাতে বজায় থাকে সে জন্যই তাঁকে পর্যালোচনার কথা বলেছিলাম। তাঁর ও দেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য চেষ্টাও করেছি।’ ইউনূসের অপসারণে দেশের ভাবমূর্তি কি বেড়েছে—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘মোটেই বাড়েনি। কিন্তু কোনো উপায় ছিল না।’ বিষয়টিতে রাজনৈতিক আক্রোশ রয়েছে বলে অভিযোগ উঠেছে প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘উনি তো রাজনীতিতে নেই-ই। তাহলে আক্রোশের প্রশ্ন কেন?’ বৈঠকের চিত্র: বৈঠকে অর্থমন্ত্রীর বক্তব্যের পরপরই পাশ্চাত্যের কয়েকজন কূটনীতিক মন্ত্রীর কাছে কয়েকটি বিষয়ে জানতে চান। বৈঠকের সূত্রগুলো জানিয়েছে, দাতাদের সবাই আলোচনায় অংশ নেননি। তবে তাঁদের অধিকাংশই সরকারের পদক্ষেপে বিচলিত বলে একটি সূত্র দাবি করে। নরওয়ের রাষ্ট্রদূত রাইনে ব্রিট লুনড বলেন, মুহাম্মদ ইউনূসকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি দুঃখজনক। কারণ নরওয়ে টিভির প্রামাণ্যচিত্রে গ্রামীণ তহবিল সরানোর যে অভিযোগ আনা হয়, সেটি অনেক আগেই সুরাহা হয়ে গেছে।মার্কিন রাষ্ট্রদূত মরিয়ার্টি বলেন, ১৯৯৯ সালে প্রক্রিয়াগত একটি ভুলের কারণে মুহাম্মদ ইউনূস এ পরিস্থিতিতে পড়েছেন। অথচ ওই ভুলের সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। কাজেই ওই ভুলের দায় কেন তাঁর ওপর চাপানো হচ্ছে। এ ব্যাপারে মন্ত্রীর ব্যাখ্যায় সন্তুষ্ট হননি ওই রাষ্ট্রদূত। এরপর মার্কিন ওই কূটনীতিক প্রশ্ন তোলেন, ইউনূসের নিয়োগে সমস্যা থাকলে পরিচালনা পর্ষদ গত ১২ বছরে বাংলাদেশ ব্যাংকের কাছে জানায়নি কেন। উত্তরে মন্ত্রী জানান, মুহাম্মদ ইউনূস বিষয়টি পর্ষদকে চেপে যেতে বলেছিলেন। পর্ষদও এ নিয়ে কথা বলার সাহস পায়নি।অর্থমন্ত্রী দাতাদের জানান, গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান যথেষ্ট যোগ্যতাসম্পন্ন। এ সময় প্রভাবশালী এক রাষ্ট্রদূত বলেন, তিনি একটি বিশেষ দায়িত্ব পালন করতে যোগ দিয়েছেন।অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার কিলমেনি বিকারিং জানতে চান, গ্রামীণ ব্যাংকের বিষয়ে সরকার তদন্ত কমিটি গঠন করেছে কি না। ওই তদন্ত শেষ হওয়ার আগে তাঁকে সরিয়ে দেওয়ার ব্যাপারে এমন কী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে অর্থমন্ত্রী গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ব্যাখ্যা দেন।ফ্রেন্ডস অব গ্রামীণের উদ্বেগ: প্যারিসভিত্তিক সংগঠন ফ্রেন্ডস অব গ্রামীণ মুহাম্মদ ইউনূসকে অব্যাহতভাবে হয়রানির নিন্দা জানিয়েছে। গতকাল ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি ইউনূসের বিরুদ্ধে সরকারের এ পদক্ষেপের নিন্দা জানায়। এর পাশাপাশি তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন, সেটির সমর্থন জানিয়েছে ফ্রেন্ডস অব ইউনূস।