অসন্তোষের মূল কারণ পণ্যের মূল্যবৃদ্ধি ও বাড়িভাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার-আশুলিয়া এলাকার শ্রমিকদের বসবাস কেন্দ্রীভূত যেখানে, সেখানে বাসাভাড়া বাড়ে বছরে তিন-চারবার। একদিকে বাজারে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির চাপ, তার ওপর নিয়ন্ত্রণহীন বাড়িভাড়া বৃদ্ধি—এ নিয়েই সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ তৈরি হয়েছে এই এলাকাতে। সরেজমিন অনুসন্ধান আর ঢাকায় সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে এমন সব তথ্যই মিলেছে। মূল্যবৃদ্ধির অনেক তথ্যের সঙ্গে পোশাক মালিকেরাও একমত। আশুলিয়া এলাকায় এক ছোট্ট কক্ষে এক সিটের ভাড়া আগে ছিল ৭০০ টাকা। কয়েক দিন আগে বেড়ে হয়েছে ৯০০ টাকা। এই কক্ষে একটি খাটে থাকেন দুজন। দুটি খাট ধরে এমন কক্ষের ভাড়া আগে ছিল এক হাজার টাকা, এখন হয়েছে এক হাজার ২০০ টাকা। এখনই বাড়ির মালিকেরা বলে রেখেছেন, বেতন বাড়লে এই কক্ষের ভাড়া দিতে হবে এক হাজার ৫০০ টাকা। বাড়িভাড়া বৃদ্ধির এ যেন নিয়ন্ত্রণহীন স্বেচ্ছাচার। এই যে বাসাভাড়া বৃদ্ধি, তা কোথাও কোথাও গত বছর তিন থেকে চারবারও বাড়ানো হয়েছে বলে জানা যায়। যার সঙ্গে শ্রমিকের জীবন ধারণ অসম্ভব হয়ে পড়েছে।আশুলিয়ার পোশাক কারখানা পলমল গ্রুপের অপারেটর রুবেল মিয়া (২৮) বলেন, ‘পেটে ভাত না থাকলে কাজ করব কীভাবে? যে বেতন পাই, তাতে বাসাভাড়া আর খাওয়ার খরচই চলে না। প্রতি মাসেই ধারদেনা করে চলতে হয়।’ রুবেল জানান, তাঁর স্ত্রী জোসনা বেগম চাকরি করেন এনভয় পোশাক কারখানায়। অতিরিক্ত কাজের পারিশ্রমিকসহ দুজনে মিলে প্রতি মাসে গড়ে বেতন পান ১২ হাজার টাকা। অথচ খরচ হয় এর চেয়ে বেশি। রুবেল বলে চলেন, ‘এক কক্ষের একটি ঘরভাড়া দিতে হয় এক হাজার ৬০০ টাকা। চাল, ডাল, তরিতরকারি ও মাছসহ অন্যান্য খরচ হয় মাসে আট হাজার টাকা। গ্যাসের সংযোগ না থাকায় কেরোসিন ও লাকড়ি বাবদ খরচ হয় ৭০০ টাকা। বাচ্চার দুধ ও আনুষঙ্গিক খরচ এক হাজার টাকা। এ কারণে প্রতি মাসেই ঘাটতির মধ্যে পড়তে হয়।’ আরেক শ্রমিক জামগড়ার আইডিএস গ্রুপের মো. সোহেল খান। তিনি জানান, প্রতি মাসে সর্বসাকল্যে তাঁর বেতন পাঁচ হাজার টাকা। ওই টাকায় তাঁর স্ত্রী, মা ও বোনসহ চারজনের সংসার চলে। ওই টাকার মধ্যেই তাঁকে ঘরভাড়া দিতে হয় মাসে সাড়ে তিন হাজার টাকা। জামগড়ার ইয়াগী বংলাদেশ লিমিটেডের শ্রমিক মো. আবদুল হালিম সরকার জানান, অতিরিক্ত কাজের পারিশ্রমিকসহ তিনি প্রতি মাসে বেতন পান পাঁচ হাজার থেকে পাঁচ হাজার ৫০০ টাকা। তাঁর স্ত্রী শাহানাজ বেগম সেড ফ্যাশানের শ্রমিক, বেতন পান একই রকম। তাঁদের প্রতি মাসে ঘরভাড়া দিতে হয় দুই হাজার টাকা। সংসারের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে চলে যায় সাত হাজার টাকা। তাঁদের মেয়ে শ্রাবণী সরকার প্রথম শ্রেণীর ছাত্রী। মেয়ের পেছনে খরচ হয় মাসে দুই হাজার টাকা। এরপর আত্মীয়স্বজনসহ চিকিৎসকের পেছনে খরচ হয় মাসে অন্তত এক হাজার টাকা। তাই তাঁকে প্রতি মাসেই এক থেকে দুই হাজার টাকা বাড়ি থেকে আনতে হয়।সাভার-আশুলিয়া এলাকার শ্রমিকের এই হলো জীবন। এই জীবন যখন আর চলে না, তখন এমনিতেই শ্রমিকের মধ্যে ঐক্য হয়। ছোট্ট কোনো ইস্যুতে তাঁরা নেমে পড়েন রাজপথে। আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত পুলিশ, দাঙ্গা পুলিশ, শিল্প পুলিশ কোনো কিছুই অসন্তোষকে আটকাতে পারে না। শ্রমিক সংগঠনগুলোও এখানে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না। কেননা, শ্রমিকনেতাদের কোনো কারখানাতেই শ্রমসংগঠন করার অধিকার নেই। ফলে তাঁদের কথাও শোনেন না এসব সাধারণ শ্রমিক।সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতনকে জিজ্ঞাসা করেছিলাম, নৈরাজ্যিক শ্রমিক আন্দোলনকে নিয়ন্ত্রণে আপনাদের কোনো ভূমিকার সুযোগ আছে কি না। জবাবে তিনি বলেন, ‘আমরা তো কোনো কারখানাতে শ্রমিক সংঘ করতে পারি না। ফলে তাঁদের প্রশিক্ষিত করা কিংবা শ্রমিক সংঘের অধিকার আদায়ের বিষয়ে কোনো কথা তো তাঁদের সঙ্গে হয় না। এমন ঘটনা ঘটলেই আমরা যাই। তখন এ পরিস্থিতি সামাল দেওয়াও আমাদের পক্ষে সম্ভব নয়।’ তবে পোশাক শ্রমিকদের মধ্যে কিছু সংগঠন নিয়মিত কাজ করে। তারাও এই শ্রম আন্দোলন ও শ্রমিকের ন্যায্য দাবির সঙ্গে একাত্ম রয়েছে বলে জানান, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। সরেজমিন জিরাবর অ্যাজাক্স সোয়েটারের শ্রমিক রফিকুল ইসলাম জানান, বেতন বাড়লে পাল্লা দিয়ে বাড়ে বাসাভাড়া। তাই বেতন বাড়লেও তার সুফল পান না শ্রমিকেরা। তিনি বলেন, সোয়েটার কারখানায় পিস রেট অনুযায়ী কাজ করেও মাসে ছয় থেকে সাত হাজার টাকার বেশি পারিশ্রমিক পাওয়া যায় না। অথচ ঘরভাড়া আর সংসারের খরচ চালাতে আরও বেশি টাকার প্রয়োজন।অর্থনীতির গবেষক বিনায়ক সেন বলেন, জাতীয় বাজেটে মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে শ্রমিকের জীবন ব্যয় সমন্বয়ের ব্যবস্থা রাখা উচিত ছিল। কিন্তু সেটা হয়নি। তিনি আরও বলেন, ২০০৯-১০ সালে যখন শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল, তখন প্রতি ডলারের মূল্যমান ছিল অনেক কম। এখন টাকার মূল্যমান অনেক কমে গেছে। কিন্তু বিনিময় হারের সুবিধাভোগী হচ্ছেন শুধু মালিকেরা। মালিকেরা তো সেই হারে শ্রমিকের মজুরি বাড়াতে পারেন।