অসম লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে ম্যাচের পরিসর যত বড়, অঘটনের সম্ভাবনা তত কম। একদিনের ক্রিকেটে বাংলাদেশ দুবার হারাতে পারে ভারতকে, কিন্তু টেস্টে ভারতকে হারাবে—এমন সামর্থ্য বাংলাদেশের এখনো হয়নি। কেউ প্রশ্ন তুলতে পারেন তাহলে কী লক্ষ্য নিয়ে খেলছে বাংলাদেশ? লক্ষ্য একটাই, ভালো খেলা। ফলাফল যাই হোক হবে, আশরাফুল, সাকিবরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলেই সেটি ভালো পারফরম্যান্স হবে বাংলাদেশের।তা কি পারবে বাংলাদেশ? সেটি অবশ্য পরের কথা। তবে দুই দলের অতীত পারফরম্যান্স বলছে, আজ থেকে শুরু হতে যাওয়া দু টেস্টের সিরিজও আসলে একটা অসম লড়াই-ই হবে।এ পর্যন্ত পাঁচটি টেস্ট খেলেছে দু দল। বৃষ্টির আশীর্বাদে বাংলাদেশ একটি টেস্ট ড্র করতে পারলেও বাকি টেস্টগুলোর ফলাফল দু দলের শক্তি-সামর্থ্যকে নদী ও সমুদ্রের মতো তুলে ধরেছে। বাংলাদেশ তিনটি টেস্ট হেরেছে ইনিংস ব্যবধানে। বাকিটি ৯ উইকেটে।ঢাকায় অভিষেক ইনিংসটিকে স্বপ্নের মতো ৪০০ তে টেনে নিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে তারপর চার শ কিংবা তার বেশি রানের ইনিংস আর খেলতে পারেনি। ক্ষণিকে ঝলসে উঠে পরক্ষণেই চুপসে যাওয়ার ধারাটা তো তৈরি হয়েছে অভিষেক টেস্ট থেকেই। প্রথম ইনিংস চার শ করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলআউট মাত্র ৯১ রানে। এক শ রানের নিচে অলআউট হওয়ার ঘটনা এই একটি হলেও ২০০ রানের নিচে অলআউট হয়েছে তিনবার (১১৮, ১২৪ ও ১৮৪ রানে)। ভারতীয় বোলারদের সামনে খুব কম ইনিংসেই ভালো শুরু করতে পেরেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। এক শ রানের নিচে ৬ কিংবা তার চেয়ে বেশি উইকেট হারিয়েছে চারবার। ৫০ রানের নিচে ৫ উইকেট হারানোর ঘটনা ঘটেছে ৪ বার।ব্যক্তিগত সংগ্রহেও ভারতের ক্রিকেটারদেরই এগিয়ে থাকা স্বাভাবিক। দু দেশের সিরিজে তিন শ পেরোনো রান আছে তিনজনের। কিন্তু এই তালিকায় একজনও বাংলাদেশের নন। ৬ ইনিংসে শচীন টেন্ডুলকারের রান ১৩৯.০০ গড়ে ৫৫৬। রাহুল দ্রাবিড় ও সৌরভ গাঙ্গুলীর ৪২১ ও ৩৭১। টেন্ডুলকারের গড়ই সবার ওপরে। ২ টেস্টে ১০৪ ব্যাটিং-গড় নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে বর্তমান ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পরের দুটি স্থানে আছেন সুনীল যোশি (৯২.০০) ও গৌতম গম্ভীর (৮৭.০০)। পাঁচে বাংলাদেশের আমিনুল ইসলাম (৭৫.৫০)। একটা জায়গায় আমিনুল অবশ্য ছাড়িয়ে গেছেন দ্রাবিড়, টেন্ডুলকারদের। অভিষেকেই তিনি খেলেছেন ১৪৫ রানের অনবদ্য ইনিংস। যেটি দু দেশের সিরিজে টেন্ডুলকারের ২৪৮*, দ্রাবিড়ের ১৬০ এবং মোহাম্মদ আশরাফুলের ১৫৮* রানের পর চতুর্থ সর্বোচ্চ ইনিংস।দু দলের টেস্ট লড়াইয়ে সেঞ্চুরি হয়েছে ১১টি। আমিনুল, আশরাফুলের ২টি বাদ দিলে বাকি ৯টি সেঞ্চুরিই ভারতের। সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি টেন্ডুলকারের। ২টি দ্রাবিড়ের।একটা ক্ষেত্রে অবশ্য বাংলাদেশের ব্যাটসম্যানরা এগিয়ে। সবচেয়ে বেশি ছক্কাধারী প্রথম চার ব্যাটসম্যানের তিনজনই বাংলাদেশের। ৬টি ছক্কা নিয়ে সবার শীর্ষে মাশরাফি বিন মুর্তজা। আশরাফুল ও ধোনির ছক্কা ৫টি করে। চারে থাকা মোহাম্মদ রফিকের নামের পাশে ছক্কা ৩টি।সর্বোচ্চ স্ট্রাইকরেটের ইনিংসটিও বাংলাদেশের, মালিক মোহাম্মদ আশরাফুল। ন্যূনতম ৩০ রানের ইনিংসগুলোর মধ্যে শীর্ষে ২০০৭ সালে ঢাকায় খেলা আশরাফুলের ৬৭ রান। ১২টি বাউন্ডারি ও ২টি ছয়ে সাজানো ৪১ বলের এই ইনিংসটির স্ট্রাইকরেট ১৬৩.৪১। এর পরেই ২৪ বলে ৩১ রানের ইনিংস নিয়ে আছেন তালহা জুবায়ের। ২০০৪ সালে ঢাকায় খেলা তালহার ওই ইনিংসের স্ট্রাইকরেট ১২৯.১৬।সর্বোচ্চ উইকেটশিকারি ৩ বোলারের তিনজনই ভারতীয়। ১৮ উইকেট নিয়ে সবার শীর্ষে ইরফান পাঠান। পরের দুটি স্থানে জহির খান (১৬) ও অনিল কুম্বলে (১৫)। মোহাম্মদ রফিকও ১৫ উইকেটের মালিক। তবে গড় বেশি হওয়ায় তাঁর অবস্থান কুম্বলের পেছনে। ১০ কিংবা তার চেয়ে বেশি উইকেট পাওয়া পঞ্চম বোলার বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা (১১)। বাংলাদেশের পক্ষে ৬ উইকেট নেওয়া একমাত্র বোলার নাঈমুর রহমানের উইকেট-সংখ্যা ৬। তবে দু দেশের সিরিজে সেরা বোলিং তাঁর নয়। ইরফান পাঠানের। ২০০৪ সালে ঢাকায় ১৫ ওভারে ৫১ রানে ৬ উইকেট নিয়ে ইরফান ছাড়িয়ে যান অভিষেকেই ৪৪.৩ ওভারে ১৩২ রানে ৬ উইকেট পাওয়া নাঈমুরকে। ম্যাচে ১০ উইকেট পাওয়া একমাত্র বোলারও পাঠান।একটা জায়গায় অবশ্য বাংলাদেশকে ‘এগিয়ে’ রেখেছেন মোহাম্মদ রফিক। তবে সেটি তিনি ভুলে যেতে চাইবেন। এক ইনিংসে সর্বোচ্চ ১৮১ রান দেওয়ার লজ্জা বাংলাদেশের রফিকের। দিয়েছিলেন ২০০৭, ঢাকা টেস্টে। আগের রেকর্ডটিও ছিল তাঁর, ২০০৪ সালে চট্টগ্রাম টেস্টে এক ইনিংসে দিয়েছিলেন ১৫৬ রান।দু দেশের টেস্ট লড়াইয়ের রেকর্ডের একটা শাখায় শীর্ষে আছেন হাবিবুল বাশারও। সর্বোচ্চ চার ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়ক তিনি।এরপর আর না বললেও চলছে টেস্ট ‘দানব’ ভারতীয় দলের সামনে বাংলাদেশ পুঁচকে প্রতিপক্ষ! বেশি বাড়াবাড়ি হয়ে গেল ভাবছেন! তাহলে এই তথ্যটাও জেনে নিন। দুই টেস্টের বাংলাদেশ স্কোয়াডে যে ১৪ জন আছেন তাঁদের সম্মিলিত রান যেখানে ৬১৫৬, সেখানে একা টেন্ডুলকারেরই রান ১২৯৭০! শাহরিয়ার ফিরোজ