অসমাপ্ত হাসপাতাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা শহরের সোনালী পার্কে নির্মাণাধীন অসমাপ্ত লালমনিরহাট ডায়াবেটিক হাসপাতাল ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে তিনি ভবনটি উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো. জাহাঙ্গীর আলম কর্তৃক ৪ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক জরুরি ফ্যাক্স বার্তায় এ কথা বলা হয়েছে। লালমনিরহাটের জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার এবং লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ময়নুল ইসলামসহ সংশ্লিষ্ট একাধিক মহল বিষয়টি নিশ্চিত করেছে।এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক লালমনিরহাট ডায়াবেটিক সমিতির একাধিক আজীবন সদস্যসহ সচেতন মহল অসমাপ্ত একটি ভবন উদ্বোধন করার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে। সদস্যদের দাবি, ভবনটি পুরোপুরি নির্মাণ শেষে ব্যবহার উপযোগী হলে উদ্বোধন করা হোক। তাঁরা মনে করছেন, চলতি মাসে বহুতল ভবনটি উদ্বোধন করলে অসমাপ্ত থাকা নির্মাণকাজের বিভিন্ন ধাপসহ পুরো প্রকল্পটির বাস্তবায়ন যেনতেনভাবে হবে। এর ফলে সংশ্লিষ্ট অনেকে পরস্পরের যোগসাজশে নানাভাবে লাভবান হবে। জেলা সমাজসেবা কার্যালয় এবং জেলা গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়ন এবং লালমনিরহাট গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে গত বছরের ৫ মে ডায়াবেটিক হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়। মেসার্স হাবিব অ্যান্ড কোং নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ১১ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ নিয়ে ছয়তলা বিশিষ্ট হাসপাতালের কাজটি শুরু করে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে হাসপাতাল নির্মাণের সময়সীমা ধরা হয়েছিল। তবে আগস্টে এসে মাত্র ৫৭ ভাগ কাজ শেষ হয়েছে। এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ শেষ হচ্ছে না বলে সংশ্লিষ্টরা স্বীকার করেছেন। জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মিজানুর রহমান বলেন, উদ্বোধনের আগের দিন (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত ৬০ ভাগ কাজ শেষ হতে পারে। তিনি বলেন, ‘যে গতিতে নির্মাণকাজ চলছে, তাতে ভবনটি নির্ধারিত সময়ের মধ্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা সম্ভব হবে না বলেই মনে হচ্ছে।’ তবে অসমাপ্ত অবস্থায় হাসপাতাল ভবনের উদ্বোধন প্রসঙ্গে তিনি কোনো ধরনের মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।লালমনিরহাট জেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামিউল আলম বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এবং প্রত্যাশী লালমনিরহাট ডায়াবেটিক সমিতির অংশগ্রহণে বহুতল হাসপাতাল ভবন নির্মাণসহ একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম বলেন, নির্মাণকাজ পুরোপুরি শেষ না হলেও জেলাবাসীর স্বার্থে প্রধানমন্ত্রী হাসপাতাল ভবনের উদ্বোধন ঘোষণা করে ফলক উন্মোচন করতে সম্মতি দিয়েছেন। তিনি দাবি করেছেন, নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ না হলেও আগামী বছরের জুনের মধ্যে তা শেষ হবে। হাসপাতাল ভবন নির্মাণসহ পুরো প্রকল্পের কোনো কাজে বা স্তরে কোনো ধরনের দুর্নীতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, বাকি কাজ যথাযথভাবে শেষ করা হবে।