অসম্ভবকে সম্ভব করলেন আফরোজা পারভিন
গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আর এসএসসি পরীক্ষার সময় একসঙ্গে এগিয়ে আসছে। এমনই অবস্থায় পরিবারের সবারই চিন্তা, পরীক্ষা দেওয়া বোধ হয় হলো না। কিন্তু আফরোজা পারভিন মনোবল হারাতে ইচ্ছুক নন। তাঁর লক্ষ্য, যেভাবেই হোক পরীক্ষা দেবেনই। আর তাঁর এই ইচ্ছা দেখে শ্বশুর-শাশুড়ি আর স্বামীও মনোবল ফিরে পেয়েছিলেন। তাঁরাও আশা করেন, আফরোজাকে পড়ালেখা করতেই হবে। এমনই পরিবেশে আফরোজার পরীক্ষা শুরু হলো। চারটি পরীক্ষা দিয়েছেন তিনি। গত ২২ ফেব্রুয়ারি ভোর ছয়টায় আফরোজা পারভিন পড়ার টেবিলে বসে পড়ালেখা করছেন। এমন সময় তাঁর প্রসববেদনা শুরু হয়। আর মাত্র চার ঘণ্টা পর গণিত পরীক্ষা। সাড়ে ছয়টার সময় জন্ম নেয় কন্যাশিশু জিনিয়া আফরোজ।আফরোজা তাঁর ইচ্ছাশক্তি আর মনোবল নিয়ে সদ্য জন্ম নেওয়া শিশুকে শাশুড়ির কোলে তুলে দিয়ে ছুটে যান পরীক্ষার হলে। পরীক্ষা দেন আফরোজা পারভিন। গত বৃহস্পতিবার তাঁর সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তিনি পেয়েছেন জিপিএ-৫।আফরোজা পারভিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর গ্রামের মুনতাজ আলীর মেয়ে। তিনি চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করতেন। ওই স্কুল থেকেই এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। আফরোজা পারভিন জানান, ছোটবেলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে দেলোয়ার হোসেনের সঙ্গে খেলাধুলা করতেন। একপর্যায়ে বড় হলে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেলোয়ার হোসেন বর্তমানে যশোর এমএম বিশ্ববিদ্যালয় কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র। তাঁদের এই প্রেমের সম্পর্কের কথা গ্রামের মানুষ জানতে পেরে পরিবারের লোকজনকে অবহিত করে। তখন পরিবারের পক্ষ থেকে তাঁদের ওপর চাপ সৃষ্টি করা হয়। একে অপরের সঙ্গে মেলামেশা করতে নিষেধ করা হয়। এমনকি গোপনে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়। এ খবর পেয়ে ২০০৯ সালের ৯ অক্টোবর কালীগঞ্জ শহরে গিয়ে তাঁরা বিয়ে করেন। তখন থেকেই তাঁদের দুজনের ইচ্ছা, তাঁরা উভয়ই পড়ালেখা শেষ করবেন।আফরোজা পারভিন আরও জানান, বিয়ের পর তাঁর বাবা তাঁদের মেনে না নিলেও শ্বশুর মেনে নিয়েছেন। তাঁদের দুজনকে পড়ালেখা শেষ করতে বলেছেন। স্বামী পড়ালেখার ব্যাপারে তাঁকে উৎসাহ দিয়েছেন। তাঁদের সবার উৎসাহে স্বামীর বাড়িতে থেকে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন আফরোজা। তিনি আরও জানান, সিদ্ধান্ত না থাকলেও তাঁর গর্ভে সন্তান এসে যায়।অনেকে অনেক পরামর্শ দিলেও তিনি সন্তানটিকে গর্ভে লালন করতে থাকেন। ইতিমধ্যে তাঁর এসএসসি পরীক্ষা শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁর সন্তানের আলোর মুখ দেখারও সময় আসে। এভাবে চলতে চলতে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি গণিত পরীক্ষার দিন তাঁর মেয়ের জন্ম হয়।মনের জোরেই অসুস্থ অবস্থায় সাত-আট কিলোমিটার দূরের পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়েছেন এবং রীতিমতো পরবর্তী পরীক্ষাগুলোয় অংশ নিয়েছিলেন। দেলোয়ার হোসেন জানান, তাঁরা দরিদ্র হলেও সংসারের কাজে বেশি সময় দিতে হয়নি আফরোজাকে। তাঁরা চেয়েছেন, আফরোজা ভালোভাবে পড়ালেখা করবে। আজ তাঁর পরিশ্রম সার্থক হয়েছে। আফরোজার শাশুড়ি চম্পা বেগম জানান, ছেলেমেয়ে নিজেরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, তাই বলে তাদের তাড়িয়ে দিলে খারাপ হতো। তাদের আশ্রয় দিয়ে পড়ালেখায় উৎসাহ দেওয়ায় আজ ভালো ফল করতে পারল।