অসময়ে পাউবোর জরুরি সংস্কার
রাজশাহীর পদ্মা নদীতে পানি কমে এসেছে। বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও কম। এই সময়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জেলার চারঘাট উপজেলার রাওথা এলাকায় প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে বাঁশ-চাটাই-বালুর বস্তা দিয়ে বাঁধের জরুরি সংস্কারকাজ শুরু করেছে। এলাকাবাসী বলছেন, যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। এখন সরকারের অর্থ অপচয় ছাড়া কোনো কাজ হচ্ছে না। পাউবো সূত্রে জানা গেছে, রাজশাহীতে পদ্মা নদীর পানির বিপৎসীমা ১৮ দশমিক ৫০ মিটার। এবার পানি এই সীমা অতিক্রম করেনি। সর্বোচ্চ সীমা ছিল ১৮ দশমিক ২৪ মিটার। কয়েক দিন ধরে পদ্মার পানি কমতে শুরু করেছে। গত সোমবার ও গতকাল মঙ্গলবার পানির গভীরতা ছিল ১৭ দশমিক শূন্য ৫ মিটার। এরই মধ্যে গতকাল থেকে চারঘাটের রাওথা এলাকায় ১৪ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে পাউবোর এক ঠিকাদার সংস্কারকাজ শুরু করেছেন।রাওথাবাসী জানান, তাঁদের বাঁধ দিয়ে আগে ভ্যান ও মহিষের গাড়ি চলত। কয়েক বছরের ভাঙনে এখন শুধু হাঁটার রাস্তাটুকু রয়েছে। এ বছর বর্ষার শুরুতেও বাঁধটি একটি ভ্যান যাওয়ার মতো চওড়া ছিল। কিন্তু এবার আষাঢ় মাসের শেষ সপ্তাহ থেকে বাঁধে ভাঙন শুরু হয়। কিন্তু পাউবোর কর্মকর্তারা তখন বা এর আগমুহূর্তে কোনো সংস্কারকাজ করেননি।গতকাল দুপুরে রাওথা এলাকায় পদ্মা নদীর ঘাটে গিয়ে দেখা যায়, নদীর তীরে বাঁশ পোঁতা হচ্ছে। কাজটির তদারক করছেন রাজশাহী পাউবোর কর্মী কুদরত আলী। তিনি বলেন, বাঁশের সঙ্গে চাটাইয়ের বেড়া দিয়ে এর মধ্যে বালুর বস্তা দেওয়া হবে।রাওথা গ্রামের কৃষক আজদার রহমান বলেন, বর্ষার শুরুতে পানি বাড়ার সময় বারবার খবর দিয়েও পাউবোর লোকজনকে দেখা যায়নি। পরে তাঁরা নিজেরাই বাঁশ ও খড় দিয়ে বেড়া তৈরি করে কোনো রকমে ঠেকানোর চেষ্টা করেন। এখন পানি অনেক নিচে নেমে গেছে। বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার সেই ঝুঁকি আর নেই। কিন্তু পাউবোর লোকজন এখন মেরামতের কাজে এসেছেন।রাওথা গ্রামের কলেজছাত্র গোলাপ হোসেন বলেন, গত বছরের আগের বছরও পানি কমার সময়ে পাউবোর লোকজন বালুর বস্তা দিয়ে মেরামতের কাজ করেছিলেন। পরের বছর পানি আসতে আসতে সেই কাজের আর কোনো অস্তিত্ব ছিল না। এবারও শেষ সময়ে কাজ করা হচ্ছে। আগামীবারও নতুন পানি আসতে আসতে আর কিছু থাকবে না।’পাউবোর কাজ নিয়ে মন্তব্য করতে গিয়ে গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘এইগিনি হচ্ছে মুনগড়া কাজ। বর্ষার শুরুতে যদি এই কাজডা কইরত, তালে আমহারে রাস্তাডা থাইকত। জানিনি, আমহারে ভাগ্যেরই দোষ, নাকি সরকারের দোষ।’ তিনি বলেন, ‘গত ৩০ বছরে পাঁচবার আমহারে বাড়ি ভাঙতে হইচে।’ এ ব্যাপারে পাউবোর উপসহকারী প্রকৌশলী এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘আগে কোথাও কোনো ঝুঁকি দেখা দিলে আমরা জরুরি ভিত্তিতে মেরামতকাজ শুরু করতে পারতাম। এখন অনেক নিয়মকানুন পার করে তারপর কাজ শুরু করতে করতে দেরি হয়ে যায়।’অর্থের অপচয় প্রসঙ্গে পাউবোর কর্মকর্তা বলেন, এখনো পানি বাড়তে পারে। পানি বাড়লে এই বেড়া ঢেউ ঠেকাবে।