অসময়ে পানির তীব্র সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সেহিরর সময় কলে পানি ছিল না। শোনা যায়, পানির জন্য অনেক প্রকল্প হয়, অনেক খরচ করা হয়, তাহলে বছরের বিভিন্ন সময়ে প্রয়োজনেও পানি পাওয়া যায় না কেন?’গতকাল মঙ্গলবার প্রথম আলোয় ফোন করে এই অভিযোগ ও ক্ষোভ জানান রাজধানীর গুলশান এভিনিউর ২৬ নম্বর সড়কের বাসিন্দা আবদুর রকিব। তিনি বলেন, তিন দিন ধরে পানির প্রকট সমস্যা।পানির একই রকম সংকটে ভুগছে রাজধানীর আরও অনেক এলাকার মানুষ। সাধারণত বর্ষাকালে পানির সংকট দেখা যায় না। কিন্তু এবার অসময়ে এই সংকট মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে। পানির দাবিতে গতকাল মিরহাজিরবাগে বিক্ষোভ করেছে এলাকাবাসী। নাখালপাড়ায় ভুক্তভোগীরা বিক্ষোভের প্রস্তুতি নিলেও প্রবীণ ব্যক্তিরা তাঁদের নিবৃত্ত করেন।ঢাকা ওয়াসা সূত্র জানায়, হঠাৎ করে গরম বেড়ে যাওয়ায় পানির চাহিদা বেড়েছে। কিন্তু লোডশেডিংয়ের কারণে ঠিকমতো পানি উত্তোলন করা যাচ্ছে না। এ কারণে সংকট দেখা দিয়েছে।জানা যায়, গরম বাড়ার পর পানির চাহিদা হয়ে গেছে প্রায় ২৫০ কোটি লিটার। এমনিতে চাহিদা হচ্ছে ২৩০ থেকে ২৪০ কোটি লিটার। ওয়াসা কাগজে-কলমে ২১০ কোটি লিটার পানি উৎপাদনের দাবি করে। তবে বাস্তবে ১৯৫ কোটি থেকে ২০০ কোটি লিটার পর্যন্ত উৎপাদিত হচ্ছে।ওয়াসা সূত্র জানায়, সাধারণত মার্চ থেকে মে মাস পর্যন্ত পানির বড় ধরনের সংকট থাকে। বছরের অন্য সময়ে থাকে মোটামুটি সহনীয়। কিন্তু বর্তমানে সংকট ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। বিশেষ করে মুগদাপাড়া, দক্ষিণ বনশ্রী, গুলশান ২১, ২৪, ২৬, ২৭, ২৮ নম্বর সড়ক, শ্যামলীর খিলজি সড়ক, গুলবাগ, পুরান ঢাকা, মোহাম্মদপুরের শেখেরটেক, মহাখালী, মিরপুর ৬ নম্বর সেকশনের বি ব্লকের ১ নম্বর সড়ক, বৃহত্তর মিরপুরের অনেক এলাকায় কয়েক দিন ধরে চলছে পানির সমস্যা। প্রচণ্ড গরমে পানির এই সংকটে অনেক এলাকায় মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। অনেকে ওয়াসার মূল লাইন থেকে চোরা সংযোগ নিচ্ছে। কেউ কেউ ওয়াসার পানির গাড়ির জন্য চাহিদা জানিয়ে অপেক্ষার প্রহর গুনছে।শ্যামলীর খিলজি সড়কের কয়েকজন বাসিন্দা জানান, গত সোমবার রাত থেকে গতকাল সারা দিনে তাঁদের এলাকায় পানি আসেনি।মুগদাপাড়ার বাসিন্দা ফিরোজ আহমদ জানান, তাঁদের এলাকায় কয়েক দিন ধরে আধা ঘণ্টা পর পর বিদ্যুৎ চলে যাচ্ছে। এ কারণেই পানির বেশ সংকট দেখা দিয়েছে বলে ওয়াসা থেকে জানানো হয়েছে।যোগাযোগ করা হলে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বলেন, প্রধানত বিদ্যুতের কারণে পানির সমস্যা হচ্ছে। এ ছাড়া কয়েকটি স্থানে গভীর নলকূপে সমস্যা সৃষ্টি হওয়ায় পানির উৎপাদন কম হচ্ছে। বিদ্যুৎজনিত সমস্যা দূর করা সম্ভব না হলেও অন্য সমস্যা দ্রুত দূর হবে।জানা যায়, বিদ্যুতের লোডশেডিং ও বিভ্রাটের কারণে ঢাকা ওয়াসার পাম্পগুলো দিনে গড়ে প্রায় দেড় হাজার ঘণ্টা বন্ধ থাকছে। গত ১ আগস্ট ওয়াসার ৫৯০টি পাম্পের মধ্যে ৩৪০টিই বিভিন্ন সময়ে বন্ধ হয়ে গিয়েছিল। এ জন্য এক হাজার ৪১৫ ঘণ্টা পানি উত্তোলন বন্ধ ছিল। গত কয়েক দিন এ রকমই চলছে। অন্যদিকে লোডশেডিংয়ের সময় ওয়াসার পাম্পগুলোতে গড়ে ৭৫০ ঘণ্টা জেনারেটর চালাতে হচ্ছে।এমডি বলেন, জেনারেটর সব সময় চালানো যায় না। এ ছাড়া জেনারেটরের সাহায্যে পর্যাপ্ত পানিও উত্তোলন সম্ভব নয়। দুই শতাধিক পানির পাম্পে বিদ্যুতের দ্বৈত (ডুয়েল) সংযোগ রয়েছে। অনেক সময় দুটি লাইনে একই সঙ্গে লোডশেডিং হচ্ছে।জানা যায়, ওয়াসার ৫৩৯টির মধ্যে ২৩৩টি পাম্পে জেনারেটর রয়েছে এবং ভ্রাম্যমাণ জেনারেটর রয়েছে ৬০টি। এগুলোর উত্তোলনক্ষমতা স্বাভাবিক বিদ্যুতের ক্ষমতার চেয়ে অনেক কম। কিছু পাম্পের অপারেটর নাম প্রকাশ না করার শর্তে জানান, দিনে দুই ঘণ্টার বেশি জেনারেটর চালানো সম্ভব হচ্ছে না। আবার অনেক স্থানে বিদ্যুৎ থাকলেও লো-ভোল্টেজ দেখা দেয়।ওয়াসা সূত্রমতে, গভীর নলকূপের একটি পাম্প চালাতে ৪২০ ভোল্ট বিদ্যুতের দরকার হলেও অনেক স্থানেই বিদ্যুৎ পাওয়া যায় ৩৮০ ভোল্টের নিচে।কিছু এলাকায় পানিতে দুর্গন্ধ: বাসাবো, কদমতলা, আহম্মদবাগ, মাদারটেক এবং গোপাীবাগ, অভয়দাস লেন, কে এম দাস লেন, নারিন্দা, তাঁতীবাজার ও আশপাশের এলাকা, বৃহত্তর মিরপুর, মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে পানিতে এখনো ময়লা ও দুর্গন্ধ রয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।পানির গাড়ির জন্য অপেক্ষা: ধানমন্ডি ৩ নম্বর সড়কের কয়েকটি বাড়িতে বছরের বেশির ভাগ সময়ই পানির সমস্যা থাকে। এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, গতকাল সকালে স্থানীয় কার্যালয়ে পানির গাড়ি চেয়ে নাম দিয়েছেন। সারা দিনে গাড়ি আসেনি। কবে আসবে—এই অপেক্ষায় আছে তাঁর পরিবার।ওয়াসা সূত্র জানায়, বর্তমানে ওয়াসার পানির গাড়ি রয়েছে ৩১টি। গতকাল পানির গাড়ির জন্য আবেদনপত্র আসে পাঁচ শতাধিক। এর মধ্যে দিনে-রাতে ২৩৬টি গাড়ি দেওয়া সম্ভব হয়। উত্তরা অঞ্চলের ১৫১টি চাহিদার মধ্যে ১৯টি, গুলশানে ৯৯টির বিপরীতে ৩৩টি, ধানমন্ডি-লালমাটিয়ায় ৮৪টির ক্ষেত্রে ৩৭টি গাড়ি দেওয়া সম্ভব হয়।এদিকে ১ আগস্ট থেকে পানির দাম ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এর ফলে প্রতি হাজার লিটারের দাম ছয় টাকা ৩৪ পয়সা থেকে বেড়ে ছয় টাকা ৬৬ টাকা হয়েছে। এমডি বলেন, তার পরও ওয়াসার লোকসান থাকছে সাড়ে ৩ শতাংশ।