অসময়ে বন্যায় সাত কোটি টাকার ক্ষতি
ধুনট উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে অসময়ে বন্যায় এক হাজার ২০০ কৃষকের প্রায় সাত কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষককে এখনো কোনো আর্থিক সহায়তা দেওয়া হয়নি।উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ২০ এপ্রিল থেকে যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ে। পানি অব্যাহত বাড়ায় ধুনট উপজেলার বৈশাখী, রাধানগর, নিউ সারিয়াকান্দি, কৈয়াগাড়ী, পুকুরিয়া, সহড়াবাড়ী, বানিয়াজান, শিমুলবাড়ী চরাঞ্চলের ফসল তলিয়ে যায়। অকাল বন্যায় এক হাজার ২০০ কৃষকের ৪২৪ হেক্টর জমির ফসল তলিয়ে গিয়ে ছয় কোটি ৭৯ লাখ ৬৩ হাজার টাকার ক্ষতি হয়েছে।ধুনটের শিমুলবাড়ী চরের কৃষক হারেজ আলী জানান, তাঁর মাত্র দুই বিঘা আবাদি জমি। এ বছর তিনি বোরো ধান লাগিয়েছিলেন। কিন্তু বন্যায় সে ধানের খেত তলিয়ে গেছে। তিনি এবার খেতের ফসল ঘরে তুলতে পারেননি। পরিবার-পরিজন নিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন তিনি।কৈয়াগাড়ী চরের বর্গা কিষাণি রাহেলা বেগম জানান, ‘এমন সময় কোনো দিন বন্যা দেখিনি। ঋণ করে ১৪ শতক জমিতে কাউন চাষ করেছিলাম। কিন্তু বন্যায় খেত তলিয়ে তা নষ্ট হয়েছে। এখন ঋণের টাকা পরিশোধের কোনো উপায় নেই।’উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রহিম জানান, উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে। সরকারি অনুমোদন সাপেক্ষে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে।