অসময়ে মন্ত্রীর তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙাচোরা সড়ক মেরামতের জন্য সময়মতো কোনো উদ্যোগ নেয়নি যোগাযোগ মন্ত্রণালয়। এখন অসময়ে বর্ষার মধ্যে ব্যাপক তোড়জোড় শুরু করেছে। গতকাল সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সব প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ও ঈদের ছুটি বাতিল করা হয়েছে।শুধু ছুটি বাতিল নয়, কাজে অবহেলার অভিযোগে সওজের একজন কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়াসহ দুজনকে বদলি করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কর্মকর্তা-কর্মচারীদেরও ছুটি বাতিল করা হয়েছে। রেলওয়ের ব্যাপারেও এ রকম চিন্তা করা হচ্ছে বলে জানা গেছে।যোগাযোগ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, দেশের সড়ক-মহাসড়ক দীর্ঘদিন ধরেই ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। এখন সওজের অধীন ৭০ ভাগ সড়ক বিধ্বস্ত। এতে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিভিন্ন মহল থেকে যোগাযোগমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। এই অবস্থায় কিছু কর্মকর্তার বিরুদ্ধে লোক দেখানো ব্যবস্থা নিয়ে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন কয়েক দিন ধরেই বলছেন, অর্থ মন্ত্রণালয় অর্থ ছাড় করছে না বলে সড়ক সংস্কার করা যায়নি। কিন্তু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যোগাযোগমন্ত্রী ঠিক কথা বলেননি।অর্থমন্ত্রী গতকালও বলেছেন, যোগাযোগ খাতের উন্নয়নে টাকা বরাদ্দের কোনো কমতি নেই। বরাদ্দ যা দেওয়া হয়, তা অগ্রাধিকার ভিত্তিতে ব্যয় করা হয় না। সমস্যাটা এখানেই। তিনি বলেন, একটা রাস্তা থাকলে তার পাশে নতুন আরেকটা রাস্তা তৈরির চেয়েও যে রাস্তাটি আছে, আগে সেটি রক্ষণাবেক্ষণে মনোযোগ দিতে হবে। প্রধানমন্ত্রী প্রায়ই এ কথাটি বলে থাকেন। তিনি তাঁর মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে মন্ত্রী ইউক্রেনের খাদ্যমন্ত্রী মিকোলা প্রিসিয়াজোকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এবং জাতিসংঘের খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক বাবাটোনডে ওসোটাইমহিনের সঙ্গে আলাদা বৈঠক করেন।অর্থমন্ত্রীর বক্তব্য সম্পর্কে যোগাযোগমন্ত্রী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘অর্থমন্ত্রী মুরব্বি মানুষ। উনি যে বিবেচনায় বলেছেন, সেটা হয়তো ঠিক। আমরা যে বাস্তবতায় আছি, সে ক্ষেত্রে আমার বক্তব্যও সঠিক।’ তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে করা কাজের জন্য ঠিকাদারেরা ৩০০ কোটি টাকা পান। সেগুলো এখনো পরিশোধ করা হয়নি। সে জন্য ঠিকাদারেরা এখন টাকা না পেলে কাজ করতে চান না।কর্মকর্তাদের বদলি ও ছুটি বাতিল প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ঈদে কেউ কর্মস্থল ত্যাগ করলে চাকরি ছেড়ে একেবারে বাড়ি চলে যেতে হবে। কিছু কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে নানা অভিযোগ সম্পর্কে মন্ত্রী বলেন, বিষয়টি এমন নয় যে আর কেউ শাস্তি পাবেন না। সময়মতো দোষী সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।লোক দেখানো ব্যবস্থা: গতকাল সওজের গাজীপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী ফজলে রাব্বিকে প্রত্যাহার করা হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানায়, ফজলে রাব্বিকে প্রত্যাহার করার জন্য নৌমন্ত্রীসহ পরিবহন নেতারা সোচ্চার ছিলেন। বুধবার রাতে মহাখালী বাস টার্মিনালে নৌমন্ত্রীর উপস্থিতিতে যোগাযোগমন্ত্রী পরিবহন নেতাদের এই আশ্বাস দিয়েছিলেন।ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমানকে কুমিল্লা সার্কেলে এবং রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলামকে সড়ক ভবনে বদলি করা হয়েছে। সওজ সূত্র জানায়, এই দুজনকেই বর্তমান প্রধান প্রকৌশলী শাহাবউদ্দিন অপছন্দ করেন। জ্যেষ্ঠতা বিবেচনায় মফিজুল ইসলামের প্রধান প্রকৌশলী হওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে বাদ দিয়ে শাহাবউদ্দিনকে প্রধান প্রকৌশলী করা হয়। এই শাহাবউদ্দিন বিলুপ্ত ট্রুথ কমিশনে দুর্নীতির কথা স্বীকার করে জরিমানা দিয়ে মার্জনা পেয়েছিলেন।এ ছাড়া সওজের সড়ক ও নকশা বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ সফিকুল আলমকে গাজীপুরের নির্বাহী প্রকৌশলী এবং কুমিল্লা সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবউদ্দীন খানকে ঢাকা সড়ক সার্কেলে বদলি করা হয়েছে। সড়ক ভবনে কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী শরীফুল ইসলামকে রংপুর জোনে বদলি করা হয়।সওজের একজন কর্মকর্তা বলেন, গত অর্থবছরে সড়ক মেরামতে বরাদ্দ পাওয়া সাড়ে ৬০০ কোটি টাকা খরচ করা হয় একেবারে শেষ মুহূর্তে। দলীয় বিবেচনায় ঠিকাদারদের দেওয়া হয়েছে এসব বরাদ্দ। এক মাস আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হলে প্রধান প্রকৌশলী বরাদ্দ নেই বলে জানিয়ে দেন। ওই কর্মকর্তা বলেন, সাজা হওয়া উচিত মন্ত্রী ও প্রধান প্রকৌশলীর। সাধারণ কর্মকর্তারা কোনো দোষ করেননি।ছয় মাস আগেই সংসদে হইচই হয়েছিল: গত ৫ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘৬১ ভাগ সড়কই নাজুক’ শিরোনামে শীর্ষ প্রতিবেদন প্রকাশিত হয়। এর আগের দিন প্রবীণ সাংসদ তোফায়েল আহমেদ সংসদে বলেছিলেন, সড়ক উন্নয়নে দুই বছরে কোনো কাজ হয়নি। তোফায়েল আহমেদের সেই বক্তব্যকে টেবিল চাপড়ে সেদিন সমর্থন জানিয়েছিলেন সরকারি দলেরই সাংসদেরা।এমনকি স্পিকার আবদুল হামিদও যোগাযোগমন্ত্রীকে বলেছিলেন, এটা সব সাংসদের কথা। সড়কব্যবস্থার দুরবস্থার কারণে ৭ ফেব্রুয়ারি পুনরায় যোগাযোগমন্ত্রী সংসদে তোপের মুখে পড়েন। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এর পরও যোগাযোগ মন্ত্রণালয় সড়ক মেরামতে উদ্যোগ নেয়নি। তাই চলাচলের অনুপযোগী হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ হয়ে যায়। এ দুটি মহাসড়ক ব্যবহারকারী দেশের উত্তরাঞ্চলের প্রায় ১২টি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঢাকা-রাজশাহী, বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক দুটিও বন্ধের উপক্রম হয়েছে। ফরিদপুর, ময়মনসিংহ, গাজীপুর, মুন্সিগঞ্জসহ বিভিন্ন জেলার অভ্যন্তরীণ পথেও বাস চলাচল বন্ধ হয়ে যায়।অথচ চলতি অর্থবছরে সড়কপথের মেরামত বাবদ ৬৯০ কোটি টাকা এবং উন্নয়ন খাতে এক হাজার ৮২৪ কোটি টাকা বরাদ্দ আছে। সেখান থেকে মেরামত বাবদ কোনো অর্থ ব্যয় করা হয়নি। এ ছাড়া গত অর্থবছরে ৬৬০ কোটি টাকা মেরামত বাবদ দেওয়া হয়। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৬৯০ কোটি টাকার সড়ক মেরামত প্রকল্পও শেষ হয়েছে গত বছর। এক হাজার ২০০ কোটি টাকার সড়ক মেরামত ও নির্মাণবিষয়ক এডিবির আরেকটি প্রকল্পের টাকাও খরচ করতে পারেনি সওজ।