অসময়ে যমুনায় ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের যমুনা নদীতে আকস্মিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় আগাম বন্যা শুরু হয়েছে। পানি বৃদ্ধির ফলে যমুনা নদীর তীরবর্তী বঙ্গবন্ধু সেতুর উত্তর গাইড বাঁধ থেকে শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্ট পর্যন্ত পাঁচটি গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। অব্যাহত ভাঙনে গত এক সপ্তায় প্রায় ছয় শতাধিক ঘরবাড়ি, পাঁচ শতাধিক বিঘা আবাদি জমি, বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। এলাকার শত শত মানুষ তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছে। জেলা প্রশাসন ত্রাণসামগ্রী চেয়ে জরুরি ফ্যাক্সবার্তা মন্ত্রণালয়ে পাঠিয়েছে।সরেজমিনে ঘুরে, সিরাজগঞ্জ পানি উন্নয়নবোর্ড ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। এ কারণে বঙ্গবন্ধু সেতুর তীরবর্তী সাড়ে সাত কিলোমিটার এলাকার সাপরী, বড় পিয়ারী, বিয়ারা, ঘোনাপাড়া, পাইকপাড়া গ্রামের তিন কিলোমিটার জুড়ে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। সরেজমিনে দেখা গেছে, কিছু সময় পর পর ১০ থেকে ১৫ ফুট আয়তনের মাটির চাপ নদীগর্ভে ধসে পড়ছে। ইতিমধ্যে এ এলাকার ছয় শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অব্যাহত ভাঙনের ফলে সয়দাবাদ এলাকার প্রস্তাবিত শিল্পপার্কের জমিসহ বঙ্গবন্ধু সেতুর পশ্চিমাংশের উত্তর গাইড বাঁধ এখন হুমকির মুখে। ভাঙন অব্যাহত থাকলে দু-এক দিনের মধ্যে স্থানগুলোতে ভাঙন শুরু হবে।সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামের কৃষক ইদ্রিচ আলী জানান, শুষ্ক মৌসুমে যেভাবে পানি বৃদ্ধি শুরু করেছে, তাতে জমির ধান আধপাকা অবস্থায় কেটে আনতে হচ্ছে। তিনি জানান, কয়েক দিনের ভাঙনে তাঁর পাঁচ বিঘা জমি নদীতে বিলীন হয়েছে।ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ হোসেন বলেন, ভাঙনের তীব্রতায় বিদ্যালয়ও হুমকির মুখে। তাই এর অবকাঠামো বিক্রির উদ্দেশ্যে টেন্ডারের মাধ্যমে নিলামে দেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে ভাঙার কাজ শুরু হবে। বর্তমানে ছাত্রছাত্রীদের কোথায় ক্লাস নেওয়া হবে, এ নিয়ে চিন্তায় আছি।পাইকপাড়া গ্রামের ফকির উদ্দীন জানান, নতুন করে পানি বৃদ্ধির কারণে ভাঙনে প্রায় ছয় শতাধিক মানুষ ভূমিহীন হয়ে পড়েছে। ভাঙন প্রতিরোধের জন্য জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করার পরও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, জরুরি ভিত্তিতে ভাঙন রোধ করতে না পারলে আরও ১০টি গ্রাম নদীতে বিলীন হবে।ঘোনাপাড়া এলাকার কৃষক আবুল হোসেন জানান, ভাঙন শুরু হওয়ায় তাঁরা দিশেহারা হয়ে পড়েছি। একদিকে বাড়িঘর সরিয়ে নিতে হচ্ছে অন্যদিকে জমির কাঁচা ধান কাটতে হচ্ছে। বাড়িঘর হারিয়ে অনেকেই এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। কিন্তু পাউবো এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম ভাঙন এলাকা পরিদর্শন শেষে জরুরিভাবে ত্রাণসামগ্রীর জন্য মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে ফ্যাক্সবার্তা পাঠিয়েছেন। ত্রাণ মন্ত্রণালয়ে ২৫ এপ্রিল পাঠানো ফ্যাক্সবার্তায় গৃহনির্মাণ মঞ্জুরি বাবদ ১০ লাখ টাকা, জিআর টাকা দুই লাখ এবং জিআর চাল দুই শত মেট্রিক টন বরাদ্দ চাওয়া হয়েছে। ভাঙনের খবর পেয়ে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনসহ পানি উন্নয়ন বোর্ডের প্রধান ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী স্বীকার করেন, শুষ্ক মৌসুমে আকস্মিকভাবে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙন এলাকার সার্বিক চিত্র নিয়ে জরুরি ভিত্তিতে বরাদ্দ ও ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ আসামাত্রই কাজ শুরু করা হবে।