অসময়ের তরমুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসময়ে বাণিজ্যিক ভিত্তিতে তরমুজ চাষ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। তাইওয়ান থেকে আমদানি করা ‘আইসবক্স জেসমিন’ নামের এই তরমুজ জেলার কৃষি খাতে দিনবদলের সংকেত দিয়েছে। কৃষকের সামনে হাজির হয়েছে আশীর্বাদ হয়ে। কৃষক ও কৃষি কর্মকর্তাদের দাবি, পরিকল্পিত উপায়ে উৎপাদন করতে পারলে মাত্র দুই মাসে বিঘাপ্রতি খরচ বাদে প্রায় দুই লাখ টাকা লাভ করা সম্ভব। জানা গেছে, চুয়াডাঙ্গায় আইসবক্স জেসমিন নামের এই তরমুজের আবাদ শুরু হয়েছে গত বছর। মৌসুমের বাইরে এই তরমুজ উৎপাদিত হয়ে থাকে বলে এটা অসময়ের তরমুজ হিসেবেই পরিচিতি লাভ করেছে। সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কৃষক আবদুুল কাদের গত বছর পরীক্ষামূলকভাবে এ তরমুজ আবাদ করেন। এ বছর ১০ বিঘা জমিতে আবাদ করেছেন তিনি। পেয়েছেন বাম্পার ফলন। আশার কথা হলো, তরমুজ গাছ লাগানোর ৯০ দিন পর তরমুজ বিক্রির উপযোগী হওয়ার কথা থাকলেও চুয়াডাঙ্গার আবহাওয়া অনুকূলে থাকায় এক মাস আগেই মাত্র ৬০ দিনের মাথায় বাজারে বিক্রি শুরু হয়েছে বিশেষ জাতের এই তরমুজ। রমজান মাসে বাজারে তোলার ফলে দাম বেশি পাওয়ায় কৃষক বেশি লাভবান হচ্ছেন। ঢাকার বাজারে রয়েছে এই তরমুজের ভালো চাহিদা। ইতিমধ্যে প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি শুরু হয়েছে। জায়গা বিশেষে আরও বেশি দামে বিক্রি হচ্ছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়ার গ্রামের মাঠে তরমুজ উৎপাদনের পাশাপাশি খেতের মাঝখানেই বিপণনের জন্য প্যাকেটজাত করা হচ্ছে। এই তরমুজ চাষের ফলে এলাকায় কৃষি শ্রমিকদের কর্মসংস্থান হয়েছে। তরমুজ খেত তদারকির দায়িত্বে নিয়োজিত খালেদ সাইফুল্লাহ জানান, এবার ছয় বিঘা জমিতে রোপা ও চার বিঘা জমিতে বোনা পদ্ধতিতে তরমুজের আবাদ করা হয়েছে। চলতি বছরের ২৬ মে বীজতলা তৈরি করা হয়। চারা গজানোর পর ৬ থেকে ১০ জুনের মধ্যে তা খেতে রোপণ করা হয়। ওই জমি থেকে ৮ আগস্ট থেকে তরমুজ সংগ্রহ শুরু হয়েছে। পাশাপাশি চার বিঘা জমিতে ১০ জুন সরাসরি বীজ বপন করা হয়। ওই জমি থেকেও তরমুজ তোলা শুরু হয়েছে। বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তিন মাসে তরমুজ খাওয়ার উপযোগী হওয়ার কথা থাকলেও স্থানীয়ভাবে তা দুই মাসেই সম্ভব হয়েছে। তবে ফসল পুরোপুরি সংগ্রহ করতে আড়াই মাস সময় হলে ভালো হয়। তিনি জানান, এ বছর প্রতি বিঘা জমিতে প্রায় দুই হাজারের মতো ফল এসেছে। প্রতিটি ফলের গড় ওজন প্রায় দুই কেজি। বর্তমান বাজারদর অনুযায়ী একটি ফল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকা দরে। প্রতি বিঘা জমিতে তরমুজ আবাদ ও বিপণন করতে খরচ সব মিলিয়ে সর্বোচ্চ ৩০ হাজার টাকা। উৎপাদকের আশা, বর্তমান দর থাকলে অনায়াসে এই ১০ বিঘা জমির তরমুজ বিক্রি করে খরচ বাদে প্রায় ২০ লাখ টাকা লাভ হবে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর প্রাথমিকভাবে চুয়াডাঙ্গা ও দিনাজপুরে এই তরমুজের চাষ শুরু হয়েছে। তরমুজ উৎপাদনকারী কৃষক আবদুুল কাদের জানান, দীর্ঘদিন ধরে এ জাতীয় তরমুজ ফল বিদেশ থেকে আমদানি হচ্ছে। বাণিজ্যিক ভিত্তিতে কৃষকেরা আগ্রহ প্রকাশ করলে এই ফল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। তিনি বলেন, চুয়াডাঙ্গা অঞ্চলের কৃষকেরা আগ্রহ দেখালে তাঁদের বীজ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফিরোজুল ইসলাম বলেন, লাভজনক এই তরমুজ চাষের জন্য কৃষকদের আগ্রহী করে তোলা হচ্ছে। আশা করা যায়, আগামী মৌসুমে জেলার কৃষকদের একটি বড় অংশ এই চাষ শুরু করবে।