অসহনীয় তাপে দুর্বিষহ জীবন
মার্চ শেষ হয়েছে কেবল। এরই মধ্যে নগরবাসী টের পেতে শুরু করেছে গরম কাকে বলে? মাথার ওপর আগুন-গরম সূর্য। প্রখর তাপে ঘেম-নেয়ে একাকার হতে হচ্ছে নগরবাসীকে। তার ওপর আবার বাড়তি পাওনা হিসেবে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট আর পানি-সংকট। কাঠফাটা রোদে তেষ্টায় গলা শুকোলেও পানি পাওয়া যাচ্ছে না হাতের কাছে। লোডশেডিংয়ের এই দিনে ঘর্মক্লান্ত শরীর জুড়োতে কোথাও দুদণ্ড বসার আশাও সহসাই রূপান্তরিত হচ্ছে হতাশায়। নগরজীবন যখন গরমে অতিষ্ঠ রূপ ধারণ করছে, তখনো আবহাওয়া অধিদপ্তরের পারদ (তাপমাত্রা পরিমাপক যন্ত্র) বলছে, এ তো কেবল গরমের শুরু। আর গত দুই-তিন বছরের তুলনায় এ বছরের তাপমাত্রা এখনো কমই রয়েছে! একটু আগে যিনি হাতের রুমাল দিয়ে কপালের ঘাম মুছলেন—এ কথা শোনার পর তাঁর মেজাজটা আরও তিরিক্ষি হয়ে উঠতে পারে। কিন্তু শুধু আবহাওয়াবিদেরাই নন, নগরবিশেষজ্ঞরাও বলছেন, তাপমাত্রা বাড়া-কমা নয় অপরিকল্পিত নগরায়ণের ফলেই অসহনীয় হয়ে উঠছে নগরের পরিবেশ।ফার্মগেট ওভারব্রিজের নিচে বাসগুলো থামতেই রাস্তার দুই ধার থেকে দৌড়ে আসতে শুরু করল শসাবিক্রেতা, গাজরবিক্রেতা আর পানিবিক্রেতারা। তাদের মাথায় রাখা ডালায় থরে থরে সাজানো শসা-গাজরগুলো বিক্রি হয়ে যাচ্ছে নিমেষেই। প্রায় একই অবস্থা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আখের রসওয়ালারও। এই গরমে এক চুমুক ঠান্ডা শরবত বোধ হয় নগরবাসীকে ভুলিয়ে দিচ্ছে জন্ডিসের ভয়। ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে আখের রস খাওয়ার পর রুবেল নামের এক চাকরিজীবী বলছিলেন, ‘সবার আগে কইলজাডা ঠান্ডা করা দরকার।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী হারুন-আর-রশিদ বলছিলেন, ক্যাম্পাসের বাইরে বের হলেই মনে হয় গনগনে আগুনের উনুনে প্রবেশ করলাম। ভাগ্যিস, ক্যাম্পাসে এখনো একটু সবুজ গাছপালা আছে। এই গরমে অনেকেই রমনা পার্কের লেকের ধারে, জিয়া উদ্যানে, সোহরাওয়ার্দী পার্কে ভিড় করে শুধু একটু ঠান্ডা বাতাসের আশায়। অনেক কর্মজীবী মানুষ আছেন, যাঁরা কাজের ফাঁকে শুধু শরীর জুড়ানোর জন্যই এই পার্কগুলোতে এসে শুয়ে-বসে থাকেন। সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের পাশে বসে ছিলেন মুহাম্মদ হান্নান। তিনি শাহবাগের একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। প্রতিদিনই দুপুরের খাবারের পর তিনি এখানে এসে একটু জিরিয়ে যান। তিনি আক্ষেপ করে বলছিলেন, ‘আগে ঢাকা শহরে কত ফাঁকা জায়গা ছিল। এখন নিত্যনতুন ভবন নির্মাণের ফলে সেই ফাঁকা জায়গা আর নেই। দিন দিন ঢাকা শহরে দম ফেলার জায়গাও কমছে। এখন তো ঢাকার রাস্তায় নিঃশ্বাস নিলেও গরম ভাঁপ টের পাওয়া যায়।’নগরের অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধির কারণে বিদ্যমান তাপমাত্রা নগরবাসীর কাছে অসহনীয় বোধ হচ্ছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষক এ কিউ এম মাহবুব বলেন, ‘নগরের রাস্তায় অসংখ্য যানবাহন, এর চারপাশে আগে জলাধার ছিল আর এখন তার বদলে ঢাকায় বড় বড় ইটখোলা গড়ে উঠেছে। সেখান থেকে অনবরত কার্বন ডাই-অক্সাইড বাতাসে মিশছে। এ ছাড়া অপরিকল্পিত নগরায়ণের ফলে ভবনের পর ভবন গড়ে তোলা হচ্ছে। অনেকে না জেনে না বুঝেই যেখানে-সেখানে আকাশচুম্বী অট্টালিকা নির্মাণ করছে। এর ফলে আরবান হিট বৃদ্ধি পাচ্ছে।’ প্রায় একই কথা শোনালেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (স্টর্ম ওয়ার্নিং সেন্টার) সহকারী পরিচালক শামসুদ্দিন আহমদ। তিনি বললেন, ‘তাপমাত্রা হ্রাস-বৃদ্ধির চেয়ে বড় কথা, নগরের তাপমাত্রা দিন দিন অসহনীয় হয়ে উঠছে।’ কারণ হিসেবে তিনি দেখান, ‘২০০৬ সালের মার্চ মাসে নগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, একইভাবে ২০০৭, ২০০৮, ২০০৯ ও ২০১০ সালের মার্চ মাসের তাপমাত্রা যথাক্রমে ৩৬.৭, ৩৫.২, ৩৬.০ ও ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এ থেকে বোঝা যাচ্ছে, নগরের তাপমাত্রার আরও অনেক বেশি ছিল। কিন্তু সেই সময়ের চেয়ে বর্তমানে নগরে জনসংখ্যা অনেক বেড়েছে, একইভাবে জ্বালানিও পোড়ানো হচ্ছে বেশি। তাই নগরের তাপমাত্রা দিন দিন অসহনীয় হয়ে উঠছে।’‘এপ্রিলের দুয়ার খুলেছে সেদিন। এখনো আগুনের আঁচ তাতিয়ে অপেক্ষায় আছে মে মাস। এই গরমেও যদি নগরকর্তাদের মাথা না ঘামে, তাহলে সেটা নগরের তাপমাত্রার ব্যর্থতা।’ বলছিলেন এক পথচারী। তবে আশার কথা এই, নগরের আকাশে প্রায় সন্ধ্যাতেই দেখা যাচ্ছে বিদ্যুতের ঝলকানি। নতুনের কেতন উড়িয়ে কালবৈশাখী এবার সঙ্গে করে বৃষ্টি আনলেই কেবল শান্ত হবে এই দগ্ধদশা।