অসহায় এক মুক্তিযোদ্ধা পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহানারা বেগম। বয়স ৪৮। বসবাস খুলনার খালিশপুরে। সংসার বলতে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া দুই ছেলেমেয়ে, আর এক বিবাহিত কন্যা। স্বামী প্রয়াত আলতাফ হোসেন ছিলেন বীর মুক্তিযোদ্ধা। দেশের জীবন বাঁচাতে তিনি জীবন বাজি রাখলেন। কিন্তু পারলেন না নিজের জীবন বাঁচাতে—নিজের স্বাধীন দেশে। বাসার সামনেই সন্ত্রাসীদের হাতে প্রাণ দিলেন ২৬ মে ২০১০ সালে। জাহানারা বেগম মামলা করেছেন বটে, কিন্তু বিচার দূরে থাক, দেড় বছরে চার্জশিটটা পর্যন্ত হয়নি। ‘এ পর্যন্ত সাতবার এ মামলার আইও (তদন্তকারী কর্মকর্তা) পরিবর্তন হয়েছে। এ তদন্ত আদৌ কী হবে?’ জাহানারার কণ্ঠে নৈরাশ্য। এ বিষয়ে মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা মানস রঞ্জন দাস বলেন, ‘মামলার তদন্তকাজ প্রায় শেষ পর্যায়ে। সাতবার তদন্ত কর্মকর্তা বদলের ঘটনাটা সত্যি। কর্মকর্তাদের ঘন ঘন বদলির কারণে এটা হয়েছে। যেকোনো সময় যে কারও যেকোনো জায়গায় বদলি হতেই পারে।’ ওদিকে প্রায় সব আসামি জামিনে আছেন। আসামিরা জাহানারার পরিবারকে হুমকি-ধমকি দিয়ে বেড়াচ্ছেন; সঙ্গে মিথ্যা মামলার হয়রানি তো আছেই।অন্যদিকে, জাহানারার আর্থিক অবস্থাও অত্যন্ত সঙ্গিন—সম্বল বলতে বসতভিটার জমিটুকুই। তা নিয়ে আবার একগাদা মামলা-মোকদ্দমা। আয় বলতে স্বামীর মুক্তিযোদ্ধা ভাতা, অবসর ভাতা ও দোকান ভাড়ার সর্বসাকুল্যে হাজার চারেক টাকা। এ টাকায় না হয় সংসারের অন্ন-বস্ত্রের জোগান, না হয় সন্তানদের লেখাপড়া কিংবা চিকিৎসা খরচ। নিহত স্বামীর বিচারের বাণীও কাঁদছে নীরবে। বিচারের আশায় বিধবা জাহানারা ঘুরছেন দ্বারে দ্বারে। তবে প্রাপ্তির খাতা শূন্য। মুক্তিযোদ্ধা পরিবার হওয়া সত্ত্বেও মিলছে না বিশেষ কোনো সাহায্য কিংবা আশ্বাস— মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান হতে। সব মিলিয়ে চরম অসহায়, মানবেতর ও শঙ্কিত এক জীবন বয়ে বেড়াচ্ছে এই মুক্তিযোদ্ধা পরিবার। জাহানারার হূদয়ে অবিরত রক্তক্ষরণ—‘এই অনিশ্চিত পথের গন্তব্য কোথায়? এই উদ্ধারহীন যন্ত্রণার মুক্তি কোথায়? যে দেশের স্বাধীনতার জন্য আমার স্বামী প্রাণ হাতে যুদ্ধ করলেন, সে দেশের মাটিতে তাঁর স্ত্রী-সন্তানেরা কি এভাবেই তিলে তিলে, ধুঁকে ধুঁকে শেষ হয়ে যাবে? মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। শ্রেষ্ঠ সন্তানদের প্রতি কোনো জাতির শ্রেষ্ঠ উপহার কি এ-ই?’ মুক্তিযোদ্ধা পত্নীর বুকভাঙা আর্তি, ‘একবার যদি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারতাম! একবার যদি আমাদের কষ্টগুলো তাঁকে বোঝাতে পারতাম! একবার যদি তিনি মুখ তুলে চাইতেন এই অভাগীর দিকে!’