অসহায় ও প্রতিবন্ধী শিশুদের অবহেলা করবেন না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অসহায় ও প্রতিবন্ধী শিশুদের কেউ অবহেলা করবেন না। তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে সমাজের মূলস্রোতে নিয়ে আসতে হবে।আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের পাবলিক প্লাজায় বঙ্গবন্ধুর ৯১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, অসহায় ও প্রতিবন্ধী শিশুদের উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে হবে। দরিদ্র শিশু, যাদের খাদ্যের নিশ্চয়তা নেই; কষ্টে থাকে, বাসস্থানের নিশ্চয়তা নেই, এসব শিশুকে সহায়তা দেওয়ার জন্য বিত্তবানদের প্রতি আহ্বানও জানান তিনি।শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু শিশুদের শিক্ষা অবৈতনিক করে গিয়েছিলেন। আমরা ক্ষমতায় এসে মাধ্যমিক স্তর পর্যন্ত অবৈতনিক করেছি। এখন একটি তহবিল গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্নাতক শ্রেণী পর্যন্ত বিনাবেতনে শিক্ষার ব্যবস্থা করা হবে।কাজী আনিকা শর্মিলীর সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুসাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।