অসহায় কারাবন্দীদের পাশে সালমান খান
ভারতের কারাগারে জরিমানা দিতে অক্ষম ৪০০ জন কারাবন্দীর মুক্তির সহায়তায় এগিয়ে এসেছেন ‘বডিগার্ড’খ্যাত সালমান খান। জরিমানার টাকা দিয়ে বন্দীদের সহায়তা করার জন্য এগিয়ে এসেছে সালমানের দাতব্য সংস্থা ‘বিইং হিউম্যান’।প্রক্রিয়ার অংশ হিসেবে সালমান খানের বিইং হিউম্যান সংস্থাটি থেকে কারা কর্তৃপক্ষকে জরিমানার টাকা পরিশোধ করার জন্য চিঠি দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়ার সঙ্গে চিঠির বক্তব্যে কোনো বিরোধ না থাকায় কর্তৃপক্ষের অনুমতিও মিলে গেছে সহজেই। সালমান খানের দাতব্য সংস্থাটিকে এ ৪০০ কারাবন্দীর মুক্তিতে ৪০ লাখ ভারতীয় রুপি পরিশোধ করতে হবে ।এক খবরে পিটিআই জানিয়েছে, ভারতের উত্তর প্রদেশের ৬৩টি কারাগারে ৪০০ জনেরও বেশি কারাবন্দী তাদের সাজার মেয়াদ শেষ হওয়ার পরও জরিমানা দিতে না পারায় মুক্তি পাননি। এদের বেশির ভাগই গরিব। জরিমানার টাকা দিতে না পারায় তাদের আরও সাজা খাটতে হচ্ছে।সালমান খান নিজে অবশ্য কারাবন্দীদের কষ্টের বিষয়টি সম্পর্কে জ্ঞাত। ২০০৬ সালে বন্য প্রাণী ‘চিংকারা’ হরিণ শিকারের অপরাধে তাঁর এক বছরের কারাদণ্ড দিয়েছিল ভারতীয় আদালত। জামিনে মুক্তি পেলেও তাঁর অভিজ্ঞতায় তিন দিনের কারাভোগের স্মৃতি রয়ে গেছে।