অসহায় কাশিয়াবালা মধ্যপাড়া মানুষ
বেড়িবাঁধ। এর পাশ দিয়ে চলে গেছে জমির আলের মতো আঁকাবাঁকা মেঠোপথ। পথের এক পাশে অবস্থিত গ্রামটির নাম কাশিয়াবালা মধ্যপাড়া। বছরে ছয় মাস পানিবন্দী হয়ে কাটাতে হয় এ গ্রামের বাসিন্দাদের। গ্রামের ভেতরে যেতে কোনো সড়ক না থাকায় ওই গ্রামের মানুষের দুঃখ-কষ্টের শেষ নেই। উপজেলা শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের এই গ্রামে বাস করে প্রায় ৩০০ পরিবার।গ্রামবাসীরা জানায়, গ্রামের বেশির ভাগ জমিতে বছরের বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত বেড়িবাঁধের কারণে বর্ষার পানি চাষের জমিতে আটকে থাকে। চাষের জমি থাকে দুই থেকে আড়াই ফুট পানির নিচে। গ্রামটিতে মানুষের চলাচলে সুবিধার জন্য সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দিলেও কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর এগিয়ে আসেননি।সরেজমিনে ওই গ্রামের বাসিন্দা মো. আলাউদ্দিন ও আব্দুস সালাম জানান, বেরিবাঁধের নিচ দিয়ে শহীদ বাসস্ট্যান্ডের কাছে একটি স্থায়ী ড্রেন নির্মাণ করা গেলে জমিতে আটকে থাকা পানি সহজে পাশের খালে ঢুকতে পারে। এতে উপকার হতে পারে গ্রামের কৃষকদের। তারা এই দাবি নিয়ে বিগত সময়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একাধিকবার ধরনা দিয়েও কোনো উপকার পাননি। গ্রামের আরেক বাসিন্দা আলাল উদ্দিন জানান, সরকারি নকশায় কোনো সড়ক না থাকায় গ্রামের সড়কের কোনো উন্নয়ন হয় না। ফলে জমির আল হলো তাদের চলাচলের একমাত্র পথ। এ কারণে বছরের ছয় মাস সময়কালে গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। এতে অনেক শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।কৃষক আয়েজ উদ্দিন, আব্দুর রাজ্জাক, সাবান আলীসহ একাধিক কৃষক জানান, তাঁরা শুধু বছরে একবার বোরো ধানের চাষ করতে পারেন। এ কারণে জমিজমা থাকা সত্ত্বেও গ্রামের কৃষকদের সারা বছরই আর্থিক সংকটে থাকতে হয়। বোরো ধান চাষ করে তাঁদের সারা বছরের চালের খোরাকও মেটাতে পারেন না। তাঁরা দ্রুত নতুন সড়ক তৈরি এবং পয়োনিষ্কাশনের স্থায়ী সমাধানের দাবি জানান। বাহার উদ্দিন জানান, এই শুষ্ক সময়ে যদি উপজেলা জনপ্রতিনিধিরা একটু আন্তরিক হয়ে তাঁদের সমস্যা সমাধানে এগিয়ে আসেন তবেই আগামী বর্ষার সময়ের দুঃখ-কষ্ট দূর হতে পারে।উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী মন্টু বলেন, গ্রামের সড়ক তৈরির জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। পাশাপাশি পয়োনিষ্কাশনের জন্য উপজেলা সমন্বয় কমিটির সভায় বিষয়টি তুলে ধরবেন।