অসহায় মানুষের শান্তির নীড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানুষ মানুষের জন্য’—এই মানবিক কথাটির বাস্তবরূপ দিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থাপিত হয়েছে ‘সেলিম দরিদ্রের হাসি’ নামের একটি বৃদ্ধাশ্রম। উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার পশ্চিমে পূর্ণিমাগাঁতী ইউনিয়নের মির্জাপুর ভেংড়ী গ্রামে প্রায় পাঁচ বিঘা জমির ওপর ওই বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠা করেছেন ব্যবসায়ী রবিউল করিম। রবিউল করিমের ডাক নাম সেলিম। উল্লাপাড়ায় সেলিম নামেই তিনি পরিচিত। নিজের জমিতে ব্যক্তিগত উদ্যোগে সেবামূলক এই প্রতিষ্ঠানে আশ্রয় দিয়ে এলাকার দরিদ্র ও অসহায় বৃদ্ধ নারী-পুরুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে তিনি এর নাম দিয়েছেন ‘সেলিম দরিদ্রের হাসি বৃদ্ধাশ্রম।’ এখানে মোট ১০০টি আসন রয়েছে। ভেংড়ী সরকারি দিঘির পাশে স্থাপিত এই বৃদ্ধাশ্রমটি চালু হয় ২০০৮ সালের ডিসেম্বর মাসে। এটি বৃদ্ধাশ্রম হলেও এখানে স্থান পেয়েছে প্রতিবন্ধী, অসহায় নারী ও এতিম সন্তানেরা। সেলিম বৃদ্ধাশ্রমের পাশে একটি এতিমখানা ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানও (দ্বিতীয় শ্রেণী পর্যন্ত) স্থাপন করা হয়েছে। বর্তমানে এখানে ছয়জন প্রতিবন্ধী, দুজন মহিলাসহ ৬০ জন দুস্থ ও অসহায় বৃদ্ধ-বৃদ্ধা বাস করছেন। এতিমখানায় আশ্রয় পেয়েছে ৩০ জন শিশু। এদের দেওয়া হচ্ছে প্রাথমিক শিক্ষা। কেন এই বৃদ্ধাশ্রম: সেলিম জানান, তিনি উপজেলার বেতুয়া গ্রামে সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা ব্যবসায়ী মৃত আবুল কাশেম সরকার দুস্থ মানুষকে প্রচুর দান-খয়রাত করতেন, লেখাপড়া শেখাতেন। বাবার এই সেবার আদর্শ সেলিমকে অনুপ্রাণিত করে। সেলিম বলেন, ‘বিশেষ করে গ্রামাঞ্চলের অশিক্ষিত ও দুস্থ পরিবারের বাবা-মা তাঁদের সহায়-সম্পদ শেষ করে সন্তানদের লালন-পালন করেন। সন্তানেরা বড় হয়ে আয়-রোজগার শিখে বিয়ে করার পর বউ নিয়ে অন্যত্র চলে যায়। তারা তাদের বাবা-মায়ের দিকে আর ফিরে তাকায় না। ফলে বুড়ো বয়সে অকর্মণ্য বাবা-মায়ের জীবনে নেমে আসে চরম দুর্দশা। এঁদের দেখার কেউ থাকে না। এসব অসহায়-নিরুপায় মানুষকে দুমুঠো ভাত ও একটু নিরাপদ আশ্রয় দেওয়ার লক্ষ্য নিয়েই তিনি এই বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেছেন। অবকাঠামো ও সুবিধা: সেলিম দরিদ্রের হাসি বৃদ্ধাশ্রমে রয়েছে ৩০ বর্গফুট আয়তনের একটি পাকা ভবনসহ ৬০ ফুট লম্বা ও ২৫ ফুট প্রস্থের (বারান্দাসহ) ১০টি আধাপাকা ঘর, পাঁচটি টয়লেট, পাঁচটি গোসলখানা ও বড় একটি রান্নাঘর। প্রতিটি ঘরে আছে প্রয়োজনীয় আলো, বৈদ্যুতিক পাখা ও শোবার বিছানাপত্র। বৃদ্ধাশ্রমে আশ্রিত নারী-পুরুষের বিনোদনের জন্য রয়েছে একটি টেলিভিশনকক্ষ। টয়লেটে বৃদ্ধদের ব্যবহারের জন্য রয়েছে কমোড। আশ্রমে মহিলা ও পুরুষের জন্য আছে পৃথক ইউনিট। এর চত্বরে আটটি বনজগাছের গোড়ায় বাঁধানো বসার জায়গা তৈরি করা হয়েছে। এ ছাড়া বিকেলে আশ্রিতদের বসার জন্য পাশের দিঘির পাড়ে বেশ কয়েকটি পাকা বেঞ্চ বানানো হয়েছে। এতিম শিশুদের থাকার ঘরটিও পৃথক। এর সঙ্গে রয়েছে শিক্ষালয়। শিশুদের খেলাধুলার জন্য আশ্রমাঙ্গনে একটি ছোট খেলার মাঠও তৈরি করা হয়েছে। এখানে সবাই বিনামূল্যে খাবার, কাপড় ও চিকিত্সা সুবিধা পেয়ে থাকে। রান্না ও বৃদ্ধদের দেখাশোনার জন্য আশ্রমে একজন ব্যবস্থাপকসহ ১০ জন মহিলা ও পুরুষ কর্মচারী নিয়োজিত আছেন। এতিম শিশুদের পড়ানোর জন্য একজন শিক্ষকও নিয়োগ দেওয়া হয়েছে। কীভাবে চলে আশ্রম: সেলিম জানান, তাঁর বেতুয়া (উল্লাপাড়া) গ্রামের বাড়িতে ১২০ বিঘা ফসলি জমি রয়েছে। রয়েছে একটি ইটের ভাটা ও চারটি ট্রাক। এর মধ্যে ইটের ভাটা ও একটি ট্রাক ভাড়ার পুরো অংশ তিনি আশ্রমে দিয়ে দেন। তা ছাড়া জমির ধানের একটি অংশ আশ্রমের চালের জন্য নিয়ে আসা হয়। প্রতিদিন এদের খাবারের জন্য প্রায় তিন হাজার টাকা করে ব্যয় হয়। এ ছাড়া প্রতি মাসে কর্মচারীদের বেতন ১৫ হাজার, বিদ্যুত্ বিল বাবদ চার হাজার ও ওষুধের জন্য ব্যয় হয় প্রায় দুই হাজার টাকা। বৃদ্ধাশ্রমের আশ্রিতরা যা বললেন: বৃদ্ধাশ্রম ঘুরে দেখার সময় কথা হয় উল্লাপাড়ার কালীগঞ্জ গ্রামের বৃদ্ধ রওশন আলী সরদার, ফলিয়া গ্রামের আবদুর রাজ্জাক, শেখপাড়া গ্রামের শোমেস মিয়া, বাঙ্গালা গ্রামের ওয়াজেদা খাতুন, ঘিয়ালা গ্রামের সামেলা বেওয়াসহ অনেকের সঙ্গে। তাঁরা সবাই নিজেদের সন্তানদের বিয়ের পর সংসারে অবাঞ্ছিত হিসেবে বিবেচিত হয়েছেন বলে দুঃখ প্রকাশ করেন। তাঁরা সন্তান-স্বজনদের ত্যাগ করে এই আশ্রমে এসে এখন অনেক শান্তিতে বসবাস করছেন বলে জানান। কুষ্টিয়ার বীথি পারভীন তাঁর নয় বছরের এক মেয়ে ও এক বছরের এক ছেলে নিয়ে বাস করছেন প্রায় সাত মাস ধরে। বীথি জানান, আশ্রমের মালিক সেলিম তাঁর মেয়েকে পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন এবং বীথির সেলাই শেখার জন্য একটি সেলাই মেশিনও কিনে দিয়েছেন। বীথি কিছুদিনের মধ্যেই এই মেশিন থেকে কিছু আয় করতে পারবেন। আয়ের অর্থ সঞ্চিত হবে দুই ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য—উল্লেখ করেন বীথি। ভবিষ্যত্ কর্মপরিকল্পনা: সেলিম বলেন, ‘এখন পর্যন্ত তাঁর বৃদ্ধাশ্রমের জন্য দেড় কোটি টাকা ব্যয় হয়েছে। সেলিম তাঁর বৃদ্ধাশ্রমটি আরও বাড়াতে চান। বাড়াতে চান অসহায় মানুষের আবাসনের সুযোগ। শুধু এলাকার নয়, এলাকার বাইরের অসহায় বৃদ্ধ-বৃদ্ধা যাতে এখানে তাঁদের জীবনের শেষ দিনগুলো একটু শান্তিতে কাটাতে পারেন। কিন্তু তাঁর একার পক্ষে এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সরকারি বা বিত্তবান সহূদয় ব্যক্তিদের সহযোগিতা। তিনি তাঁর বৃদ্ধাশ্রমের পাশে সাড়ে সাত একরের সরকারি খাস দিঘিটি বৃদ্ধাশ্রমের নামে ইজারা প্রদানের জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসনের প্রতি আবেদন জানান। সেলিম জানান, তিনি তাঁর সাধ্যানুয়ায়ী ওই আশ্রমের জন্য আরও অর্থ ব্যয় করবেন। অর্থ-বৈভব আর বিলাসবহুল জীবনযাপনের চেয়ে দুস্থ, অসহায় মানুষের মুখের হাসি তাঁর কাছে অনেক বেশি স্বস্তির, অনেক আনন্দের।