অসহায় মেয়ে ও অভিভাবকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে বখাটে যুবকদের দ্বারা প্রতিদিনই উত্ত্যক্ত হচ্ছে মেয়েরা। এসব বখাটের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। তাদের কাছ থেকে রেহাই পাচ্ছে না কর্মজীবী মহিলারাও। প্রতিবাদ করায় লাঞ্ছনার শিকারও হতে হচ্ছে এসব মেয়েকে, এমনকি তাদের অভিভাবকদেরও।অনুসন্ধানে জানা যায়, শহরের বিভিন্ন স্থানে এবং উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের সামনে প্রতিনিয়ত বখাটেরা আড্ডা জমায়। তারা মেয়েদের দেখে নানা ভঙ্গিমায় অশ্লীল উক্তি করে। বিশেষ করে উপজেলা শহরের বাঁশপট্টি, ফার্নিচার পট্টি, বিকাল বাজার এলাকা, টাউন বারোয়ারি এলাকা, পৌর শিশুপার্কের পূর্ব এলাকা, হাইস্কুল মাঠের পশ্চিম এলাকা, উপজেলা পরিষদের সামনে, কলেজ রোড এলাকা, সকাল বাজার ইত্যাদি এলাকায় এসব ঘটনা বেশি হচ্ছে।থানা পুলিশ সূত্র জানায়, চলতি বছরের মার্চে বখাটেদের অত্যাচারে উপজেলার খানপুর ইউনিয়নের বড়ীতলী গ্রামে কলেজ পড়ুয়া রেশমা খাতুন আত্মহত্যা করে। একই মাসে উপজেলার আফরাতগাড়ি গ্রামের এক মেয়ে, জুন মাসে উপজেলার কাঞ্চনপুর গ্রামের এক মেয়ে ও চলতি জুলাই মাসে উপজেলার মহিপুর এলাকার আরেক মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনায় থানায় মামলা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, উপরে উল্লেখিত স্থানগুলোতে একাধিক সঙ্ঘবদ্ধ যুবক দল মেয়েদের উত্যক্ত করে। এদের মধ্যে রয়েছে, শহরের হাজিপুর ও উলিপুর এলাকার সুমন (১৮), রাশেদ ওরফে টোকাই রাশেদ (১৯), শিপন (১৯), জসিম (১৯) ও মোজাম (১৯), মহিপুর এলাকার কাঞ্চনপুর গ্রামের মো. মাহ্মুদুল, মো. জুয়েল, পাঁচ দেউলী গ্রামের বখাটে যুবক আল মাহমুদ প্রমুখ। সরেজমিনে দেখা যায়, পাড়া ও স্কুল-কলেজের সামনে দাঁড়িয়ে থাকা বখাটেরা ১৬ থেকে ২৫ বছর বয়সী। তাদের মধ্যে কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক-কর্মচারীও রয়েছে। উপজেলা সীমাবাড়ী এলাকার দশম শ্রেণীর এক ছাত্রী বলে, ‘বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা বখাটেরা মাঝেমধ্যে পথ আগলে নাম-ঠিকানা জানতে চায়। না বললে খারাপ কথা কয়। ওড়না বা হাত ধরে টানাটানিও করে। বাড়িতে জানালে লেখাপড়া বন্ধ হওয়ার ভয়ে কাউরে কিছু বলি না।’ উপজেলা খন্দকার টোলা এলাকার এক ছাত্রীর মা জানান, কয়েক দিন আগে তাঁর মেয়েকে কয়েকজন বখাটে উত্ত্যক্ত করে। প্রতিবাদ করলে যদি মেয়ের পড়ালেখা বাধাগ্রস্ত হয়, তাই তিনি প্রতিবাদ করেননি। কিন্তু এখন তিনি মেয়ের পিছু পিছু স্কুলে আসেন। উপজেলার পাঁচ দেউলী গ্রামের এক ছাত্রীর বাবা জানান, গ্রামের এক বখাটে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত। এ ঘটনায় তিনি ছেলের অভিভাবকের কাছে বিচার চান। এতে ওই বখাটে ক্ষুব্ধ হয়ে তাঁর বাড়িতে হামলা করে চারজনকে জখম করে।সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত বেশ কয়েকজন মহিলাও নাম প্রকাশ করার শর্তে জানান, তাঁরাও মাঝেমধ্যে উত্ত্যক্তের শিকার হন। এদিকে উত্ত্যক্তকারীদের মধ্যে কাঞ্চনপুর গ্রামের মাহ্মুদুল স্বীকার করে, সে ও তার বন্ধু জুয়েল মিলে মেয়েদের যাতায়াতের পথে দাঁড়িয়ে থাকে। তারা ইভ টিজিংয়ের মতো বিষয়টিকে ‘মজা করা’ বলে উল্লেখ করে। মাহ্মুদুল এও স্বীকার করে, তারা কখনো কখনো মেয়েদের ওড়না ধরে পর্যন্ত টান দেয়। এদিকে উত্ত্যক্তকারী যেসব যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে, তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। এলাকাবাসী জানায়, গ্রেপ্তার এড়াতে তারা এলাকা ছাড়া হয়েছে।উপজেলা সীমাবাড়ী এস আর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার সাহা জানান, সমস্যাটি রোধে সামাজিক সচেতনতার পাশাপাশি পুলিশি পদক্ষেপ প্রয়োজন। না হলে মেয়েদের ঘর থেকে বের হওয়াই কঠিন হয়ে যাবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান জানান, যে স্থানগুলোয় মেয়েরা উত্ত্যক্ত হচ্ছে, সেসব জায়গায় পুলিশি টহল জোরদার করা হবে। উত্ত্যক্তের ঘটনায় দায়ের করা অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান, বুলবুল ইসলাম, আলহাজ উদ্দিন জানান, থানায় যতগুলো অভিযোগ এসেছে তার সবগুলোই সত্য। তাঁরা উত্ত্যক্তকারী যুবকদের গ্রেপ্তারের চেষ্টা করছেন বলে জানান।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, পুলিশি তৎপরতার পাশাপাশি অভিভাবকদেরও এসব বখাটেদের প্রতিরোধে এগিয়ে আসতে হবে। ছেলেদের অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। স্থানীয় রাজনৈতিক দলের নেতারাসহ সর্বস্তরের লোকজনকে মেয়েদের শান্তিপূর্ন পথ চলার সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ জানান এ পুলিশ কর্মকর্তা।