অসহায় সাভার প্রশাসন
সাভার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সরকারি দলের নেতা-কর্মীদের আচরণে অনেকটা অসহায়। স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের দ্বন্দ্বে স্থবির প্রশাসনের কার্যক্রম। ক্ষমতাসীন দলের নেতা ও উপজেলা চেয়ারম্যানের হুমকির পর জীবনের নিরাপত্তা চেয়ে এরই মধ্যে পাঁচ কর্মকর্তা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির পর গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাড়া অন্য কোনো কর্মকর্তা উপজেলা কার্যালয়ে যাননি।পাঁচ কর্মকর্তাকে হুমকির পর গতকাল সাভার উপজেলা পরিষদে গিয়ে দেখা গেছে, ইউএনও ছাড়া প্রথম শ্রেণীর অন্য কর্মকর্তাদের চেয়ার খালি। অল্পসংখ্যক কর্মচারী উপস্থিত থাকলেও তাঁদের চোখেমুখে ছিল আতঙ্ক। সাংবাদিকদের কাছে কেউ মুখ খুলতে চাননি।কর্মকর্তাদের হাজির না হওয়ার কারণ জানতে চাইলে ইউএনও রাব্বী মিয়া প্রথম আলোকে বলেন, কর্মকর্তারা অফিসে এলেও বিব্রত হওয়ার আশঙ্কায় নিজের আসনে না বসে আশপাশে ঘুরে বেড়াচ্ছেন।স্থানীয় সূত্র জানায়, সাভার উপজেলা আওয়ামী লীগ এখন দুই ভাগে বিভক্ত। এক পক্ষে ঢাকা-১৯ আসনের সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ, তাঁর সঙ্গে আছেন সাভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, পৌর আওয়ামী লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল গনি। আরেক পক্ষে আছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ কবির। তবে সাংসদের পক্ষই বেশি সক্রিয়।স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফিরোজ কবিরের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পেছনে সাংসদের সমর্থন থাকলেও কিছুদিন যেতে না-যেতেই দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন সরকারি বরাদ্দের টাকার ভাগবাটোয়ারা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ওএমএস কর্মসূচি ও জমি দখলের দালালি নিয়ে দ্বন্দ্বই এসব বিরোধের মূল কারণ বলে জানা গেছে।তবে উপজেলার কর্মকর্তারা জানিয়েছেন, উপজেলা প্রশাসন পুরোপুরি সাংসদ মুরাদের নিয়ন্ত্রণে। চেয়ারম্যান অনেকটা কোণঠাসা। উপজেলা কর্মকর্তাদের কেউ তাঁর কথা শোনেন না। চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রায়ই বিভিন্ন ধরনের কাজের অজুহাতে কর্মকর্তাদের তাঁর কার্যালয়ে ডেকে নিয়ে নির্দিষ্ট হারে কমিশন দাবি করেন। কথা না শুনলে তিনি সরকারি কর্মকর্তাদের গালাগালি করেন, দেখে নেওয়ার হুমকি দেন।সর্বশেষ ২৬ সেপ্টেম্বর এ ধরনের হুমকির পর উপজেলার পাঁচ কর্মকর্তা তাঁর বিরুদ্ধে জিডি করতে বাধ্য হন। এই পাঁচ কর্মকর্তা হলেন সমাজসেবা কর্মকর্তা মো. রকনুল হক, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মনিরুল হক, সাব-রেজিস্ট্রার জিয়াউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুন্নী হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মতিন সরকার।সাব-রেজিস্ট্রার জিয়াউল হক তাঁর ডায়েরিতে উল্লেখ করেন, চেয়ারম্যান ফিরোজ কবির তাঁর কাছে ১৫ হাজার টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে চেয়ারম্যান তাঁকে লাঞ্ছিত করার ভয় দেখান। পরে ভয়ে তিনি ১৫ হাজার টাকা দিতে বাধ্য হন।জিয়াউল হক গতকাল প্রথম আলোকে বলেন, ঈদগাহ ময়দানের জন্য সাব-রেজিস্ট্রি অফিস থেকে প্রতিবছরই চাঁদা দেওয়া হয়। এবারও চাঁদা দেওয়ার জন্য ১০ হাজার টাকা সংগ্রহ করা হয়। কিন্তু উপজেলা চেয়ারম্যান ১৫ হাজার টাকা দাবি করেন। পাঁচ হাজার টাকার জন্য চেয়ারম্যান তাঁকে অফিসে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেন।ইউএনও রাব্বী মিয়া প্রথম আলোকে বলেন, ‘এসব অভিযোগের কথা আমি আগেই শুনেছি।’তবে উপজেলা চেয়ারম্যান এ অভিযোগ অস্বীকার করে বলেন, এত দিন পর কেন এমন অভিযোগ করা হচ্ছে?উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মনিরুল হক প্রথম আলোকে বলেন, উপজেলা চেয়ারম্যান প্রায়ই তাঁকে অফিসে ডেকে নিয়ে তাঁর মাধ্যমে ওএমএসের চাল কালোবাজারে বিক্রির জন্য চাপ দিতেন। তিনি অপারগতা প্রকাশ করলে চেয়ারম্যান তাঁকে নানা ভয়ভীতি দেখাতেন এবং গালাগাল দিতেন। এমনকি তাঁর দাড়ি টেনে তুলে ফেলার হুমকি দেন। জিডিতেও তিনি এসব কথা উল্লেখ করেছেন বলে জানান।খাদ্য কর্মকর্তাকে হুমকির ব্যাপারে উপজেলা চেয়ারম্যান বলেন, সাভারের সাধারণ মানুষ ওএমএসের চাল পায়নি। খাদ্য কর্মকর্তা ডিলারদের সঙ্গে মিলে সব চাল বাজারে বিক্রি করে দিয়েছেন। ওএমএসের চাল নিয়ে জেলা প্রশাসকের নেতৃত্বে সমন্বয় কমিটির যে সভা হয়েছিল, সেখানে তিনি এ অভিযোগ করেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মতিন সরকার অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ কবির ফোনে তাঁকে প্রায়ই গালিগালাজ করতেন এবং লাঞ্ছিত করার হুমকি দেন। তিনি বিভিন্ন প্রকল্পের বিপরীতে আর্থিক সুবিধা দাবি করেন।ইউএনও প্রথম আলোকে বলেন, এ অভিযোগ তিনি আগেই শুনেছেন।তবে চেয়ারম্যান এ অভিযোগ অস্বীকার করে বলেন, গত অর্থবছরে সাভারে টিআর, কাবিখা ও সাংসদের নিজস্ব কোটায় বিভিন্ন খাতে এক হাজার টনের বেশি চাল-গম খরচ করা হয়েছে। চেয়ারম্যান বলেন, ‘খোঁজ নিয়ে দেখুন, কতটুকু কাজ হয়েছে। সব লুটপাট হয়েছে। প্রকল্প কর্মকর্তা আমার অধীনে চাকরি করেন, আমি তাঁর কাছে এর হিসাব চাইতেই পারি। তিনি রোজার সময় উপজেলা চেয়ারম্যানের নামে বরাদ্দ পাওয়া ২৮ কার্টন খেজুর বাজারে বিক্রি করে দিয়েছেন।’তবে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে হুমকি ও গালাগালের ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘আমি ওঁকে হুমকি দিইনি, বকে দিয়েছি। ভুলত্রুটি হলে আমি তাঁকে ধমকাতেই পারি।’ উপজেলা চেয়ারম্যানের বক্তব্যের সূত্র ধরে খোঁজ নিয়ে জানা গেছে, সাভারের বেশির ভাগ প্রকল্পেরই কোনো কাজ হয়নি। ক্ষমতাসীন দলের লোকজন এসব প্রকল্পের বরাদ্দ ভাগ করে নিয়েছেন বলে অভিযোগ আছে।উপজেলা সমাজসেবা কর্মকর্তা রকনুল হক অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যান বিভিন্ন সময়ে তাঁকে অফিসে ডেকে নিয়ে গালাগাল দিতেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুন্নী হোসেনের অভিযোগ, উপজেলা চেয়ারম্যানের অসহযোগিতার কারণে তিনি উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্রী উপবৃত্তি প্রদান প্রকল্পের (পর্যায়-৪) ছাত্রী নির্বাচন ও প্রকল্প বাস্তবায়নের কর্মকৌশল-সংক্রান্ত কর্মশালার আয়োজন করতে পারেননি।কর্মকর্তাদের সব অভিযোগের ব্যাপারে চেয়ারম্যান বলেন, ‘এই পাঁচ কর্মকর্তা বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত, যার প্রমাণ আমার কাছে আছে। তাঁরা সাংসদের সহযোগিতা নিয়ে দুর্নীতি করে বেড়াচ্ছেন। বিভিন্ন সময়ে আমি তাঁদের এসব দুর্নীতি-অনিয়মের কথা তুলে ধরি। এতে সাংসদ ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়েছেন। এর জের ধরেই উপজেলার কর্মকর্তাদের ডেকে নিয়ে সাংসদ জিডি করতে বলেছেন। আমার বিরুদ্ধে ওঁরা যে অভিযোগ করেছেন, তা প্রমাণ করতে না পারলে ওঁদের অসুবিধা হবে।’জানতে চাইলে সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ প্রথম আলোকে বলেন, ‘সাভার প্রশাসনের কর্মকর্তারা ফিরোজ কবিরের অত্যাচারে অতিষ্ঠ। তাঁরা আমার কাছে এসে কান্নাকাটি করেছেন, থানায় মামলা করতে চেয়েছেন। আমি তাঁদের অভিভাবক হয়ে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি। চেয়ারম্যান যে কাজ করেছেন, তাতে তাঁর বিরুদ্ধে মামলা করা যেত। কিন্তু দলের ভাবমূর্তির কারণে আমি মামলা না করে জিডি করার পরামর্শ দিয়েছি।’সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ কবিরের বিরুদ্ধে পাঁচ কর্মকর্তা জিডি করার পর অভিযোগের তদন্ত করা হচ্ছে। তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে কর্মকর্তাদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।ইউএনও রাব্বী মিয়া প্রথম আলোকে বলেন, ‘সাভার উপজেলা পরিষদের ভুক্তভোগী একাধিক কর্মকর্তা বেশ কিছুদিন ধরেই মৌখিকভাবে আমার কাছে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছিলেন। তবে থানায় জিডি করার আগে কোনো কর্মকর্তা আমার সঙ্গে এ ব্যাপারে কোনো কথা বলেননি।’