অসহায়ের সহায় মেস
ফরিদপুর শহরে উচ্চশিক্ষার জন্য পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে এগুলোর শিক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ৪২৭।শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এর মধ্যে গড়ে ৭৪ ভাগ শিক্ষার্থী (প্রায় ১৪ হাজার ৩০২ জন) শহরের বাইরে বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা শহর থেকে পড়াশোনা করতে আসে। পাঁচটি কলেজের মধ্যে বেসরকারি দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ফরিদপুর মহাবিদ্যালয় ও ফরিদপুর সিটি কলেজের কোনো ছাত্রাবাস নেই। বাকি তিনটি সরকারি প্রতিষ্ঠানে মোট নয়টি ছাত্রাবাস ও ছাত্রীনিবাস রয়েছে। এ নয়টি নিবাসে ছাত্রীর সংখ্যা এক হাজার ৮৩। বাকি ১৩ হাজার ২১৯ জন শিক্ষার্থীর আবাসন-সংকটের সমাধান হয় মূলত মেসের মাধ্যমে। খুব অল্পসংখ্যক শিক্ষার্থী আত্মীয়-স্বজনের বাসায় থেকে বা লজিং (জায়গির) থেকে পড়াশোনা চালিয়ে যায়। বাকি সিংহভাগের ভরসা ওই মেস।আর এ কারণেই ফরিদপুর শহরের বিভিন্ন পাড়া, মহল্লা ও অলিগলিতে গজিয়ে উঠেছে সহস্রাধিক মেস।ছাত্রছাত্রীরা মেসের প্রধান নিবাসী হলেও চাকরিজীবী ব্যক্তি, যাঁরা অবিবাহিত বা পরিবার সঙ্গে আনেননি, তাঁদেরও ভরসা ওই মেস। তবে শিক্ষার্থীদের চেয়ে চাকরিজীবীদের মেসের মূল পার্থক্য হচ্ছে শিক্ষার্থীরা কম টাকা খরচ করে সাধারণত টিনের ঘর বা আধাপাকা ঘরে বাস করে। আর চাকরিজীবীরা বাসাবাড়ি বা ফ্ল্যাট নিয়ে বাস করেন।তবে মেসজীবনের সঙ্গে মিশে আছে কয়েক হাজার শিক্ষার্থীর সুখ-দুঃখ আর হাসি-কান্নার কাহিনি।সরকারি রাজেন্দ্র কলেজ: ফরিদপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি রাজেন্দ্র কলেজ। ১৯১৮ সালে এ কলেজ প্রতিষ্ঠা করা হয়। সরকারি করা হয় ১৯৬৮ সালে। এ কলেজের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৫৭০। কলেজে ছাত্রদের জন্য চারটি ছাত্রাবাস রয়েছে। এগুলোয় আবাসিক সুবিধা ভোগ করে ২৮৭ ছাত্র। ছাত্রীদের জন্য রয়েছে দুটি নিবাস। এ দুটির ধারণক্ষমতা ২১৯ জন হলেও বর্তমানে গাদাগাদি করে ছাত্রী আছে ৪৪৪ জন। কলেজ সূত্রে জানা গেছে, এ কলেজের ৭০ ভাগ শিক্ষার্থীই ফরিদপুর শহরের বাইরের বিভিন্ন উপজেলা ও জেলা শহর থেকে পড়তে আসে। তাদের আবাসন-সমস্যার সমাধান হয় শহরের বিভিন্ন মহল্লায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা সহস্রাধিক মেসে।সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ: ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৮০ সালে সরকারি করা মেয়েদের একমাত্র এ সরকারি কলেজের বর্তমান ছাত্রী সংখ্যা দুই হাজার ৭০০। কলেজের চারতলাবিশিষ্ট দুটি ছাত্রীনিবাস রয়েছে। শাপলা নামের ছাত্রীনিবাসে ১১২ জন ছাত্রীর থাকার কথা থাকলেও রয়েছে ১৬৮ জন। শিউলী নামের ছাত্রীনিবাসে ১০৮ জন ছাত্রী থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছে ১৪০ জন।কলেজ সূত্রে জানা গেছে, কলেজে যেসব ছাত্রী পড়াশোনা করছে, তার ৬০ ভাগই ফরিদপুর শহরের বাইরে থেকে আসা।সরকারি ইয়াছিন কলেজ: শহরের টেপাখোলা এলাকায় ১৯৬৭ সালে বেসরকারি উদ্যোগে এ কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৭ সালে এটি সরকারি করা হয়। বর্তমানে কলেজের শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৭৩৩। কলেজে নামকাওয়াস্তে একটি ছাত্রাবাস রয়েছে, যেখানে ৪৪ জন ছাত্র থাকে।কলেজের অধ্যক্ষ মো. ইসাহাক মিয়া বলেন, ‘এ কলেজের প্রায় ৭৫ ভাগ শিক্ষার্থী শহরের বাইরে থেকে আসে। আমরা দীর্ঘদিন ধরে একটি ছাত্রাবাস নির্মাণের উদ্যোগ নিয়েছি। ১০০ শয্যার একটি ছাত্রাবাসের জন্য দুই বছর আগে প্রধান প্রকৌশলী শিক্ষা অধিদপ্তরের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে। বিষয়টি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদকে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন হচ্ছে না।’ফরিদপুর মহাবিদ্যালয়: ১৯৯১ সালে শহরের গোয়ালচামট এলাকায় সাড়ে সাত একর জমির ওপর বেসরকারি উদ্যোগে ফরিদপুর মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজে শিক্ষার্থীর সংখ্যা ৮৭০। এ কলেজের কোনো ছাত্রাবাস নেই।কলেজের অধ্যক্ষ এম এ হালিম বলেন, ‘কলেজের ৮৫ ভাগ শিক্ষার্থীই শহরের বাইরে থেকে আসা। এর মধ্যে কিছুসংখ্যক আশপাশের বিভিন্ন উপজেলা থেকে নিয়মিত বাসে যাতায়াত করে। অন্যরা মেসে থাকে। আমরা মেসের ব্যবস্থা করিনি। শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগেই মেস জোগাড় করে নিয়েছে।’ফরিদপুর সিটি কলেজ: ১৯৯২ সালে স্থাপিত ফরিদপুর সিটি কলেজের বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা ৫৫৪। এ কলেজেরও ছাত্রাবাস নেই। কলেজের ৮০ ভাগ শিক্ষার্থীই শহরের বাইরে থেকে আসে। ছাত্রাবাস না থাকায় শিক্ষার্থীদের বিভিন্ন মেসে থাকতে হয়।শহরের লক্ষ্মীপুর, আলীপুর, খাবাসপুর ও ঝিলটুলি এলাকার বিভিন্ন মেসে থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করে।কলেজের অধ্যক্ষ শহিদুল আহসান বলেন, ‘আমাদের কোনো ছাত্রাবাস নেই, তবে শিক্ষার্থীদের বিভিন্ন মেস পাইয়ে দিতে সহযোগিতা করি। আমরা একটি ছাত্রাবাস নির্মাণের প্রচেষ্টা চালাচ্ছি। বর্তমানে কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ফরিদপুর সদরের সাংসদ, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তাঁর মাধ্যমে আমরা কলেজের জন্য একটি ছাত্রাবাস নির্মাণের উদ্যোগ নিয়েছি।’