অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল বন্ধে সচেতন থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতে কেউ যাতে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করতে না পারে, সে জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা চাই জনগণের ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন ঘটবে। জনগণ যাকে ভোট দেবে, তারাই সরকার গঠন করবে।’ গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির (নোয়াব) নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বৈঠকে প্রধানমন্ত্রী সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করে দেওয়া উচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে দেশে গণতন্ত্রকে আরও সুসংহত করার পথ সুগম হয়েছে। ভবিষ্যতে কোনো অগণতান্ত্রিক শক্তি যাতে ক্ষমতা দখল করতে না পারে, সে জন্য গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ সংসদীয় কমিটির কথা উল্লেখ করে বলেন, দেশে গণতান্ত্রিক ও সাংবিধানিক শাসনব্যবস্থা সুসংহত করতে এমনভাবে সংবিধান সংশোধন করা হবে, যাতে কেউ আর অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় আসতে না পারে। শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য নিরবচ্ছিন্নভাবে গণতান্ত্রিক শাসনব্যবস্থার অপরিহার্যতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, গণতন্ত্র ছাড়া কখনোই একটি দেশের উন্নয়ন সম্ভব নয়।নোয়াবের নেতারা বর্তমান সরকারের আমলে নেওয়া সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে বলেন, তাঁরা এ ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা দেবেন। বৈঠকে নোয়াবের নেতারা সংবাদশিল্পের, বিশেষ করে আমদানিকৃত নিউজপ্রিন্টের মূল্য বৃদ্ধি, নিউজপ্রিন্টের ওপর থেকে কর কমানো, সরকারি বিজ্ঞাপনের বাজেট বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শেখ হাসিনা এসব সমস্যা সমাধানের ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন।প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দাসহ বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে দেশকে স্বাভাবিক ও স্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে আসা খুব কঠিন ছিল। তবে সরকার দেশের সার্বিক অবস্থার উন্নতি ঘটাতে সক্ষম হয়েছে। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে। বিগত সরকারের আমলে জঙ্গিবাদ ও সন্ত্রাসের দেশ হিসেবে বাংলাদেশের যে পরিচিতি ছিল এখন আর তা নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগ বেড়েছে। তিনি বলেন, ‘দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় বিপুলসংখ্যক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে আমাদের প্রধান সমস্যা হচ্ছে গ্যাস ও বিদ্যুত্সংকট। এ সমস্যা সমাধানের জন্য সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।’ ইতিমধ্যে এক হাজার মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। দি ইন্ডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক ও নোয়াবের সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দৈনিক ইত্তেফাক-এর আনোয়ার হোসেন মঞ্জু, ডেইলি স্টার-এর মাহফুজ আনাম, নিউজ টুডের রিয়াজ উদ্দিন আহমেদ, মানবজমিন-এর মতিউর রহমান চৌধুরী, সমকাল-এর এ কে আজাদ, সংবাদ-এর আলতামাস কবির, পূর্বকোণ-এর তসলিম উদ্দিন আহমেদ, আজাদীর আবদুল মালেক, প্রথম আলোর মতিউর রহমান প্রমুখ।প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জেনারেল জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় বসে দেশে অসাংবিধানিক শাসন চালু করেন। বঙ্গবন্ধুকে হত্যার পর প্রবাসে নির্বাসিত সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি দেশে ফিরে আন্দোলন-সংগ্রাম করতে পারি এ ভয়ে আমাকে দেশে ফিরতে দেওয়া হয়নি। পরে দল আমাকে সভাপতি নির্বাচিত করায় দেশে ফিরতে দিতে বাধ্য হয়।’প্রধানমন্ত্রী সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করার লক্ষ্যে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। কৃষিতে ভর্তুকির অর্থ সরাসরি কৃষকদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে ১০ টাকা দিয়ে ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা হয়েছে। শেখ হাসিনা বলেন, বিশ্বমন্দা সত্ত্বেও দেশে রেমিট্যান্স (প্রবাসী-আয়) বৃদ্ধি পেয়েছে। বিদেশে শ্রমিক পাঠানোর ব্যাপারে খাতওয়ারি প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি একনেক ৩৭টি প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে। খবর বাসস ও ইউএনবির।