অসাংবিধানিক কর্মকাণ্ড প্রশ্রয় দেবে না সশস্ত্র বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে নিজেদের শপথ অনুযায়ী দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী। সরকারের প্রতি অনুগত থেকেই তারা কাজ করে যাবে। কোনো ধরনের অসাংবিধানিক কর্মকাণ্ড প্রশ্রয় দেবে না।গতকাল সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির ২৩তম বৈঠকে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা এ অঙ্গীকারের কথা বলেন। বৈঠকের মূল আলোচ্য ছিল ‘দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা’।বৈঠক শেষে কমিটির সভাপতি ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, সংসদীয় কমিটির বৈঠকে দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে তিন বাহিনীর প্রধানেরা বলেছেন, সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে তাঁরা তাঁদের শপথ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।বেলা ১১টায় সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এ বৈঠকে সভাপতিত্ব করেন ইদ্রিস আলী। কমিটির সদস্য সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও মঞ্জুর কাদের কোরাইশী বৈঠকে উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈঠকে বিশেষ আমন্ত্রণে সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব ও বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, প্রভোস্ট মার্শাল ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রাজ্জাক ও প্রধানমন্ত্রীর প্রতিনিধি এম এ মান্নান বৈঠকে উপস্থিত ছিলেন। গত ২৪ মার্চ বগুড়ায় এক জনসভায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেন, ‘আমাদের সেনাবাহিনী বিদেশে শান্তিরক্ষায় কাজ করে। দেশে কোনো বিশৃঙ্খলা হলে তারা বসে থাকবে না। তারা সময়মতো দায়িত্ব পালন করবে।’ তাঁর ওই বক্তব্যের পর ক্ষমতাসীন দলের নেতারা অভিযোগ করেন, খালেদা জিয়া দেশে সেনাশাসন আনার উসকানি দিচ্ছেন। এরপর ২৮ মার্চ সেনাকুঞ্জে তিন বাহিনীর প্রায় এক হাজার কর্মকর্তার সামনে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে গণতন্ত্র রক্ষায় অন্যান্য প্রাতিষ্ঠানিক শক্তির মতো সশস্ত্র বাহিনীকে যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেন তিনি।সংসদীয় কমিটির বৈঠকে খালেদা জিয়ার এসব বক্তব্যকে ‘উসকানিমূলক’ উল্লেখ করে তাঁর সমালোচনা করেন সদস্যরা। সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা হয়। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, সংবিধান ও সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেই আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব। বৈঠকে এ বিষয়ে আলোচনার সূত্রপাত করে ইদ্রিস আলী বলেন, বিরোধীদলীয় নেতা বগুড়ায় যে বক্তব্য দিয়েছেন, তা উসকানিমূলক। তিনি সংবিধান-পরিপন্থী কাজ করেছেন।এ ধরনের বৈঠকে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতি সরকারের রাজনৈতিক স্বার্থে ব্যবহার কি না, জানতে চাইলে সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘সংসদীয় কমিটি তাঁদের ডাকতেই পারে। দেশের চলমান পরিস্থিতিতে এ ধরনের আলোচনা হতেই পারে। আমি কমিটিতে থাকার সময়েও তিন বাহিনীর প্রধানেরা এসেছিলেন।’তবে সাবেক সেনাপ্রধান জেনারেল মাহবুবুর রহমান বলেন, ‘তিন বাহিনীর প্রধানদের নিয়ে এ ধরনের আলোচনা মানেই মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেওয়া। এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা। এটা না করলেই ভালো হতো।’বৈঠক সূত্র জানায়, সভাপতির পর কমিটির সদস্য এইচ এম এরশাদ বক্তব্য দেন। তিনি বলেন, গণজাগরণ মঞ্চ ইসলাম, নবী (সা.) ও ধর্ম সম্পর্কে কটূক্তি করার কারণে হেফাজতে ইসলামের সৃষ্টি হয়েছে। গণজাগরণ মঞ্চ যদি দুই থেকে চারটি সমাবেশ করার পর বন্ধ হয়ে যেত, তাহলে হেফাজতের সৃষ্টি হতো না। শাহবাগের আন্দোলনের প্রতিক্রিয়া থেকে হেফাজতে ইসলামের সৃষ্টি হয়েছে। জাগরণ মঞ্চের কথামতো পতাকা উঠেছে, স্কুল-কলেজ চলেছে; যেন তারা পাল্টা সরকারব্যবস্থা তৈরি করেছে। এসব কর্মকাণ্ড গণতান্ত্রিক হতে পারে না। তাদের সঙ্গে নাস্তিক ব্লগাররা যোগ দিয়েছে।এরশাদের এই বক্তব্যের সঙ্গে কমিটির সদস্যরা দ্বিমত পোষণ করেন। এরশাদের বক্তব্যের জবাবে ইদ্রিস আলী বলেন, ‘ইসলামের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। কোনো মানুষ ইসলামকে হেফাজত করতে পারে না। তাদের এ দায়িত্ব কে দিয়েছে? ইসলাম নিয়ে যদি কেউ বিচলিত হয়, তবে ধরে নিতে হবে, তার ইমানের শক্তি দুর্বল।’এ বিষয়ে ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, ‘কমিটি বলেছে, কেউ যদি অপরাধ করে থাকে, সেটা আমার দেশ পত্রিকা করেছে। তারা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। সারা দেশে ব্লগারের সংখ্যা তো হাতে গোনা। এদের মধ্যে সবাই তো আর নাস্তিক নয়। সুতরাং, ঢালাওভাবে শাহবাগ আন্দোলন বা ব্লগারদের দোষ দেওয়াটা অন্যায়।’এ সময় কমিটির সদস্যরা হেফাজতে ইসলামের কর্মসূচিতে জাতীয় পার্টির পক্ষ থেকে খাবার ও পানি সরবরাহের কারণ সম্পর্কে জানতে চান। এর ব্যাখ্যায় এরশাদ কমিটিকে বলেন, ‘ওরা তো জামায়াত নয়। কোনো প্রকৃত মুসলমান জামায়াতে ইসলামী করতে পারে না। প্রকৃত মুসলমান হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ওদের পানি আর খাবার সরবরাহ করেছি। তা ছাড়া আমিও তো একটা দল করি। জনমত সৃষ্টির জন্য আমাকে কাজটি করতে হয়েছে। আমি না করলে অন্য কেউ তো সেই সুযোগ নিত।’ তিনি আরও বলেন, ‘আমি সরকারের সঙ্গে আছি, সরকারের সঙ্গেই থাকব।’বৈঠক সূত্রে জানা গেছে, এ সময় জেনারেল ইকবাল করিম ভূইয়া বলেন, ‘চাকরিতে যোগদানের সময় আমরা শপথ নিয়েছিলাম, নিজেদের জীবন দিয়ে হলেও সংবিধান সমুন্নত রাখব। এর কোনো ব্যতিক্রম হবে না। প্রধানমন্ত্রী যেভাবে দিকনির্দেশনা দেবেন, সেভাবেই আমরা কাজ করে যাব।’ ভাইস অ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব বলেন, ‘সরকার আমাদের ওপর যে দায়িত্ব দেবে, আমরা তা করে যাব। এর কোনো ব্যত্যয় হবে না।’ এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী বৈঠকে বলেন, ‘আমরা সরকারের প্রতি অনুগত থেকেই কাজ করে যাব।’ বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও বলেন, তিন বাহিনীর প্রধানদের মতোই সশস্ত্র বাহিনীর বক্তব্য।বৈঠকের ব্যাপারে সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে সরকার উৎখাতের অপচেষ্টার সঙ্গে জড়িত পলাতক ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হয়।গতকালের বৈঠকে আগের বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়। বৈঠক সূত্র জানায়, গত বছরের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত কমিটির ২২তম বৈঠকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের তৎকালীন প্রধান মেজর জেনারেল শেখ মামুন খালেদ জানিয়েছিলেন, সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত সেনাবাহিনীর মেজর জিয়াউল হকের অবস্থান জানা গেছে। তবে তিনি সেই দেশের নাম উল্লেখ না করে বলেন, সংশ্লিষ্ট দেশের মাধ্যমে তাঁকে ফিরিয়ে আনার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ছাড়া পলাতক বেসামরিক সদস্য ইশরাকের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি বলে তিনি জানান।ওই বৈঠকে উপস্থিত চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মইনুল ইসলাম বলেন, মেজর জিয়া নিখোঁজ থাকার ব্যাপারে তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি পর্যন্ত করা হয়নি। তাঁর বিস্তারিত তথ্য পুলিশের কাছে দিয়ে তাঁকে গ্রেপ্তারের তল্লাশি জোরদার করা যেতে পারে। এ ছাড়া ইন্টারপোলের মাধ্যমে তাঁকে গ্রেপ্তারের সহায়তার কথা বলেন তিনি। বৈঠকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রেশন-ভাতা বাড়ানোর বিষয় নিয়েও আলোচনা হয়।